প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানের লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি উদ্বোধনের ছয় বছর পরেও কার্যকর হয়নি। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি স্থানীয় জনগণের জন্য কোনো উপকারে আসছে না।
বান্দরবানের লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছিল বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রঙিন ফিতা কেটে। পাহাড়ের প্রান্তিক জনপদের মানুষের মনে সেদিন আশার আলো জেগেছিল, কারণ তারা ভেবেছিল ঘরের কাছেই মিলবে নিরাপদ প্রসবসেবা ও নবজাতকের জরুরি চিকিৎসা। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘ ছয়টি বছর কেটে গেছে। জনবল নিয়োগের অভাবে, কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই সরকারি অবকাঠামোটি এখন আগাছা, লতাপাতা এবং ধুলোবালির দখলে। হাসপাতালটি দাঁড়িয়ে থাকলেও হাজারো পাহাড়ি ও বাঙালি বাসিন্দা ন্যূনতম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সরই ইউনিয়নে নির্মিত কোটি টাকার আধুনিক হাসপাতাল ভবনটি যেন এখন এক ভূতুড়ে বাড়ির মতো। মূল ফটকসহ প্রতিটি কক্ষে ঝুলছে ভারী তালা। সেখানে কোনো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নেই। নেই কোনো ওষুধপত্রও। অযত্ন ও অবহেলায় ভবনের দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে। মূল্যবান আসবাবপত্র ও চিকিৎসাসরঞ্জাম নষ্ট হচ্ছে। একসময় এই হাসপাতালকে ঘিরেই স্থানীয়দের স্বপ্ন ছিল, গর্ভবতী মা ও শিশুদের আর চিকিৎসার জন্য মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিতে হবে না। সরই এলাকার অধিকাংশ মানুষই দিনমজুর ও প্রান্তিক কৃষক। জরুরি প্রসবকালীন জটিলতা বা সংকটাপন্ন নবজাতককে নিয়ে ভাঙাচোরা পাহাড়ি পথ পাড়ি দিয়ে পার্শ্ববর্তী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে পৌঁছাতে তাদের ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হয়। এতে দরিদ্র পরিবারগুলোর আর্থিক ব্যয় বাড়ছে এবং পথেই বাড়ছে প্রসূতি ও নবজাতকের প্রাণহানির শঙ্কা। চিকিৎসাবঞ্চিত স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও হতাশা এখন চরমে পৌঁছেছে। সরই বাজার এলাকার বাসিন্দা রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছয় বছর আগে বড় অনুষ্ঠান করে হাসপাতালটি উদ্বোধন করা হলো। আমরা ভাবলাম আমাদের মা-বোনদের আর কষ্ট করতে হবে না। কিন্তু উদ্বোধনের পরদিন থেকেই যে তালা ঝুলেছে, তা আর খোলেনি।”
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কনভেনার লুসাই মং বলেন, সরই ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির অবকাঠামো পুরোপুরি প্রস্তুত থাকলেও জনবল কাঠামোর অনুমোদন না হওয়ায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আশা প্রকাশ করেন, দ্রুতই পদ সৃজন ও জনবল নিয়োগের মাধ্যমে কেন্দ্রটি চালু করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন