শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৯ এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি জানায়, এই পদক্ষেপটি ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে নেওয়া হয়েছে। আল জাজিরা জানায়, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য প্রকাশ করেছে।
তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “এটি আগ্রাসী শত্রুর প্রতি একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালীতে তেল পাচার বন্ধ করতে হবে। এসব লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
এর আগে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে “শত্রুপক্ষের হামলা” হয়েছে।
তবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলার দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলায় স্থাপনাটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নোয়াগাঁও এলাকায় অবস্থিত ঐতিহাসিক ভাওয়াল রাজবাগান। এক সময় ভাওয়াল জমিদারদের বিনোদন ও অবকাশযাপনের অন্যতম স্থান হিসেবে পরিচিত ছিল এই বাগান। প্রায় ১৯ একর জায়গাজুড়ে বিস্তৃত রাজবাগানটি আজ বিভিন্ন কারণে তার পুরোনো জৌলুস হারিয়েছে। তবে সবুজ বৃক্ষরাজি, পুকুর, পাখির কলকাকলি এবং নিস্তব্ধ প্রকৃতির মাঝে এখনো এর রয়েছে এক অনন্য সৌন্দর্য।
রাজবাগানের পরিবেশে একটি ছোট্ট মসজিদ চোখে পড়ে। যদিও আকারে এটি ছোট, ধর্মীয় গুরুত্ব ও স্বতন্ত্র নির্মাণশৈলীর কারণে এটি বিশেষভাবে নজর কাড়ে। মসজিদটির নির্মাণশৈলী বেশ সাধারণ। মাটির নির্মাণের এই ছোট্ট মসজিদে নামাজ আদায়ের জন্য সীমিত ব্যবস্থা রয়েছে। মূল মসজিদের ভেতরে দুই কাতারে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। প্রতিটি কাতারে আটজন করে মোট ১৬ জন মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে একটি ছোট্ট বারান্দা রয়েছে, যেখানে আরো এক কাতারে আটজন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। অর্থাৎ মূল মসজিদ ও বারান্দা মিলিয়ে একসঙ্গে মোট ২৪ জন মুসল্লি এখানে নামাজ আদায় করতে সক্ষম।
মসজিদটির আধুনিক স্থাপত্যের চাকচিক্য কিংবা বিশাল আয়তন নেই। বাহারি নকশা ও দৃষ্টিনন্দন অলংকরণও নেই। কিন্তু এর সরল নির্মাণশৈলী এবং নিরিবিলি পরিবেশ এক ধরনের প্রশান্তির অনুভূতি জাগায়। চারপাশের সবুজ প্রকৃতি যেন মসজিদটিকে ঘিরে রেখেছে আপন মমতায়। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এখানে দাঁড়িয়ে নামাজ আদায়ের মধ্যে রয়েছে এক ভিন্ন আবহ।
এক সময় ভাওয়াল রাজবাগান প্রকৃতিপ্রেমী মানুষের অবকাশযাপনের জায়গা ছিল। বাগানের চারপাশে জলাশয়, বিভিন্ন প্রজাতির গাছপালা এবং পাখির আনাগোনা পরিবেশটিকে মনোরম করে তুলত। রাজবাগানের সার্বিক সৌন্দর্য ও ঐতিহ্যের পাশাপাশি এই ছোট্ট মসজিদটিও দর্শনার্থীদের আগ্রহের একটি বিষয় হতে পারে। বিশেষ করে ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তাদের কাছে এটি আলাদা গুরুত্ব বহন করতে পারে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজবাগানের বিভিন্ন স্থাপনার মতো এই মসজিদটিরও প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ। মসজিদের চারপাশ পরিষ্কার রাখা, প্রয়োজনীয় সংস্কার করা এবং সীমানা নির্ধারণের মাধ্যমে এর পরিবেশ আরো সুন্দর ও নিরাপদ করা যেতে পারে। পাশাপাশি রাজবাগানের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় মসজিদটির স্বতন্ত্র পরিচয় ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখা জরুরি।
ভাওয়াল রাজবাগান শুধুমাত্র একটি পুরোনো বাগান নয়; এটি ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির সম্মিলিত স্মারক। আর সেই স্মারকের নীরব কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট মসজিদটি যেন প্রকৃতির বুকের এক শান্ত আশ্রয়। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা পেলে এই মসজিদ ও রাজবাগান—দুটিই ফিরে পেতে পারে হারানো সৌন্দর্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ ত্যাগ করতে যাচ্ছেন। তার বিনিয়োগের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তার বিনিয়োগের কারণে হয়েছে। এদিকে, ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা।
বৃহস্পতিবার, প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার পর ট্রাম্প জুনিয়রের কালশি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে, ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও ক্রিপ্টোকারেন্সি খাতে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটরা।
কালশি ও প্রতিষ্ঠানটির প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেট—দুটিরই আনুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প জুনিয়র। তার বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে বিনিয়োগ করেছে। অন্যদিকে, কালশির উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য তিনি প্রতিষ্ঠানটির মালিকানার একটি অংশ পেয়েছিলেন।
কালশির এক মুখপাত্র ব্লুমবার্গকে জানিয়েছেন, ‘গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে তাঁর বিনিয়োগের পর আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ডনের উপদেষ্টার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আরও বেশি গ্রাহকের কাছে কালশিকে পরিচিত করতে তাঁর অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’
এর আগে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক দিন আগে ট্রাম্প জুনিয়রকে উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল কালশি। তখন প্রতিষ্ঠানটি তাঁকে ভবিষ্যদ্বাণীমূলক বাজার খাতের একজন ‘সমর্থক’ হিসেবে বর্ণনা করেছিল। একই সঙ্গে জানানো হয়েছিল, তিনি প্রতিষ্ঠানটির বিপণন কৌশল নিয়ে পরামর্শ দেবেন। তবে নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়ে তাঁর কোনো ভূমিকা থাকবে না।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কালশির ভবিষ্যদ্বাণীমূলক বাজারে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা অনেক বেশি দেখানো হয়েছিল। সে সময় জনমত জরিপগুলোতে ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে কালশির পূর্বাভাস ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভবিষ্যদ্বাণীমূলক বাজারের বিরোধিতা মূলত ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এসেছে। তবে কয়েকজন রিপাবলিকানও এ ধরনের প্ল্যাটফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য কালশি ও পলিমার্কেটের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, প্রতিষ্ঠান দুটি অঙ্গরাজ্যগুলোর জুয়াসংক্রান্ত আইন লঙ্ঘন করছে।
ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম হলো এমন একটি অনলাইন ব্যবস্থা, যেখানে মানুষ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কি না, তা নিয়ে অর্থ বিনিয়োগ করেন। যেমন—কোনো নির্বাচনে কে জিতবেন, কোনো দেশ বিশ্বকাপ জিতবে কি না কিংবা নির্দিষ্ট কোনো ঘটনা ঘটবে কি না। এসব সম্ভাব্য ফলাফলের ওপর অর্থ বিনিয়োগের সুযোগ দেয় কালশি ও পলিমার্কেট। সহজভাবে বললে, ভবিষ্যতের বিভিন্ন ঘটনা নিয়ে অর্থের বিনিময়ে বাজি ধরার সুযোগ রয়েছে এসব প্ল্যাটফর্মে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের হাইফা র্যাবাইনিক্যাল আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনৈতিক নেতাদের হত্যার বৈধতা দেওয়ার জন্য ধর্মীয় ফতোয়া প্রদান করেছেন। এই তথ্য ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের একটি প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনটি জানাচ্ছে, অ্যাক্সেলরড একটি হাতে লেখা চিঠিতে উল্লেখ করেছেন যে, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনীতিকদের বিরুদ্ধে ইহুদি ধর্মীয় আইনের ‘দিন রোদেফ’ নীতি প্রয়োগ করা হতে পারে। এই নীতির আওতায় যদি কোনো ব্যক্তিকে অন্যের জীবনের জন্য হুমকি মনে করা হয়, তবে তাকে হত্যার অনুমতি দেওয়ার ব্যাখ্যা রয়েছে।
চিঠিতে অ্যাক্সেলরড যুক্তি উপস্থাপন করেছেন যে, যেসব ইহুদি রাজনীতিবিদ আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করেন, তাদের ক্ষেত্রে ‘দিন রোদেফ’ নীতি প্রযোজ্য। হিব্রু শব্দ রোদেফের অর্থ হলো ‘পিছু ধাবমান ব্যক্তি’ বা ‘আক্রমণকারী’। রাব্বি মোশে বেন মাইমনের ব্যাখ্যা অনুযায়ী, এই ধর্মীয় মতবাদটি কিছু ধর্মীয় আদেশের (মিতজভত) ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা নির্দেশ দেয়: ‘যদি কাউকে ধাওয়া করা হয় (বা আক্রমণ করা হয়), তবে আক্রমণকারীকে হত্যা করে সেই ব্যক্তিকে রক্ষা করতে হবে; আক্রমণকারীর প্রতি কোনো দয়া দেখানো যাবে না; এবং কোনো সহকর্মীর জীবন যখন বিপন্ন, তখন হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না।’
অ্যাক্সেলরডের দাবি, ইসরাইলের আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা ইসরাইলি জনগণের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তিনি সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করা কিংবা তাদের বাইরের সমর্থন নেওয়াকেও এই সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন।
এই ঘটনার পর, ইসরাইলের সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের একটি দল হত্যায় উসকানির অভিযোগে অ্যাক্সেলরডের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। তারা পুলিশের তদন্ত বিভাগের প্রধানের কাছে পাঠানো চিঠিতে রাব্বিকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। অন্যথে, দেশটিতে আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
এদিকে, জয়েন্ট লিস্টের এমপি ওফের কাসিফও অ্যাক্সেলরডের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হত্যার হুমকি বা উসকানি দেওয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
ডেমোক্র্যাটস নেতা ইয়াইর গোলান সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট নির্দিষ্ট শর্ত পূরণকারী দলগুলোকে জোটে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন। মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ২০২১-২২ সালে নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের সরকারেও অংশ নিয়েছিল।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বাবা এই ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে দক্ষিণ পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোবারক ইসলাম আব্দুল মাবুদ ও আমেনা বেগমের বড় ছেলে। তাদের পরিবার একসময় দক্ষিণ পতেঙ্গার লালদিয়ার চরে বসবাস করত। সরকারি উচ্ছেদের পর গত চার বছর ধরে তারা চরপাড়ায় নানাবাড়িতে বসবাস করছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার শাহ আলমের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল ৩টার দিকে এভারগ্রীন কটন ফ্যাক্টরির সামনে মোবারককে চোর সন্দেহে ধরে নিয়ে যাওয়া হয়। পরে একটি মাঠে নিয়ে বাঁশ ও তার দিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে সেখান থেকে একটি গুদামে নিয়ে হাত-পা তার দিয়ে বেঁধে টানা দুই ঘণ্টা নির্যাতন করা হয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাদের দিকেও তেড়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর বিকেল ৫টার দিকে গুরুতর আহত মোবারককে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা আমেনা বেগম জানান, তার ছেলে আগে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বর্তমানে নিয়মিত বাবার চায়ের দোকানে বসতেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হন মোবারক। পরে ছেলেকে নির্যাতন করে হত্যার খবর পান তিনি।
এ ঘটনায় মোবারকের বাবা আব্দুল মাবুদ বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় লোকজনের হাতে আটক একজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি তিন আসামি পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ