প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট, ২৬ নভেম্বর, ২০২৬ : সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সিলেটের ১৩টি উপজেলা এবং সিলেট সিটি করপোরেশনের ১৪টি দল।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিসিবি পরিচালক ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু জানান, এক সময় সিলেটের ফুটবল নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল। স্টেডিয়ামের গ্যালারি দর্শকে কানায় কানায় পূর্ণ থাকত। সেই পরিবেশ পুনরুদ্ধার করতে হবে। শুধু টুর্নামেন্ট আয়োজন নয়, মাঠে দর্শক ফিরিয়ে আনা এবং মানসম্মত খেলা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন গর্বিত সন্তান। তিনি সিলেটকে গভীরভাবে ভালোবাসতেন এবং এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিতে আগ্রহী ছিলেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের প্রতি অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ আয়োজনকে সফল করতে আয়োজক, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিকভাবে কাজ করতে হবে।
রেজাউল করিম নাচন বলেন, একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্যে এই উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। সিলেটে নিয়মিত ফুটবল ও ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে। মেয়র কাপ ক্রিকেট, হাডুডু এবং অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে। অতীতে সিলেটের অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্যও সে পথ উন্মুক্ত করতে চায় সিটি করপোরেশন। এ জন্য প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের উপযোগী পরিবেশ তৈরির যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে দেশব্যাপী উদ্যোগ চলছে। সিলেটও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। দীর্ঘ ১৭ বছর পর ক্রীড়াঙ্গনের সঙ্গে নতুন করে সম্পৃক্ত হয়ে আমরা খেলাধুলার উন্নয়নে কাজ শুরু করেছি। এ উদ্যোগকে এগিয়ে নিতে ক্রীড়াবিদ, সংগঠক এবং ক্রীড়ানুরাগীদের সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘদিনের দলীয়করণ এবং নানা অনিয়মের কারণে সিলেটের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য এবং সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছরের শাসনামলে সিলেটের ক্রীড়াঙ্গন অনেকটা স্থবির হয়ে পড়েছিল। সেই স্থবিরতা কাটিয়ে নতুন করে ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের মাধ্যমে মাঠে খেলাধুলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তরুণ ক্রীড়া সংগঠকরা এগিয়ে এসেছেন। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনসহ সংশ্লিষ্ট সংগঠক এবং সাবেক খেলোয়াড়দের এ উদ্যোগে সম্পৃক্ততা আশাব্যঞ্জক। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গন আবারও তার হারানো গৌরব ফিরে পাবে বলে তিনি প্রত্যাশা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন