ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

‘সাংবাদিকরা এখানে কেন’, দীপের রিমান্ড শুনানির আগে বিচারকের প্রশ্ন


‘সাংবাদিকরা এখানে কেন’, দীপের রিমান্ড শুনানির আগে বিচারকের প্রশ্ন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালত ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রিমান্ড শুনানির সময় বিচারক প্রশ্ন তোলেন, ‘সাংবাদিকরা এখানে কেন’। এরপর তিনি সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই ঘটনা ঘটে।

শুনানির শুরুতে এজলাসে সাংবাদিকদের উপস্থিতি দেখে বিচারক ক্ষুব্ধ হয়ে ওঠেন। সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢুকতে পারেন? শুনানির পর পিপি-এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান। আপনারা থাকতে পারবেন না।’

আরও পড়ুন: সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

বিচারক পুলিশকে নির্দেশ দেন, ‘সব ক্লিয়ার করেন, কেউ থাকবে না ভেতরে।’ পরে সাংবাদিকরা এজলাসের পেছনে একপাশে গিয়ে দাঁড়ান এবং শুনানি শুরু হয়।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও সাবেক জেলা জজ শাহজাহান সাজু এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, এটা যেহেতু ক্যামেরা ট্রায়াল নয়, ওপেন ট্রায়াল। তাই শুধু সাংবাদিকরা নয়, পাবলিকও থাকতে পারবে। সাংবাদিকরা জাতির দর্পণ এবং ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন। ওপেন ট্রায়ালে তাদের উপস্থিতি জাতিকে জানাতে সহায়তা করবে। সুতরাং সাংবাদিকদের এজলাস থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া ঠিক হয়নি।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন দীপকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে তিনি উল্লেখ করেন, প্রথম দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি অত্যন্ত চতুর প্রকৃতির। তাই তিনি জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান এবং নীরবতা পালন করেন। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে আদালতকে জানান, মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে আসামিকে ফের রিমান্ডে নেওয়া প্রয়োজন। তদন্ত কর্মকর্তা জানান, আসামির সঙ্গে মামলার ভুক্তভোগীর গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। আসামি সুকৌশলে মামলার গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাচ্ছেন। সিসিটিভি ফুটেজ এবং কথোপকথন বিশ্লেষণ করা প্রয়োজন। এছাড়া, এই মামলার সঙ্গে অন্য কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জড়িত কি না, তা জানার জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে রাজু নামে কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার

এ দিন আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। উল্লেখ্য, এই মামলায় গ্রেপ্তারের পর গত শনিবার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। একই মামলায় গ্রেপ্তার হওয়া এক তরুণী বর্তমানে চার দিনের রিমান্ডে আছেন। গত রবিবার তার রিমান্ড মঞ্জুর হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন সিনেমা 'আবার দেখা হলো'তে চঞ্চল-তুষি, থাকছেন সিয়ামও

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


নতুন সিনেমা

‘হাওয়া’ সিনেমায় চঞ্চল চৌধুরী এবং নাজিফা তুষির মধ্যে রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। এরপর ‘প্রেশার কুকার’ এবং ‘আন্ধার’ সিনেমায় তাদের একসঙ্গে কাজ করার খবর নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। এবার তারা একটি নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘আবার দেখা হলো’ নামের সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। এই সিনেমায় চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি সিয়ামও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সিনেমা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ছবিটির নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

জানা গেছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড। নির্মাতা ও প্রযোজকেরা পরিকল্পনা করছেন, আগামী ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য কাজ এগিয়ে নিয়ে যেতে।

সিনেমাটিতে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহও থাকছেন। এছাড়া আরও কিছু তারকা যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে তাদের চরিত্র বা সিনেমায় উপস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

অন্যদিকে, নতুন কাজের বিষয়ে নাজিফা তুষি মন্তব্য করেন, ‘আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা বিনা টিকিটে জাদুঘরে ঢুকতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


১ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা বিনা টিকিটে জাদুঘরে ঢুকতে পারবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিনা টিকিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পেতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ কার্যক্রম শুরু হবে।

শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত, পরিবহন ও খাবারের দায়িত্ব পালন করবে ডিএসসিসি। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করবে সংস্থাটি।

অন্যদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গাইডেড ট্যুর, জাদুঘর ও প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ নানা শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করবে। শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবারের সন্তান ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রাথমিকভাবে চুক্তিটি স্বাক্ষরের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে পর্যালোচনার ভিত্তিতে এর মেয়াদ ও পরিধি বাড়ানো হতে পারে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হবে। ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম জানান, পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১৯১ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১৯১ মামলা

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকা শহরে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টার মধ্যে ২ হাজার ১৯১টি মামলা দায়ের করেছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি এবং ২৩টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৫টি সিএনজি এবং ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৭৫টি সিএনজি এবং ২১২টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ২৭টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ৩টি সিএনজি এবং ১২০টি মোটরসাইকেলসহ মোট ২৯৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি এবং ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজি এবং ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৮টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৮৩টি সিএনজি এবং ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৪৩০টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৬টি ট্রাক, ২৭টি কাভার্ড ভ্যান, ৪২টি সিএনজি এবং ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৬টি মামলা হয়েছে।

এছাড়া, অভিযানের সময় ৬৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৪২২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডির ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ধানমন্ডির ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর ধানমন্ডির ১৪ তলা ভবনে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার পর ধানমন্ডি ১০/এ এর ২৮ নম্বর ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। বিকেল সোয়া ৪টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

কন্ট্রোল রুমের পক্ষ থেকে আরও জানানো হয়, পলাশী ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত দুটি ইউনিট সাহায্যের জন্য পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।

এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এবং কেন আগুনের সূত্রপাত ঘটেছে, সে বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%