প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে নতুন ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে। নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর দাবি করেছেন, এতে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নির্মাতা ও শুটিং ইউনিটের সদস্যরা পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নির্মাতা নির্ঝর শুটিংয়ে অভিনেতার অনুপস্থিতি এবং আর্থিক ক্ষতির বিস্তারিত তুলে ধরেন।
নির্মাতার অভিযোগ, ২১ নভেম্বর ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পাভেলের। সে অনুযায়ী, শুটিংয়ের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়। অভিনেতাকে সেটে নিয়ে আসার জন্য একটি গাড়ি দিনভর তাঁর বাসার নিচে অপেক্ষা করছিল। অন্যদিকে, প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিটও অপেক্ষায় ছিলেন। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও পাভেলের কোনো সাড়া পাওয়া যায়নি।
এমনকি, তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় রয়েছেন কি না, সেটিও কাউকে জানাননি বলে অভিযোগ করেছেন নির্মাতা। শেষ পর্যন্ত অভিনেতার দেখা না পেয়ে তাঁর বাসার নিচে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা।
নির্ঝর জানান, প্রায় দুই মাসের চেষ্টায় অভিনয়শিল্পীদের শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ নভেম্বর থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হয়। এর আগে ১৫ নভেম্বরও পাভেলের শুটিংয়ের শিডিউল ছিল। সেদিনও সেট প্রস্তুত করে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে দিনভর অপেক্ষা করেও তাঁকে পাওয়া যায়নি। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়।
নির্মাতার ভাষ্য, পরবর্তী সময়ে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি বিবেচনায় নিয়ে নাটকের কাজ এগিয়ে নিতে তাঁকে নিয়ে আবারও শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ নভেম্বর শুটিংয়ে অংশ নেন অভিনেতা। তবে ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ করেছেন নির্ঝর।
সব মিলিয়ে শুটিং সেট ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নির্মাতা। বিষয়টি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশকেও অবহিত করেছেন। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন নির্ঝর।
ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেছেন নির্মাতা। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটির কাজ শেষ করার আর কোনো উপায় নেই। গল্প কিংবা নির্মাণের মানের সঙ্গে আপস করে কাজ শেষ করতে চান না তিনি।
‘হাঙামা’ ধারাবাহিকে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া, তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়াসহ আরও অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন