প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কখনো মৃত্যুর পরও অটুট থাকে। এই ভালোবাসাকে স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বার্সেলোনা। ক্লাবের নতুন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তৈরি হচ্ছে একটি বিশেষ স্মৃতিসৌধ, যেখানে মৃত্যুর পর সমর্থকদের দেহভস্ম সংরক্ষণের ব্যবস্থা থাকবে। ‘মেমোরিয়াল এফসি বার্সেলোনা’ নামের এই প্রকল্পে রাখা হবে ২৬ হাজার কলম্বারিয়াম বা দেহভস্ম সংরক্ষণের বিশেষ কুঠুরি।
ক্লাবের পক্ষ থেকে ১০ নভেম্বর প্রকল্পটির বিস্তারিত তুলে ধরা হয়েছে। স্পটিফাই ক্যাম্প ন্যুর উত্তর গোলপোস্টের কাছে প্রায় ১ হাজার ৫০০ বর্গমিটার জায়গাজুড়ে তৈরি হবে এই স্মৃতিসৌধ। সেখানে বার্সেলোনার ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে বড় দেয়ালচিত্র থাকবে এবং সমর্থকদের স্মৃতিফলক রাখার জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হবে। সব মিলিয়ে ২৬ হাজার দেহভস্ম সংরক্ষণের কুঠুরির পাশাপাশি ৯ হাজার স্মৃতিফলকও থাকবে।
এই উদ্যোগের মাধ্যমে সমর্থকেরা মৃত্যুর পরও প্রিয় ক্লাবের সঙ্গে নিজেদের সম্পর্ক ধরে রাখতে পারবেন। বার্সেলোনার প্রাতিষ্ঠানিক ভাইস প্রেসিডেন্ট মারিয়া এলেনা ফর্ত প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর দাদার একটি ইচ্ছার কথা তুলে ধরেন। তিনি জানান, তাঁর দাদা চেয়েছিলেন, তাঁকে যেন বার্সার মাঠের পাশে সমাহিত করা হয়, যাতে পরকালেও দলের গোলের আনন্দ শুনতে পারেন। ফর্তের মতে, এমন স্বপ্ন অনেক সমর্থকই দেখেন।
তবে ক্যাম্প ন্যুতে চিরস্থায়ী ঠিকানা পেতে খরচ করতে হবে অর্থ। ১০ বছরের জন্য একটি কুঠুরি ব্যবহারের মূল্য শুরু ২ হাজার ৪৯০ ইউরো থেকে। ২৫ বছরের জন্য খরচ ৪ হাজার ৯৯০ ইউরো এবং ৫০ বছরের জন্য ৫ হাজার ৯৯০ ইউরো। এর সঙ্গে বছরে ৭০ ইউরো রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে। দেহভস্ম রাখার পাত্র ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত ১৮০ ইউরোও লাগবে।
প্রকল্পটির প্রথম ধাপ ২০২৭ সালের শেষ দিকে চালু হওয়ার কথা। দ্বিতীয় ধাপের কাজ শেষ হওয়ার সম্ভাবনা ২০২৮ সালের মাঝামাঝি। এরই মধ্যে এক হাজারের বেশি সমর্থক জায়গা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
বার্সেলোনার এই উদ্যোগ ফুটবলবিশ্বে বেশ ব্যতিক্রমী হলেও একেবারে নতুন নয়। আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস ও এস্পানিওলের মতো ক্লাবেরও সমর্থকদের জন্য একই ধরনের স্মৃতিসৌধ রয়েছে। তবে ২৬ হাজার কুঠুরি নিয়ে বার্সেলোনার প্রকল্পটি আকারের দিক থেকে উল্লেখযোগ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন