০৯:৩৭ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তুচ্ছ ঘটনায় বাসা বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহকারী ১০-১২ জন পরিচ্ছন্নকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নকর্মীরা।
শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রীকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শত শত ময়লাবাহি ভ্যান গাড়ি থামিয়ে রেখে তারা এই অবরোধ সৃষ্টি করেন।
পরিচ্ছন্নকর্মীরা জানান, সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ি বিভিন্ন বাসা বাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকার মার্কাজ রোডে একটি বেসরকারী স্থানে নিয়ে ডাম্পিং করেন। এসব গাড়ির চাকায় বা বডিতে কোনও সমস্যা হলে সড়কের পাশে রিয়া গোপ স্টেডিয়ামের সামনে মেরামত করা হয়। গত বুধবার (১ জুলাই) বিকেলে, কিছু গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল গাড়ি সরিয়ে নেয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। তখন পরিচ্ছন্নকর্মীরাও তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন: নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।
তারা অভিযোগ করেন, এ ঘটনার আপোস মীমাংসা করতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয়পক্ষ আলোচনা করেন। সেই আপোস মীমাংসার বৈঠকে, হিমেল তার দলবল নিয়ে ১০/১২ জন পরিচ্ছন্নতা কর্মীকে এলোপাতাড়ি মারধর করেন। তখন গণ্যমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নতা কর্মীদের আইনের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়ে বৈঠক থেকে চলে যান।
এ ঘটনার কারণে অভিযুক্ত হিমেল ও তার লোকজনের বিচারের দাবিতে শুক্রবার (৩ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন পরিচ্ছন্নকর্মীরা।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রী ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনে গাড়ি ছেড়ে অনেককে ৩/৪ কিলোমিটার সড়ক পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে বলে জানা গেছে। সড়ক অবরোধের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিচ্ছন্নতা কর্মীদের আইনগত সহযোগিতার আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পরিচ্ছন্নকর্মী অভিযোগ করেন, ময়লার ৬০০ ভ্যান গাড়ি থেকে একটি চক্র প্রতিদিন প্রায় এক লাখ টাকা চাঁদাবাজি করে। ওই চক্রের আদায় করা চাঁদা থেকে হিমেল ও তার বাহিনীর লোকজন ভাগ পেতে আসছে। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মীদের উপর নানাভাবে নির্যাতন করছে।
আরও পড়ুন: পুলিশের বাধা উপেক্ষা করে টাঙ্গাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ শুনেছি এবং তাদের আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছি। এতে তারা সড়ক অবরোধ তুলে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন