০৮:৪৮ পি.এম
অধিকাংশ পরিবহন মালিক পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা এবং নাশকতার আশঙ্কার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। শনিবার বিকেল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হতে শুরু করেছে। তবে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন বিকল্প পথে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে।
খুলনা বাস টার্মিনালের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির ঘোষণার পর শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন করে কোনো টিকিট বিক্রি করেনি সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন শনিবার বিকেলে বলেন, "লকডাউন কর্মসূচির ঘোষণায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।" তিনি জানান, শনিবার দুপুরে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বর্তমানে বাসটির অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ আবার এ রুটে বাস চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত
অন্যদিকে, খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. আব্দুল কাদের জানান, শনিবার সকাল থেকে তাদের বাস চলাচল করেছে। তবে সন্ধ্যার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ রুটে বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, "যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা বিবেচনা করে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকার উদ্দেশে বাস চলাচল করবে।
তিনি আরও জানান, "গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে।" এ বিষয়ে সন্ধ্যায় একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। তবে আপাতত গোপালগঞ্জ রুটে কোনো বাস চলাচল করবে না বলে তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।
আরও পড়ুন: দেবহাটায় কিশোর-তরুণদের জন্য সুরক্ষা সচেতনতামূলক ক্রীড়া উৎসব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন