ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মোখা বন্দর নগরী দখল করেছে ইয়েমেনের হুথিরা, বাব এল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণে অগ্রসর


মোখা বন্দর নগরী দখল করেছে ইয়েমেনের হুথিরা, বাব এল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণে অগ্রসর

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আন্তর্জাতিক সমুদ্রপথের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট বাব এল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বিদ্রোহীরা ইয়েমেনের ঐতিহাসিক বন্দর নগরী মোখা নিজেদের দখলে নিয়েছে।

মোখা নগরী দখলের পর হুথিরা লোহিত সাগরের কৌশলগত হানিশ দ্বীপে হামলা শুরু করেছে, যা দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে তাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করছে।

হুথিদের তোপের মুখে ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্ররা দক্ষিণের 'ধুবাব' এলাকার দিকে পিছু হটছে। উল্লেখ্য, ধুবাব এলাকা বাব এল-মান্দেব প্রণালী ও পেরিম দ্বীপের ঠিক বিপরীতে অবস্থিত।

আরও পড়ুন: গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির উদ্যোগ সরকারের

সামরিক বিশ্লেষকদের মতে, ধুবাব এলাকা এবং পেরিম দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করা গেলে বাব এল-মান্দেব প্রণালীর সামরিক কর্তৃত্ব নিশ্চিত হবে।

বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর মধ্যপ্রাচ্যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। যদি হুথিরা বাব এল-মান্দেব প্রণালী সম্পূর্ণরূপে অবরুদ্ধ করতে সক্ষম হয়, তবে পারস্য উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো তাদের প্রধান নৌ-পরিবহন রুট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নজিরবিহীন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সংঘটিত যুদ্ধবিরতি দেশটিতে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী এবং হুথিদের মধ্যে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করায় মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের দায় শুধু পুলিশের নয়, পরিবার-সমাজকেও নিতে হবে: ডিআইজি মীর আশরাফ আলী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক

রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা গ্রাহকদের সঙ্গে যোগাযোগকে আরও সহজ এবং কার্যকর করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

এই সমঝোতার মাধ্যমে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার সাহায্যে রূপায়ণ সিটি উত্তরা-এর গ্রাহকদের কাছে বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রয়োজনীয় যোগাযোগ দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এর ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং সম্পৃক্ততা আরও কার্যকর হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন লার্জ কর্পোরেট ডাইরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশন ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অব বিজনেস সলিউশন নাফিজ আহমেদ সায়ীদ। রূপায়ণ সিটি উত্তরা-এর পক্ষে উপস্থিত ছিলেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অব.) এবং হেড অব মার্কেটিং খোরশেদ আলম পলেন।

রূপায়ণ সিটি উত্তরা-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অব.) মন্তব্য করেন, ‘বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা তার সম্মানিত বাসিন্দা ও গ্রাহকদের জন্য নিয়মিত নতুন সুবিধা ও সেবা সংযোজনের উদ্যোগ নিয়ে থাকে। বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার সাহায্যে গ্রাহকদের আরও সংযুক্ত, অবহিত ও সম্পৃক্ত রাখা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘এই অংশীদারিত্ব শুধু যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, উন্নত ও সংযুক্ত গ্রাহক অভিজ্ঞতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেবি বাইকের ফাঁদে পড়ে ৪৯ হাজার টাকা খোয়ালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


বেবি বাইকের ফাঁদে পড়ে ৪৯ হাজার টাকা খোয়ালেন

খুলনার আজিজুল হক ফেসবুকে বেবি বাইক কেনার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। অর্ডার নিশ্চিত করার জন্য প্রথমে তার কাছে ৩১০ টাকা চাওয়া হয়।

এরপর ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন করে নানা কৌশলে তার কাছ থেকে নেওয়া হয় আরো ৪৮ হাজার ৮৩০ টাকা।

অবশেষে পণ্য তিনি পাননি, বরং তার মোট ৪৯ হাজার ১৪০ টাকা খোয়াতে হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনার খানজাহান আলী থানার শিরোমনি এলাকার জুয়েল সরদার (২৫) ও মো. সাইফুল ইসলাম (৩০) অন্তর্ভুক্ত রয়েছে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শিরোমনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের একজন সাইফুলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মুঠোফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা যায়, খুলনার লবণচরা থানার টুটপাড়া বড়খালপাড় এলাকার বাসিন্দা আজিজুল হক ফেসবুকের ‘Online Sale Bazar’ নামের একটি পেইজে বেবি বাইকের বিজ্ঞাপন দেখেন।

এরপর তারা যে নম্বরে যোগাযোগ করতে বলেন, সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন।

অর্ডার নিশ্চিত করার জন্য আজিজুলকে প্রথমে ৩১০ টাকা অগ্রিম পাঠাতে বলা হয়। ২৭ আগস্ট তিনি টাকা পাঠানোর পর তাকে একটি ইনভয়েস প্রদান করা হয়। দুই দিন পর ২৯ আগস্ট বিকেলে অন্য একটি নম্বর থেকে ‘ডেলিভারি ম্যান’ পরিচয়ে ফোন আসে। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে একাধিক দফায় টাকা নেওয়া হয়।

প্রথমে তিন হাজার ২০০; এরপর তিন হাজার ৩০৭ ও তিন হাজার ২৫৯ টাকা নেওয়ার পর টাকা ফেরতের কথা বলে নেওয়া হয় ৯ হাজার ৭৬৬ টাকা। পরে আরো তিন দফায় ২৯ হাজার ২৯৮ টাকা নেওয়া হয়।

একপর্যায়ে টাকা ফেরত না পেয়ে আজিজুল প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ৬ সেপ্টেম্বর তিনি লবণচরা থানায় মামলা করেন।

পিবিআই জানায়, জুয়েল ও সাইফুল একই কৌশলে আরো অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অপরিচিত পেজ ও ব্যক্তিকে যাচাই না করে অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাপড়াখালীতে পূর্ব সুন্দরবনের দুই জেলে আটক, জাল ও দুটি নৌকা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


ছাপড়াখালীতে পূর্ব সুন্দরবনের দুই জেলে আটক, জাল ও দুটি নৌকা জব্দ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্যে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকা ছাপড়াখালি খালে বুধবার দিবাগত রাতে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে দুই জেলে আটক হয়েছেন। এ সময় বনরক্ষীরা মাছ ধরার জাল সহ দুটি নৌকা জব্দ করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটায় শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা ছাপড়াখালি খালে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাছ ধরারত জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা তাদের দিকে এগিয়ে যান।

বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুই জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের গভীরে পালানোর চেষ্টা করেন। তবে বনরক্ষীরা দুই জেলেকে দুটি নৌকা ও জালসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটক জেলেদের মধ্যে রয়েছেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) এবং আইয়ুব আলী (২৮)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, ছাপড়াখালিতে আটক জেলেরা বন আইন লঙ্ঘন করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহিপুর তিস্তা সেতুতে ২৪ ঘণ্টার স্থায়ী পুলিশ চেকপোস্টের দাবি গঙ্গাচড়ায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


মহিপুর তিস্তা সেতুতে ২৪ ঘণ্টার স্থায়ী পুলিশ চেকপোস্টের দাবি গঙ্গাচড়ায়

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে ২৪ ঘণ্টার স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবি স্থানীয় সচেতন নাগরিকদের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। তারা মনে করেন, সেতুটিতে সার্বক্ষণিক পুলিশি নজরদারি নিশ্চিত হলে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যা মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা পালন করবে।

গঙ্গাচড়া উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। সচেতন নাগরিকরা উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রভাব নিয়ে অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। অল্প বয়সী শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রভাবের খবর স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি করেছে।

স্থানীয়দের বিশ্বাস, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান একমাত্র যথেষ্ট নয়। তারা মনে করেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিস্তার রোধ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের মেধাশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ‘এ’ সার্কেল শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানিয়েছেন, মহিপুর তিস্তা সেতুতে পুলিশের টহল ব্যবস্থা বিদ্যমান রয়েছে। প্রশাসনের মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, সেতুটিতে ২৪ ঘণ্টার স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করা গেলে মাদক পাচার ও ব্যবসা নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আখের মিঞা মন্তব্য করেছেন, “মাদকে না বলুন। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা নিতে হবে। তা না হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।”

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর সবুর জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%