প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে আন্দোলন চলছে। মঙ্গলবার সকাল থেকে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। ফলে শ্রমিকদের কয়েক দফা সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার জামগড়া ও খেজুর বাগান এলাকায় এই ঘটনাগুলি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কিছু পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন। পরে সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায়ও শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে, যেখানে পুলিশ ধাওয়া দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, "আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।" তিনি আরও জানান, সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে, সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভের পর বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী পোশাকশ্রমিকেরা। ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বেলা সোয়া ১২ টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ও আশুলিয়া ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে শিল্পাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তৈমুর বলেন, "শিল্পাঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোন প্রকার নাশকতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন