প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ৭৩ শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। একইসাথে, গবেষণায় অবদানের জন্য অনুষদের চার শিক্ষক ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনুষদভুক্ত আটটি বিভাগের ৭৩ শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে চারজন শিক্ষককে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অফিস স্থাপন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার খোলার উদ্যোগ এবং ফার্মেসি অনুষদের নেতৃত্বে প্যাটেন্ট অফিস স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
গবেষণার মানের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, গবেষণার সংখ্যা, পদোন্নতি কিংবা প্রকাশনার জন্য নয়, বরং গবেষণার মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে যথাসময়ে ক্লাস-পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অধ্যাপক ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধ ছাড়া উচ্চশিক্ষার অর্থহীনতা সম্পর্কে বলেন, শিক্ষায় নৈতিকতা না থাকলে শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ অর্জন করলেও সমাজে ভালো মানুষ হতে পারবে না। তিনি শিক্ষার্থীদের সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি স্বার্থপরতা, পরশ্রীকাতরতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানুষের প্রতি মমত্ববোধ প্রদর্শনের আহ্বান জানান।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারপারসনরা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন এবং প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৭৩ শিক্ষার্থীর মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ, মৎস্যবিজ্ঞান বিভাগ এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন করে শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া মনোবিজ্ঞান বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী এ পুরস্কার পান।
ডিনস রিসার্চ অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার শিক্ষক হলেন অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু ও প্রভাষক স্পেনসার মার্ক মন্ডল এবং মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম কুমার কুন্ডু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন