ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া


পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দ্রুত ড্রোন ও ড্রোন-বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর অংশ হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গড়ে তুলবে দেশটি।

দেশের সম্মুখসারির যুদ্ধক্ষেত্রের সামরিক ইউনিটগুলোতেও দেশীয়ভাবে তৈরি শতশহস্র মানববিহীন ড্রোন মোতায়েন করা হবে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক জানান, ২০২৯ সালের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন বাহিনীর জন্য ১ লাখ ১০ হাজার ড্রোন উৎপাদনের পরিকল্পনা ছিল। তবে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংখ্যা কমিয়ে প্রায় ৬০ হাজারে নামিয়ে আনে। এর মধ্যে প্রায় ১১ হাজার ড্রোন ২০২৬ সালেই চালু করা হবে।

আরও পড়ুন: মিশিগানে সিনেটর নির্বাচিত হয়ে ‘হাবিবি প্যাক’ চালু করলেন আব্দুল সাঈদ

মন্ত্রণালয় জানায়, এসব ড্রোন দেশের সব বাহিনীকেই দেওয়া হবে, যাতে প্রতিটি সেনার জন্য ড্রোন একটি নিয়মিত হাতিয়ারে পরিণত হয়। সেনা, নৌ, বিমান ও মেরিন বাহিনীর পাঁচ লাখ সেনাসদস্যকে ‘ড্রোন যোদ্ধা’ হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক বলেন, “ড্রোন আর সীমিতসংখ্যক ইউনিটের ব্যবহারের জন্য রাখা উচিত নয়, বরং এটি হবে সর্বজনীন যুদ্ধাস্ত্র।” তিনি আরও বলেন, ড্রোনকে ‘দ্বিতীয় ব্যক্তিগত অস্ত্র’ হিসেবে সেনাদের ব্যবহার করা উচিত।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, ড্রোন তৈরিতে চীনা যন্ত্রাংশের পরিবর্তে শতভাগ দেশীয়ভাবে উৎপাদিত উপাদান ব্যবহার করবে সিউল। দক্ষিণ কোরিয়ার এই ঘোষণা এমন একটি সময়ে এল যখন দুই কোরিয়াই ড্রোন সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক বলেন, ইউক্রেইন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ড্রোন এখন লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি প্রযুক্তিতে পরিণত হয়েছে। স্বল্প খরচে অনেক বেশি ড্রোনের ব্যবহার যুদ্ধের প্রকৃতিই বদলে দিচ্ছে।

আরও পড়ুন: বৈশ্বিক সংকটে ৪ কোটি মানুষের চরম দারিদ্র্যের ঝুঁকি

তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়াও নিজেদের মনুষ্যবিহীন হাতিয়ার তৈরির সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি বাড়াচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পরিকল্পনায় লেজার ও উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্রের মতো ড্রোন-রোধী ব্যবস্থা সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

তাছাড়া, অভিযান পরিচালনার কাঠামোও এমনভাবে বদলানো হবে, যাতে প্রতিটি বাহিনী কেন্দ্রীয় কমান্ডের ওপর নির্ভর না করে নিজেদের ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো ও হামলা পরিচালনা করতে পারে।

এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সেনাবাহিনী শিগগিরই ২০ হাজারের বেশি স্বল্পমূল্যের একবার-ব্যবহার্য ড্রোন সংগ্রহ করবে। একইসঙ্গে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ড্রোন-সোয়ার্ম ব্যবস্থা এবং লয়টারিং মিউনিশনও অর্জন করবে।

আরও পড়ুন: কট্টরপন্থী মিলারকে চিফ অফ স্টাফ পদে নিয়োগ, ডেমোক্র্যাটদের সঙ্গে কোনো আপসে না যাওয়ার বার্তা ট্রাম্পের

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৫ এম


ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছেন বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি।

সম্প্রতি একটি পোস্টে ফেসবুকে তিনি এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের কাছে তাঁর পদত্যাগপত্রও পাঠিয়েছেন।

ডা. সাব্বির এলাহি, যিনি বরিশাল অঞ্চলের সদস্য, এর আগে ২০২৩-২৪ সেশনে পরামর্শ সভার সদস্য ছিলেন। একই সাথে, ২০২৪-২৫ সেশনে তিনি বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, প্ল্যানিং, ছাত্রকল্যাণ এবং স্পোর্টস সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে অধ্যয়নকালীন সময়ে সেখানেও সাব্বির ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

কেন্দ্রীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি লিখেছেন, "বর্তমানে কিছু সমস্যার কারণে ব্যক্তিগত ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।"

এ বিষয়ে জানতে চাইলে সাব্বির এলাহি বলেন, "২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবিরে নতুন সমস্যার উদ্ভব হয়েছে। নতুন নতুন অনেকে সংগঠনে এসে বিভিন্ন বিষয় সৃষ্টি করছে। ক্যাডারভিত্তিক সিস্টেমটি সঠিকভাবে সমন্বয় করা হচ্ছে না। একটি ক্যাডারভিত্তিক সংগঠনের জন্য এগুলো মানানসই নয়। তাই মানিয়ে নেওয়া কঠিন হচ্ছিল। এ ছাড়া আরও বহু বিষয় রয়েছে। এজন্য চেয়েছিলাম ছুটি নিতে। কিন্তু সেটি না হওয়ায় আমি পদত্যাগ করেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কাকে পেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৬ এম


আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কাকে পেল

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নকআউট পর্বের হিসাব-নিকাশ শুরু হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যম্পিয়ন আর্জেন্টিনা এবার রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্ডের সঙ্গে।

আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়েছে। ‘এইচ’ গ্রুপে তারা তিনটি ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে। শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে যদিও গোলশূন্য ড্র করেছে, তবুও আগের দুটি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ স্পেন ও উরুগুয়ের বিরুদ্ধে পয়েন্ট অধিকার করে তাদের নজর কাড়ে।

এখন গ্রুপ চ্যম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্ডে। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর এই লড়াই।

কিন্তু কাগজে-কলমে ফেবারিট থাকা সত্ত্বেও আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি সহজ হবে না। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্ডে ইতোমধ্যেই বড় দলের বিরুদ্ধে চমক দেখানোর সম্ভাবনা প্রমাণ করেছে। স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে রেখে এবং উরুগুয়ের বিপক্ষে ২-২ গোল সমতায় থেকে তারা নিজেদের শক্তি প্রদর্শন করেছে।

অন্যদিকে, ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানে রয়েছে স্পেন। শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যম্পিয়ন হলো। ম্যাচের একমাত্র গোলটি করেন আলেক্স বায়েনা। টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে।

এখন স্পেন অপেক্ষা করছে ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের জন্য। সেই জায়গা দখল করার জন্য লড়াই চলছে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যে।

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে এক অচেনা কিন্তু ভয়ংকর প্রতিপক্ষ। লিওনেল মেসির দল কেপ ভার্ডের রূপকথার যাত্রা থামাতে চাইবে, আর আফ্রিকার এই নবাগত দল আরেকটি বড় অঘটনের জন্ম দিতে চাইবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ (২৭ জুন ২০২৬)

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:২৫ এম


দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ (২৭ জুন ২০২৬)

দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম আরেকদফা কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার, ২৭ জুন, মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

সর্বশেষ গত ২৫ জুন সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য নেমে এসেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্ববর্তী নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, সবশেষ গত ২৪ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা ছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪০ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৭৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৫ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগদ নেবে ইঞ্জিনিয়ার, সপ্তাহে ছুটি ২ দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৫১ এম


নগদ নেবে ইঞ্জিনিয়ার, সপ্তাহে ছুটি ২ দিন

ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান, নগদ। এই প্রতিষ্ঠানটি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি গত ২৪ জুন থেকে আবেদন গ্রহণ করা শুরু করেছে। এবং আবেদন করার শেষ তারিখ আগামী ৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে সক্ষম হবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নগদের নিয়োগ বিজ্ঞপ্তির প্রধান তথ্যাবলী:

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার

বিভাগ: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সিএসই, আইসিটি, আইটি বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ৩৬৫ প্রশাসন ও সহায়তা। হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিংয়ের উপর ভালো জ্ঞান থাকা প্রয়োজন।

অভিজ্ঞতা: প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষ।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%