০৫:৩৮ পি.এম
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ফটকের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত এক শ্রমিকের বাবা থানায় মামলা দায়ের করেছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পীরগঞ্জ পৌরসভার নিজস্ব ভবন নির্মাণে প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ২০২০ সালে ভবনটির নির্মাণকাজের দায়িত্ব গ্রহণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন। মঙ্গলবার প্রধান ফটকের ছাদ ঢালাইয়ের সময় সাটারিং ভেঙে ছাদ ধসে পড়ে।
এই ঘটনায় ঘটনাস্থলেই শ্রমিক আসাদুল আকন্দ (২৬) ও শিহাব উদ্দিন (২২) নিহত হন। আহতদের মধ্যে রয়েছেন বাবলা মিয়া (৩০), সেলিম মিয়া, নয়ন মিয়া (২৪) ও লিটন মিয়া (২৮)।
আরও পড়ুন: নরসিংদীতে বিদ্যুতের হাইভোল্টেজ লাইনে আগুন, তার চুরির চেষ্টায় যুবকের মৃত্যু
এলাকাবাসীর অভিযোগ, ছাদ ঢালাইয়ের কাজে পুরোনো বাঁশ এবং জোড়াতালি দেওয়া বাঁশ ব্যবহার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, সাটারিংয়ে পুরোনো বাঁশ কাঠ ব্যবহারের পাশাপাশি কাজের তদারকিতে ঘাটতির বিষয়টিও উঠে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার রাতে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ১৩ অক্টোবর স্বাক্ষরিত পত্রে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অন্যান্য সদস্যরা হলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এবং রংপুরের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, নিহত শ্রমিক আসাদুল আকন্দের বাবা ঠান্ডা আকন্দ বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় পৌরসভার সচিব আব্দুল রহিম প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বিজিবির অভিযানে ৪৮টি হাই পাওয়ার জেলসহ ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার, পালিয়ে গেছে জড়িতরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন