বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
১২:২১ পি.এম
জাপানে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। তীব্র গরমের মধ্যেও বৃহস্পতিবার ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারের জন্য জরুরি উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
সরকার সর্বশেষ নিহতের সংখ্যা জানিয়েছে। একইসাথে কুমামোতো কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবারের ভূমিকম্পের পর সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণে ধসে পড়া এইয়ন (অবড়হ) শপিংমলের ধ্বংসস্তূপ থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে কংক্রিট, ইস্পাত ও তারের স্তূপ ছড়িয়ে রয়েছে।
জাপানের কিউশু দ্বীপের কুমামতো প্রিফেকচারের রাজধানী শহর কুমামোতো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘আমরা শপিংমল থেকে ১০ জনকে উদ্ধার করেছি। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও একজনের শরীরে প্রাণের কোনো লক্ষণ নেই। বাকি পাঁচজন গুরুতর ও সামান্য আহত হয়েছেন।’
মঙ্গলবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে আগুন লেগেছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎ ও পানি ছাড়াই দিন কাটাচ্ছেন। সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রবীণ জনগোষ্ঠীর দেশ জাপানে উকি শহরের একটি কমিউনিটি সেন্টারের লবিতে কয়েক শত বয়স্ক মানুষ পাতলা মাদুর বিছিয়ে আশ্রয় নিয়েছেন। তারা প্রচণ্ড গরম থেকে বাঁচতেই সেখানে অবস্থান করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেছেন, ‘এই আশ্রয়কেন্দ্রগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ সেখানে কিছু মানুষ চেয়ার-টেবিলের মাঝখানে ঘুমাচ্ছিলেন, আবার কেউ টেলিভিশনের সামনে বসে খবর দেখছিলেন।
তিনি মন্তব্য করেছেন, ‘আমি বাড়িতে থাকার বা গাড়িতে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু গরম খুব বেশি এবং মশার উপদ্রব রয়েছে।’
চার সন্তানের বাবা এবং সুপারমার্কেট কর্মী ৫৩ বছর বয়সী হিরোইউকি মাতসুশিমা জানিয়েছেন, ‘এমন গরমে বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়ে।’
ভূমিকম্পের পর শপিংমলটি খালি করে ফেলা হয়েছিল। তবে প্রায় ৫০ মিনিট পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঠিক কতজন কর্মী ভেতরে ছিলেন, তা জানা যায়নি।
৫৬ বছর বয়সী ব্যবসায়ী ফুমিহিকো মাতসুউরা বলছেন, সপ্তাহখানেক আগে তিনি ওই শপিংমলেই সর্বশেষ ‘টয় স্টোরি’ চলচ্চিত্রটি দেখেছিলেন।
তিনি এএফপিকে বলেন, ‘আমি এখানে ছিলাম। ঠিক এখানেই ছিলাম। মনে হচ্ছে আমি অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছি।’
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, কমলা রঙের পোশাক ও সাদা হেলমেট পরা উদ্ধারকর্মীরা বাঁকানো ইস্পাত, ঝুলে থাকা বৈদ্যুতিক তার, এবং ছাদের ভাঙা অংশের মধ্যে দিয়ে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন।
একজন সরকারি কর্মকর্তা বুধবার এএফপিকে জানান, ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানায় একটি লাল-সাদা চিমনির অংশ ধসে পড়েছে। এতে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও চারজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২২ হাজার ৬৭০টি পরিবার এবং স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বুধবার পর্যন্ত প্রায় ৮৪ হাজার বাড়িতে পানির সরবরাহ ব্যাহত ছিল।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মানুষ পেট্রোল এবং বিশুদ্ধ পানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে কর্তৃপক্ষ কয়েক শত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পাঠিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে বুধবার একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে।
বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি ইশুগুয়ালাস্তো প্রাকৃতিক পার্কে বিধ্বস্ত হওয়ার আগে পাশের একটি প্রদেশে আগুন নেভাতে যাওয়ার জন্য প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছিল। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটি ঘাঁটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। সপ্তাহের শুরু থেকেই অস্ট্রিয়ার আয়তনের প্রায় সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহায় পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় আগুন বেশ কিছুদিন ধরে জ্বলছে।
বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি।’
তিনি জানান, এই দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত সাতজন প্রাণ হারিয়েছে।
সান হুয়ানের গভর্নর আরও বলেন, এই ঘটনায় অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক সুরক্ষা কর্মীরা রয়েছেন।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আলেজান্দ্রা মনতেলিভা এক্স-এ তার সমবেদনা প্রকাশ করেছেন।
এই দুর্ঘটনার পর সান হুয়ান স্থানীয় সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।
স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা এএফপিকে জানিয়েছেন, মাত্র তিন দিনে শত শত হেক্টর জমি ভস্মীভূত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে একদল ডাকাত বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরে ঢুকে পড়ে। এরপর পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই সায়মা সুলতানা আরও বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর অব্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে শামা ওবায়েদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যবাহী বয়নশিল্প অন্তর্ভুক্তিকে বাংলাদেশ-ইউনেস্কো অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও যুব ক্ষমতায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), ভাষা প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। সঙ্গেই তিনি ইউনেস্কোর মহাপরিচালককে বাংলাদেশ সফরের জন্য সুবিধাজনক সময়ে আমন্ত্রণ জানান।
জবাবে, ড. সুসান ভাইজ বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারে ইউনেস্কোর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, যুব সম্পৃক্ততা এবং টেকসই উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনার কথাও তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউনেস্কোর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জ্ঞানভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক উদ্ধার, মাদক কারবারি ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মে ও জুন মাসের বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা অর্জন করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মতিউর রহমান।
সোমবার (২৮ জুলাই) ঢাকা জেলা পুলিশের মিল ব্যারাক পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কিট প্যারেড মে ও জুন মাসের মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ পুরস্কার প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মে ও জুন মাসে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মতিউর রহমান একাধিক সফল অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তারে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আরও কয়েকজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ