প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষকরা ফসলের ভালো ফলনের প্রত্যাশায় জমিতে রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক এবং বিভিন্ন ধরনের গ্রোথ রেগুলেটর ব্যবহার করছেন। তবে বাজারে ভেজাল ও নিম্নমানের কৃষি উপকরণের প্রাদুর্ভাবে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় তাঁদের বাড়তি উৎপাদন ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে। বিশেষ করে জিংক, বোরন ও জিপসাম সারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব উপকরণ ব্যবহারের পরও আশানুরূপ ফলন না পাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কিছু কৃষক চাষাবাদ কমিয়ে দিচ্ছেন, আবার কেউ কৃষিকাজ ছেড়ে দেওয়ার চিন্তা করছেন।
কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বাড়ছে, অন্যদিকে প্রয়োজনের সময় বাজারে সার পাওয়া যাচ্ছে না। আবার বেশি দাম দিয়ে সার ও কীটনাশক কিনলেও অনেক সময় কার্যকারিতা মিলছে না। ফলে উৎপাদন খরচ বাড়লেও ফলন বাড়ছে না।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মৌসুমে জেলায় ১ লাখ ১৩ হাজার ২১৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২০৫ হেক্টরে। অর্থাৎ এক বছরে আমন আবাদের জমি কমেছে ১০ হেক্টর। তবে কৃষি বিভাগের দাবি, এসব জমির কিছু অংশে আমনের পরিবর্তে আগাম সবজি চাষ করছেন কৃষকরা। অন্যদিকে, গত মৌসুমে জেলায় ২২ হাজার ৪০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। চলতি মৌসুমে ২২ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ২৫৬ হেক্টর জমিতে আলু চাষ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উৎপাদন খরচ বৃদ্ধি, সার ও কীটনাশকের উচ্চমূল্য, নিম্নমানের কৃষি উপকরণ এবং বাজারে পর্যাপ্ত তদারকির অভাব কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও কোম্পানি অধিক মুনাফার আশায় ভেজাল ও মানহীন কৃষি উপকরণ বাজারজাত করছে। আসল ও নকল পণ্য চেনার উপায় না থাকায় অনেক কৃষক দোকানদার ও কোম্পানির প্রতিনিধিদের পরামর্শের ওপর নির্ভর করে এসব উপকরণ কিনছেন। এতে প্রতারিত হওয়ার পাশাপাশি বাড়তি খরচের বোঝাও বহন করতে হচ্ছে তাঁদের।
ডোমার উপজেলার কাজীরহাট এলাকার কৃষক আনারুল ইসলাম বলেন, "এক বিঘা জমিতে আমন ধান চাষ করতে বর্তমানে প্রায় ১৩ হাজার টাকা খরচ হয়। এতে ১৮ থেকে ১৯ মণ ধান পাওয়া যায়।" তিনি আরও বলেন, "সেই ধান বিক্রি করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।" চাষাবাদ শুরুর সময় ধারদেনা করে জমিতে ধান লাগাতে হয়েছে। এরপর জমিতে নিড়ানি, রাসায়নিক সার, কীটনাশকসহ বিভিন্ন উপকরণ দিতে হয়। কিন্তু প্রয়োজনের সময় বাজারে সার পাওয়া যায় না। দোকানে পাওয়া গেলেও বেশি দাম দিয়ে কিনতে হয়। আগাছানাশক ব্যবহার না করলেও ভালো ফলন পাওয়া যায় না। সব মিলিয়ে চাষাবাদের খরচ বেড়েই চলেছে।
একই এলাকার কৃষক বজলুর রশিদ বলেন, "দোকান থেকে ভালো সার কিনে জমিতে দিলেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না।" তিনি জানান, "সারের ভেতরে কী উপাদান রয়েছে, তা তাঁদের জানা নেই।" জমিতে সার দেওয়ার পর ভালো ফলন না হলে আবারও সার প্রয়োগ করতে হয়। কয়েক বছর আগে যে পরিমাণ সার দিয়ে চাষাবাদ করা যেত, এখন তার চেয়ে বেশি দিতে হচ্ছে। বর্তমানে এক বিঘা আমন জমিতে প্রায় ৬০ কেজি সার প্রয়োগ করতে হয়। এর পাশাপাশি কীটনাশক, জিংক, বোরন ও জিপসাম ব্যবহার করেও আশানুরূপ ফলন মিলছে না।
সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, "জমিতে বিভিন্ন ধরনের সার দেওয়ার পাশাপাশি বোরন, জিংক ও জিপসাম ব্যবহার করেও ভালো ফল পাওয়া যাচ্ছে না।" তিনি অভিযোগ করেন, "অধিক মুনাফার আশায় কিছু খুচরা ব্যবসায়ী নকল সার বিক্রি করছেন।" এসব সারের গুণগত মান যাচাই ও বাজার তদারকি বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, "কোন ফসলে কী পরিমাণ সার দিতে হবে, কখন কোন সার প্রয়োগ করতে হবে কিংবা পোকা দমনে কী ধরনের কীটনাশক প্রয়োজন, তা অনেক কৃষক জানেন না।" ফলে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শের ওপর নির্ভর করতে হয়। তাঁরা নিজেদের কোম্পানির পণ্য ভালো বলে প্রচার করেন। অনেক সময় একটি পোকা দমনে একাধিক কোম্পানির কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এতে কৃষকের উৎপাদন ব্যয় আরও বেড়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সার ও কীটনাশক ব্যবসায়ী জানান, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কম দামে মানহীন জিংক, বোরন ও জিপসাম সার সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছেন। তাঁদের দাবি, "এক কেজির একটি নকল সারের প্যাকেট ৭০ টাকায় কিনে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।" অথচ আসল জিংক, বোরন ও জিপসাম সার কিনতেই প্রতি প্যাকেটে প্রায় ১২৫ টাকা খরচ হয়। পরিবহনসহ অন্যান্য ব্যয় যোগ করে তা প্রায় ১৫০ টাকায় বিক্রি করতে হয়।
তাঁরা আরও জানান, কিছু অসাধু ব্যবসায়ী নকল সারের প্যাকেট এমনভাবে তৈরি করছেন, যা দেখতে আসল কোম্পানির মোড়কের মতো। ফলে সাধারণ কৃষকদের পক্ষে আসল-নকল চেনা কঠিন হয়ে পড়েছে। বাজারে এসব পণ্য শনাক্ত করতে নিয়মিত অভিযান, নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, ভালো ফলনের আশায় অতিরিক্ত রাসায়নিক সার, হরমোন, আগাছানাশক ও রোগবালাই দমনের উপকরণের ব্যবহারের প্রবণতা ফসল ও মাটির স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। প্রয়োজনের তুলনায় বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে দীর্ঘ মেয়াদে মাটির স্বাভাবিক গুণাগুণ, উর্বরতা ও উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। জিংক, বোরন ও জিপসামের মতো উপাদান ফসলের পুষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেগুলোর গুণগত মান এবং সঠিক মাত্রায় প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম বলেন, কৃষকরা সাধারণত ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ব্যবহার করেন। তাঁদের ডিএপি সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে অনেক কৃষক এখনো টিএসপি ব্যবহার করছেন। এ ছাড়া বোরন, জিংক ও ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন ধরনের সার প্রয়োগ করেন তাঁরা। ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারে ভেজাল মেশানোর সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
ভেজাল ও অতিরিক্ত সার ব্যবহারের বিষয়ে শাহিনা বেগম বলেন, বেশি ফলনের আশায় অনেক কৃষক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার প্রয়োগ করেন। এতে একদিকে তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। কৃষকদের সুষম মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি জৈব সার ও কেঁচো সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এসব সার ব্যবহার করলে রাসায়নিক সারের ব্যবহার কমিয়েও ভালো ফলন পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্যের চাহিদাও বাড়ছে। অন্যদিকে কৃষিজমির পরিমাণ কমে যাওয়ায় অল্প জমিতে অধিক ফলন ফলানোর চাপ তৈরি হয়েছে। এ কারণে কৃষকরা হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের ফসল চাষ করছেন। এসব ফসলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। সেগুলো দমনে কীটনাশক ব্যবহারের প্রয়োজন হলেও তা সঠিক সময়ে, সঠিক নিয়মে ও নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে।
কৃষকদের সচেতনতার বিষয়ে তিনি বলেন, অনেক কৃষক কৃষি কর্মকর্তাদের পরামর্শ না নিয়ে কীটনাশকের দোকানদারের কথায় বিভিন্ন ধরনের ওষুধ কিনে জমিতে প্রয়োগ করেন। এতে অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। কীটনাশক ব্যবহারের আগে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ নেওয়া উচিত। রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে জৈব বালাইনাশক ও বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহারের পরামর্শ দেন তিনি।
শাহিনা বেগম বলেন, কৃষি বিভাগ ও কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে কৃষকদের সহযোগিতা করছেন। তবে কিছু দোকানদার অধিক বিক্রির আশায় কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক দিয়ে থাকেন। এ বিষয়ে কোম্পানিগুলোর সঙ্গে কথা বলা হয়েছে, যাতে তারা কৃষকদের অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহারে উৎসাহিত না করেন। কেউ ভেজাল সার বা কীটনাশক বিক্রি কিংবা ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, মাটির গুণাগুণ ও উর্বরতা রক্ষায় সুষম সার ব্যবস্থাপনা এবং মাটির স্বাস্থ্য পরীক্ষা করে সার প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন মৃত্তিকাবিজ্ঞানীরা। তাঁদের মতে, মাটির বিভিন্ন স্তরে কী পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে, সে সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক কৃষক অনুমাননির্ভর সার প্রয়োগ করেন। হাইব্রিড ও উচ্চফলনশীল ফসলের ক্ষেত্রে প্রয়োজনীয় সার ও পুষ্টি উপাদানের মাত্রা সম্পর্কে যথাযথ প্রশিক্ষণের অভাবও রয়েছে। ফলে অপরিকল্পিত ও অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাভাবিক গুণাগুণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।
রংপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম আমিনুল ইসলাম বলেন, প্রতি বছর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সন্দেহজনক সার পরীক্ষার জন্য তাঁদের গবেষণাগারে পাঠানো হয়। এর মধ্যে জিংক ও বোরন সার রয়েছে। এসব নমুনা পরীক্ষা করে গুণগত মান সম্পর্কে প্রতিবেদন দেওয়া হয়। কোনো সারে ভেজাল বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানিকে অবহিত করার দায়িত্ব জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পাশাপাশি কৃষকদেরও সচেতন করতে হবে।
তিনি বলেন, প্রতিবছর পরীক্ষার জন্য আসা জিংক ও বোরন সারের কিছু নমুনায় ভেজালের প্রমাণ পাওয়া যাচ্ছে। এসব সার জমিতে অল্প পরিমাণে ব্যবহার করা হলেও তাতে প্রয়োজনীয় উপাদান না থাকলে গাছ প্রত্যাশিত পুষ্টি পায় না। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ কে এম আমিনুল ইসলাম আরও বলেন, জিংক সারে প্রয়োজনীয় মাত্রায় জিংক না থেকে অন্য কোনো উপাদান থাকলে তা মাটির জন্য ক্ষতিকর হতে পারে। জিংক ও বোরন সারে নির্ধারিত মাত্রায় প্রয়োজনীয় উপাদান থাকা জরুরি। অন্যথায় কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাটির গুণাগুণও নষ্ট হতে পারে। জৈব সার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জৈব সার প্রয়োগ করলে রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমে আসে। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ফসলের উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ে।
কৃষকদের দাবি, সার ও কীটনাশকের গুণগত মান নিশ্চিত করতে বাজারে নিয়মিত অভিযান, নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা জোরদার করতে হবে। ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি কৃষকদের জন্য মানসম্মত কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সার ও কীটনাশকের সঠিক ব্যবহার বিষয়ে পরামর্শ দিতে হবে। একই সঙ্গে অতিরিক্ত দামে সার বিক্রি এবং ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচ বাড়তে থাকলে অনেকেই চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবেন। এতে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, সামগ্রিক কৃষি উৎপাদনও ঝুঁকির মুখে পড়তে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন