মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
১১:৫০ পি.এম
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বেলালের দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে একই দিন বিকেল চারটার দিকে নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজার এলাকায় তাকে মারধর করা হয়।
নিহত কবির হোসেন উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজার এলাকার গাইনেগো বাড়ির বাসিন্দা। স্থানীয় কয়েকজনের ভাষ্য, তিনি প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নোয়াখালী শহরের সোনাপুর পেট্রলপাম্প-সংলগ্ন হাসিব ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেন ওয়ার্কশপের মালিক মো. হোসেন। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সহায়তা চান তিনি। এরপর মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার এক ব্যক্তি হোসেনকে ফোন করে চুরির ঘটনায় জড়িত সন্দেহে কবিরকে শনাক্ত ও আটকের কথা জানান। খবর পেয়ে হোসেন তার লোকজন নিয়ে সেখানে যান। এ সময় কবিরকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহত কবিরকে ইসলামগঞ্জ বাজার থেকে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে বেলালের দোকানের সামনে মরদেহ ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে কবিরকে আহত অবস্থায় খুঁটির সঙ্গে বেঁধে রাখতে দেখা যায়। ভিডিওতে তাকে টাকা চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে। মঙ্গলবার বিকেলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চুরির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
দেশ ও দলের প্রতি সালাহউদ্দিনের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।’
প্রধানমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের নামে ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাদের আসামি করে তিনটি মামলা করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস। তিনি জানান, সোমবার বিকেলে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাগুলো করেন। মঙ্গলবার সকালে আদালতে মামলার কপি দেওয়া হয়।
আবদুল কাদের মির্জা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি। তিনি দলটির সাধারণ সম্পাদক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল কাদেরের ছোট ভাই।
দুদক সূত্রে জানা যায়, আবদুল কাদের মির্জার নামে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী আখতার জাহান বকুলের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার অবৈধ সম্পদের তথ্য মিলেছে। এ ছাড়া তাদের ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের নামে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক।
দুদকের সূত্রে আরও জানা যায়, ১৯৯৯ থেকে ২০০১ সাল এবং ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেন আবদুল কাদের মির্জা। অন্যদিকে, তার স্ত্রী গৃহিণী এবং বৈধ আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও তার নামে বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানকারী কর্মকর্তা ও মামলার বাদী চিন্ময় চক্রবর্তী বলেন, কমিশনের অনুমোদনের পর তিনটি মামলা করা হয়েছে। তদন্তে এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এই নীতিমালায় প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তি হবে পরীক্ষার মাধ্যমে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয় এ ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। প্রথম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক একজন শিক্ষার্থী সর্বাধিক পাঁচটি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন। তবে, যদি বিদ্যালয়টি দুই পালায় (ডাবল শিফট) চলে, তাহলে উভয় পালায় পছন্দ করলে দুটি বিদ্যালয় পছন্দক্রম হিসেবে গণ্য হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া পরিচালনা করবে।
অন্যদিকে, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। এর মধ্যে, দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বরের এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর বিচ্ছিন্ন চরাঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস পাওয়া সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ নেই। অনেক এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের অভাব রয়েছে এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও নেই। এই কারণে দুর্যোগের সময় নদী ও সাগর পেরিয়ে মূল ভূখণ্ডে যাওয়ার পথ হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে গাছ আঁকড়ে ধরা কিংবা উত্তাল পানির সঙ্গে লড়াই করা ছাড়া অনেকের সামনে আর কোনো উপায় থাকে না। বিশেষ করে নারীরা, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন।
রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর কাশেমের বাসিন্দাদের জীবনযাত্রায় এই সংকটের চিত্র স্পষ্ট। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা চরটিতে সড়কপথে সরাসরি যাতায়াতের কোনো সুযোগ নেই। সেখানে নৌকা ও ট্রলারই যোগাযোগের একমাত্র ভরসা। অথচ প্রাকৃতিক দুর্যোগের সময় এখানকার বাসিন্দাদের সুরক্ষায় কোনো বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ কিংবা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই।
একই পরিস্থিতি দেখা যায় গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর বাংলায়। নদী ও সাগরবেষ্টিত এসব জনপদে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হয় মানুষকে। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিলে নিরাপদ আশ্রয় নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। দুর্যোগের সময় কোথায় যাবেন এবং কীভাবে পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেবেন, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েন বাসিন্দারা।
চর কাশেম ও চর বাংলা ছাড়াও পটুয়াখালীতে রয়েছে চর আন্ডা, চর হেয়ার, চর বেষ্টিন, চর নজির, চর ইমারশন ও চর কারফর্মারের মতো বেশ কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ। এসব এলাকার অধিকাংশ স্থানে দুর্যোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। কোথাও নেই পাকা আশ্রয়কেন্দ্র, আবার কোথাও নদী ও সাগরের তীরবর্তী অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে বসতি।
নদীভাঙনের সঙ্গে লড়াই করে টিকে থাকা এসব মানুষের পক্ষে বড় কোনো দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। স্থানীয় পর্যায়ে আশ্রয়কেন্দ্র না থাকায় মূল ভূখণ্ডে যাওয়ার জন্য নৌকা বা ট্রলারের ওপর নির্ভর করতে হয়। কিন্তু ঘূর্ণিঝড়ের সময় উত্তাল নদী পেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা আরও বড় বিপদের কারণ হতে পারে। ফলে পূর্বাভাস পাওয়ার পরও অনেকে সময়মতো নিরাপদ আশ্রয়ে যেতে পারেন না। বাধ্য হয়ে অনেকেই গাছপালা আঁকড়ে ধরে কিংবা পানির স্রোতের সঙ্গে লড়াই করে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। বিশেষ করে শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয় সবচেয়ে বেশি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম সজিব বলেন, "উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনপদে নিরাপদ আশ্রয়, টেকসই বেড়িবাঁধ, কার্যকর যোগাযোগব্যবস্থা ও দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা জরুরি। বিচ্ছিন্ন চরাঞ্চলে এসব সুবিধা না থাকলে সতর্কবার্তা পেলেও মানুষের পক্ষে নিরাপদ স্থানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।"
জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন জানান, উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও উন্নয়নে প্রকল্প নেয়া হয়েছে। বিশেষ করে যেসব দ্বীপে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেখানে সাইক্লোন শেল্টার নির্মাণের প্রস্তাবনা আগেই দেয়া আছে। পর্যায়ক্রমে সব দ্বীপে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।
উপকূলের মানুষের দুর্যোগ আতঙ্কের পেছনে রয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড়ের করুণ ইতিহাস। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে আনুমানিক তিন লাখ মানুষের মৃত্যু হয়। এছাড়া ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে প্রাণ হারান ৩ হাজার ৩৬৩ জন। ভয়াবহ এসব দুর্যোগের ক্ষত ও স্মৃতি আজও উপকূলের মানুষের মনে তীব্র আতঙ্ক তৈরি করে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব না হলেও পরিকল্পিত প্রস্তুতি ও কার্যকর সুরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রাণহানি কমিয়ে আনা সম্ভব। বিচ্ছিন্ন চরাঞ্চলে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ, বেড়িবাঁধের সুরক্ষা, নিরাপদ যাতায়াত এবং দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা গেলে দুর্যোগের ঝুঁকি অনেকটাই কমবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে পটুয়াখালীর বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের প্রত্যাশা, দুর্যোগের পর ত্রাণের অপেক্ষায় থাকতে হবে না তাঁদের; বরং দুর্যোগ আঘাত হানার আগেই নিশ্চিত হবে নিরাপদ আশ্রয় ও জীবন রক্ষার স্থায়ী ব্যবস্থা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ