প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের পক্ষে একজন আপোষহীন নেতা। তিনি তার জীবদ্দশায় মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি সাদামাটা জীবনযাপন করেছেন। গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করে রাজনীতি করা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ভাসানীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আবু হানিফ বলেন, ২০২১ সালে এই মাজারে ফুল দিতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছিল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুরসহ নেতাকর্মীরা। আজকের দিনেও সেই সন্ত্রাসীরা পলাতক রয়েছে। তারা শুধু পলাতক নয়, বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ।
তিনি আরও বলেন, এখন পলাতক অবস্থায় বিদেশ থেকে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা ককটেল বিস্ফোরণ করে, বাসে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে ফেরার স্বপ্ন দেখছে। একটি কথা পরিষ্কার, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, ২০২১ সালে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসে গণঅধিকার পরিষদের সভাপতিসহ আমাদের উপর ছাত্রলীগ বর্বরোচিত হামলা করেছিল। সেই হামলায় মামলা হয়েছে। এখনো পর্যন্ত আসামীদের গ্রেপ্তার করা হয়নি। অনতিবিলম্বে আসামীদের গ্রেপ্তার করা হোক।
তিনি আরও বলেন, ফ্যাসীবাদী আওয়ামী লীগ দিল্লী তে বসে থেকে দিল্লীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কাজ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসীবাদী আওয়ামী লীগ দিল্লীর অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। ছাত্র শ্রমিক জনতা ফ্যাসীবাদীর বিরুদ্ধে রাজপথে আছে।
উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সেলের আহবায়ক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, মাওলানা ভাসানী নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করে গেছেন। তিনি রাজনীতির আলোকবর্তিকা হাতে গ্রাম থেকে গ্রামান্তরে আলো ছড়িয়েছেন। তিনি সারাজীবন মেহনতি মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, দূর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ সহ সম্পাদক এডভোকেট রাসেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রহমান শাওন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সভাপতি এডভোকেট সুজন, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সিনিয়র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানাসহ জেলার নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন