০২:৫০ এম
ফুসফুস প্রতিনিয়ত বাইরের বাতাসের সংস্পর্শে থাকে। ফলে আবহাওয়ার পরিবর্তন, ধুলাবালি, ধোঁয়া ও জীবাণুর প্রভাব শ্বাসনালিতে সরাসরি পড়ে। শীতকালে বৃষ্টি কম হওয়ায় বাতাসে ধুলাবালি দীর্ঘ সময় ভেসে থাকে। অন্যদিকে, ঘরবাড়ি ও জনসমাগমপূর্ণ স্থানে মানুষের কাছাকাছি অবস্থানের কারণে ভাইরাস সহজে একজনের শরীর থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। এই সময় ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাসসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া জীবাণু অন্যের শরীরে প্রবেশ করে। এর ফলে দেখা দেয় সর্দি, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, গলা ব্যথা, কাশি ও জ্বরের মতো উপসর্গ।
অনেকের ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণ সেরে গেলেও কাশি থেকে যায়। শ্বাসনালি অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ায় দু-তিন সপ্তাহ পর্যন্ত কাশি চলতে পারে। তবে, যদি আগে থেকেই হাঁপানি বা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ থাকে, তাহলে সংক্রমণের প্রভাব আরো দীর্ঘস্থায়ী হতে পারে। শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে; এমনকি হাসপাতালে ভর্তি করার প্রয়োজনও হতে পারে।
যাদের ঝুঁকি বেশি
আরও পড়ুন: কেমোথেরাপি নিয়ে অযথা আতঙ্ক না হওয়ার পরামর্শ চিকিৎসকদের
শিশু, বিশেষ করে ছোট বয়সী শিশু, ষাটোর্ধ্ব ব্যক্তি এবং হাঁপানি ও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্তদের শীতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যেতে পারে। দীর্ঘদিনের ফুসফুসের রোগের কারণে শ্বাসনালির স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ধূমপানও ফুসফুসের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ফুসফুস থেকে জীবাণু ও ধুলাবালি বের করে দেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায় এবং অসুস্থতা থেকে সেরে উঠতেও বেশি সময় লাগে।
সাধারণ কাশি নাকি নিউমোনিয়া
নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণ। এতে ফুসফুসের বাতাস চলাচলের ছোট ছোট থলিতে প্রদাহ হয়। সেখানে তরল বা পুঁজ জমতে পারে। এর ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া দ্রুত গুরুতর হয়ে উঠতে পারে। শীতকালে কাশি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কাশির সঙ্গে ঘন বা পুঁজের মতো কফ, জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট কিংবা রক্ত গেলে সতর্ক হতে হবে। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিউমোনিয়া হলে দ্রুত রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা গুরুত্বপূর্ণ। নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। কারণ ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর হয় না।
হাঁপানি ও সিওপিডি রোগীদের প্রয়োজন বাড়তি সতর্কতা।
আরও পড়ুন: বাংলাদেশ-ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে
হাঁপানি বা অ্যাজমা শ্বাসনালির দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ। এতে শ্বাসনালি সংকুচিত হয়ে শ্বাসকষ্ট, বুকে চাপ, শোঁ শোঁ শব্দ ও কাশি হতে পারে। শীতের বাতাস, ধুলাবালি ও ভাইরাসের সংক্রমণে এসব উপসর্গ বেড়ে যায়।
অন্যদিকে, সিওপিডি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ। এতে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয় এবং ফুসফুস থেকে বাতাস বের করতে সমস্যা দেখা দেয়। ধূমপান এ রোগের অন্যতম প্রধান কারণ। আক্রান্ত ব্যক্তির কাশি, কফ ও শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
হাঁপানি ও সিওপিডি রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনহেলার ব্যবহার করতে হবে। শ্বাসকষ্ট কমে গেলেও নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করা যাবে না।
ইনহেলারের সঠিক ব্যবহার
আরও পড়ুন: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬১৯ নতুন রোগী
সরাসরি ফুসফুসে ওষুধ পৌঁছে দেওয়ার কার্যকর পদ্ধতি ইনহেলার। কিন্তু সঠিক নিয়মে ব্যবহার না করলে ওষুধের পুরো উপকার পাওয়া যায় না। ইনহেলার ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। প্রথমে শ্বাস ছেড়ে বুকের বাতাস বের করে মুখে ইনহেলার লাগাতে হবে। এরপর ধীরে ধীরে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ইনহেলারে চাপ দিতে হবে। ওষুধ নেওয়ার পর প্রায় পাঁচ সেকেন্ড শ্বাস আটকে রেখে ধীরে ধীরে ছাড়তে হবে। ছোট শিশু এবং যারা শ্বাস নেওয়ার সঙ্গে ইনহেলারে চাপ দেওয়ার সমন্বয় করতে পারে না, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে স্পেসার ব্যবহার করা যেতে পারে। স্টেরয়েডযুক্ত ইনহেলার ব্যবহারের পর ভালোভাবে মুখ কুলি করতে হবে। এতে মুখ ও গলায় ছত্রাকের সংক্রমণের ঝুঁকি কমে।
কাশির সঙ্গে রক্ত গেলে
দীর্ঘদিন ধূমপান করেছে এমন কারো কাশির সঙ্গে সামান্য রক্ত গেলেও অবহেলা করা যাবে না। এটি সংক্রমণ, যক্ষ্মা কিংবা ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সীদের এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যক্ষ্মার চিকিৎসা অসম্পূর্ণ রাখা যাবে না।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে মৃত্যুহীন, হাসপাতালে ভর্তি ৬১৯ জন
যক্ষ্মা এখন নিরাময়যোগ্য রোগ। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত ওষুধ খেতে হবে। মাঝপথে ওষুধ বন্ধ করলে যক্ষ্মার জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠতে পারে। তখন চিকিৎসা আরো কঠিন ও দীর্ঘমেয়াদি হয়ে যায়। পরিবারের কারো যক্ষ্মা শনাক্ত হলে তার ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদেরও প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো উচিত।
টিকা নিতে হবে যাদের
ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর টিকা শীতকালীন ভাইরাসজনিত সংক্রমণ থেকে সুরক্ষায় সহায়তা করে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ছোট শিশু এবং হাঁপানি, সিওপিডিসহ দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টিকা নেওয়া উচিত। নিউমোকক্কাল টিকাও নির্দিষ্ট কিছু জীবাণুর কারণে হওয়া নিউমোনিয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় কার কখন কোন টিকা প্রয়োজন, তা চিকিৎসক নির্ধারণ করবেন।
লেখক : বিভাগীয় প্রধান, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
আরও পড়ুন: খেজুরের রস খাওয়ার আগে সাবধান, নিপাহ ভাইরাসের বিপদ আছে
ফুসফুস ভালো রাখতে করণীয়
♦ ধুলাবালি, ধোঁয়া ও বায়ুদূষণ থেকে যথাসম্ভব দূরে থাকুন।
♦ নির্মাণকাজের স্থান, ধুলাবালিপূর্ণ রাস্তা ও জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক ব্যবহার করুন।
♦ বাইরে থেকে ফিরে এবং খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।
আরও পড়ুন: পুরুষের শরীরে নীরবে বাসা বাঁধে যেসব রোগ, চিকিৎসকের সতর্কতা
♦ ধূমপান ও পরোক্ষ ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলুন।
♦ সুষম খাবার খান। খাদ্যতালিকায় শাক-সবজি, ফল, প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি রাখুন।
♦ নিয়মিত হাঁটাচলা ও শরীরচর্চা করুন। তবে অসুস্থ অবস্থায় ব্যায়ামের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
♦ হাঁপানি ও সিওপিডি রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনহেলার ব্যবহার করুন।
♦ দীর্ঘস্থায়ী কাশি, জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট কিংবা কাশির সঙ্গে রক্ত গেলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন