১২:০০ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ইচ্ছাকৃত নয়।
ফ্রান্সে জি ৭ সম্মেলনের ফাঁকে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধের বাস্তবতায় ভুল হতেই পারে এবং বিষয়টি এখনো তদন্তাধীন।
গত ফেব্রুয়ারিতে দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনার জেরে ১৭৫ জনেরও বেশি শিশু ও শিক্ষক নিহত হয়েছেন বলে ইরান দাবি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, হামলার জন্য মার্কিন বাহিনীই সম্ভবত দায়ী। তবে পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল স্বীকার করেনি এবং তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।
জি ৭ সম্মেলনের ফাঁকে মিনাবের ওই হামলা নিয়ে যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন এবং এমন প্রশ্ন করাটাই অদ্ভুত। তিনি পাল্টা অভিযোগ করেন যে, ইরান হাজার হাজার সেনা হত্যা করেছে, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।
ট্রাম্প আরও বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে ওই হামলা করেনি। যুদ্ধ খুবই নিষ্ঠুর এবং ভুলত্রুটি হতেই পারে।
উল্লেখ্য, হামলার পরপরই ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ইরানকে দায়ী করেছিলেন। তবে পরে তিনি তার অবস্থান পরিবর্তন করেন এবং বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি নিশ্চিত কিছু বলতে চান না এবং ফলাফল মেনে নেবেন।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
গত মাসে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জানিয়েছিলেন যে, এই তদন্ত বেশ জটিল। কারণ, সংশ্লিষ্ট বিদ্যালয়টি ইরানের একটি সক্রিয় ক্রুজ মিসাইল ঘাঁটির সীমানার মধ্যে অবস্থিত। তিনি জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
স্কুলটির আর্কাইভ তথ্য অনুযায়ী, এটি ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসির একটি স্থাপনার পাশেই অবস্থিত ছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, হামলার লক্ষ্য নির্ধারণে মার্কিন কর্মকর্তারা সম্ভবত পুরোনো গোয়েন্দা তথ্য ব্যবহার করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন