প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের শ্রম আদালতে মামলার দীর্ঘসূত্রতা দূরীকরণ, বিচারপ্রার্থী শ্রমিকদের জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি আরও দুটি আদালত স্থাপনের দাবি জানিয়ে সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক।
আজ চট্টগ্রাম জেলা পরিষদ ভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশের পর জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম সচিব বরাবর স্মারকলিপিটি জমা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২১৬ ধারার উপধারা (১২) ও (১৩) অনুযায়ী, মামলা দায়েরের ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি সম্ভব না হলে যথাযথ কারণ উল্লেখ করে অতিরিক্ত ৯০ দিন সময় নেওয়ার সুযোগ রয়েছে। আইন অনুযায়ী সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা নিষ্পত্তি হতে চার থেকে পাঁচ বছর, কখনও কখনও তারও বেশি সময় লাগছে।
বক্তারা আরও বলেন, বেআইনি চাকরিচ্যুতি, বকেয়া মজুরি, সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হয়েও শ্রমিকদের বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। পরবর্তী শুনানির তারিখ পেতে তিন থেকে চার মাস সময় লাগছে। এই পরিস্থিতিতে শ্রমিকরা আর্থিক দুর্ভোগ ও মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন।
সমাবেশে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে চট্টগ্রামের বিদ্যমান দুটি শ্রম আদালতের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ, আরও দুটি শ্রম আদালত স্থাপন, পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলাগুলো আগামী এক মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ এবং এক বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলাগুলো আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম গ্রহণের দাবি।
এছাড়া শ্রম আইনের ২১৬ ধারার আওতায় সব মামলা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি, শুনানির মধ্যে অযৌক্তিক দীর্ঘ বিরতি ও অপ্রয়োজনীয় মুলতবি বন্ধ করার দাবি জানানো হয়। দেশের শ্রম আদালতগুলোর মামলার জট নিরসনে সুনির্দিষ্ট সময় বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি করা হয়।
চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের আহ্বায়ক আবু আহাম্মদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লব। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি মোহাম্মদ আবু ফয়েজ, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আবসার, চট্টগ্রাম পোশাক শ্রমিক ঐক্য পরিষদের নেতা মো. মোর্শেদ আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন