০৭:২০ পি.এম
বুধবার সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবিটি তোলা হয়েছে জাতীয় সংসদে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য এবং উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করছে।
তিনি বলেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাক্সক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং অর্থবিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।
স্পিকার বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্তৃক মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বাজেট প্রণয়ন সকলের জীবনযাত্রাকে প্রভাবিত করে এবং দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণে সংসদীয় কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল সংসদ-সদস্যকে জনমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের কারিগরি সহায়তার মাধ্যমে সংসদের বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুণগত মানোন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জাতির ভবিষ্যত প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট হেল্পডেস্ক একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। বাজেটে অর্থ সংস্থানের তিনটি উৎসের মধ্যে জনগণ কর্তৃক প্রদত্ত কর, দেশি ও বিদেশি ঋণ এবং বিদেশ থেকে প্রাপ্ত বৈদেশিক অনুদানের মধ্যে সমন্বয় করতে হয়। এই অর্থের মালিকানা জনগণের।
তিনি বলেন, বাজেটের আকার গুরুত্বপূর্ণ নয়, বরং বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হলো স্বচ্ছতার অভাব। তিনি আরও বলেন, বাজেটের অর্থ যেন ব্যক্তি বিশেষের উন্নয়নে ব্যয় না হয়ে জনকল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, জাতীয় বাজেটকে শুধুমাত্র আয়-ব্যয়ের হিসাব হিসেবে দেখলে চলবে না; বরং একটি বাজেট দেশের উন্নয়ন দর্শন, রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার এবং জনগণের ভবিষ্যৎ প্রত্যাশার প্রতিফলন। গণতন্ত্রকে শক্তিশালী করা, জনগণের জীবনমান উন্নয়ন এবং জাতীয় উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা প্রমাণ করে যে একটি দেশের আন্তর্জাতিক মর্যাদা ও সক্ষমতা অনেকাংশে তার অর্থনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই একটি দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারে।
স্পিকার এসময় দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, হুইপবৃন্দ এবং সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন