০৯:৫৫ পি.এম
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমান্ত এলাকায় গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কিছু সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকালের লকডাউনকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত শিবচরের কুতুবপুর সীমান্ত এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে শিবচর ও জাজিরা এলাকার বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। শিবচরের বিএনপি নেতা কামাল জামান মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। পরে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন তারা।
আরও পড়ুন: গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন এমপি রতন ও প্রশাসন
এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। সড়কে আটকে পড়ে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, ককটেল বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাজিতপুর হালিমপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন