ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাসায় ওভেন নেই? সাধারণ চুলাতেই বানান রেস্টুরেন্টের স্বাদের মজাদার তন্দুরি চিকেন


বাসায় ওভেন নেই? সাধারণ চুলাতেই বানান রেস্টুরেন্টের স্বাদের মজাদার তন্দুরি চিকেন

তন্দুরি চিকেন খেতে ইচ্ছা হলে, কিন্তু বাসায় যদি ওভেন না থাকে, তাহলে মন খারাপের কিছু নেই। কারণ, তন্দুরি চিকেন প্রস্তুত করতে দামি ওভেন বা বিশেষ কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। সাধারণ গ্যাসের চুলা এবং একটি ঢাকনাযুক্ত প্যান থাকলেই তৈরি করা সম্ভব রেস্টুরেন্টের মতো মজাদার তন্দুরি চিকেন। প্রয়োজন শুধু কয়েকটি সহজ কৌশল জানার।

যা যা লাগবে

মুরগির মাংস ৫০০ গ্রাম

আরও পড়ুন: ক্যানসারের ঝুঁকি কমাতে পারে ৮ সবজি, যেভাবে রান্না করবেন

টক দই আধা কাপ

আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে

লেবুর রস ১ টেবিল চামচ

মরিচের গুঁড়া ১ চা চামচ

আরও পড়ুন: মিস্টার পি’র পার্সেল ডেলিভারি সংকীর্ণ প্যাসেজ পেরিয়ে সম্পন্ন

হলুদ, জিরা ও ধনিয়ার গুঁড়া পরিমাণমতো

গরম মসলা আধা চা চামচ

সরিষার তেল ১ টেবিল চামচ

লবণ স্বাদমতো

আরও পড়ুন: মনজুরুল হকের ‘আমার জাপান জীবনের স্মৃতি’: সংক্ষুব্ধ অভিযাত্রার স্মারকগ্রন্থ

মেরিনেশনেই আসল জাদু

প্রথমে মুরগির টুকরাগুলোতে ছুরি দিয়ে কয়েকটি গভীর দাগ কেটে নিতে হবে। এরপর একটি বাটিতে দই, আদা-রসুন বাটা, লেবুর রস, সব মসলা এবং তেল একসঙ্গে মিশিয়ে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে।

এটি অন্তত ৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে, তাহলে আগের রাতেই মেরিনেট করে রাখা ভালো। বিশ্বাস করুন, স্বাদের পার্থক্যটি খাওয়ার সময়ই বুঝতে পারবেন!

ওভেন ছাড়াই চুলায় রান্না

আরও পড়ুন: প্রোস্টেট ক্যানসারের ৫টি লক্ষণ: সতর্ক থাকুন এবং চিকিৎসকের পরামর্শ নিন

একটি ভারী তলাযুক্ত প্যানে সামান্য তেল ব্রাশ করে মেরিনেট করা চিকেন সাজিয়ে দিতে হবে। মাঝারি আঁচে দুই পাশ হালকা সেঁকে নিতে হবে। এরপর আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ১৫-২০ মিনিট রান্না করতে হবে। মাঝে একবার উল্টে দিতে হবে।

চিকেন সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে অতিরিক্ত পানি শুকিয়ে নিতে হবে। এরপর সামান্য মাখন বা তেল ব্রাশ করে মাঝারি আঁচে দুই পাশ ভালোভাবে সেঁকে নিতে হবে। এতে চিকেনের গায়ে আসবে সুন্দর লালচে পোড়া রং।

মাংসের ভেতরের তাপমাত্রা ১৬৫ক্কঋ বা ৭৪ক্কঈ হওয়া নিশ্চিত করতে হবে।

রেস্টুরেন্টের মতো স্মোকি ঘ্রাণ চাই?

আরও পড়ুন: সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? ৫ লক্ষণে পার্থক্য বুঝবেন

তন্দুরি চিকেনের সেই ধোঁয়াটে ঘ্রাণ পেতে একটি ছোট কয়লার টুকরো ভালোভাবে গরম করে স্টিলের বাটিতে রাখতে হবে। বাটিটি চিকেনের প্যানে বসিয়ে কয়লার ওপর কয়েক ফোঁটা ঘি দিতে হবে। সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে ২-৩ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর কয়লার বাটিটি সরিয়ে ফেলতে হবে।

ব্যস! এবার চিকেনের ঘ্রাণেই জিভে পানি চলে আসবে। তবে কয়লা ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে।

পরিবেশন করবেন যেভাবে

গরম তন্দুরি চিকেনের সঙ্গে পেঁয়াজের রিং, শসা, লেবু ও পুদিনার চাটনি পরিবেশন করতে হবে। নান রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে।

আরও পড়ুন: সত্য ঘটনা অবলম্বনে অপরাধের গল্পে মানুষের আসক্তি কেন বাড়ছে

তাহলে আর রেস্টুরেন্টের জন্য অপেক্ষা কেন? ওভেন না থাকার কারণে তন্দুরি চিকেন খাওয়ার শখ বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না। বরং একদিন নিজেই বানিয়ে ফেলুন। পরিবারের সদস্যরা খেয়ে প্রশংসা করলে রান্নার আনন্দটা যে দ্বিগুণ হয়ে যাবে, তা বলাই বাহুল্য!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস পদ ছাড়ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস পদ ছাড়ছেন

মার্কিন জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন ক্যার্নক্রস প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন। সাময়িকভাবে প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিসকে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ক্যার্নক্রসের প্রশাসনের নীতিনির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে তাঁর বিদায়ের বিষয়টি উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিঘ্ন ঘটার পর এই নেতৃত্ব পরিবর্তনের ঘটনা ঘটছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারস্কুপ জানিয়েছে, ক্যার্নক্রসের বিদায়ের সিদ্ধান্তের পেছনে তাঁর সাইবার নিরাপত্তা-সংক্রান্ত কারিগরি অভিজ্ঞতার ঘাটতি নিয়ে প্রশ্ন ছিল। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে ছিলেন। কার্স্টেন ডেভিসকে ভারপ্রাপ্ত জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

তবে ক্যার্নক্রসের বিদায়ের কারণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য এসেছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যার্নক্রস আরও দুই বছর দায়িত্বে থাকতে চাননি। সিনেটে নতুন নিয়োগের অনুমোদন নিশ্চিত করার জন্য হোয়াইট হাউসকে সময় দিতে তিনি এখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে তাঁর বিদায়কে সৌহার্দ্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, রয়টার্স হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানিয়েছে, তাঁকে বরখাস্ত করা হয়েছে। ক্যার্নক্রস নিজে এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

ক্যার্নক্রস হোয়াইট হাউসের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের কার্যালয়ের নেতৃত্ব দিচ্ছিলেন। এই কার্যালয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সাইবার নিরাপত্তা নীতি ও কৌশলের মধ্যে সমন্বয় করে। ২০২৫ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষাসহ বিভিন্ন নীতিনির্ধারণী কাজে যুক্ত ছিলেন।

গত জুনে ট্রাম্প প্রশাসনের জারি করা একটি নির্বাহী আদেশ তৈরিতেও ভূমিকা রাখেন ক্যার্নক্রস। ওই আদেশে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাজারে ছাড়ার আগে নতুন এআই মডেলগুলো স্বেচ্ছায় সরকারি পরীক্ষার জন্য জমা দিতে বলা হয়েছিল। এ ছাড়া বড় এআই প্রতিষ্ঠানগুলোর সই করা একটি নিরাপত্তা অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

সরকার ও বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার পক্ষে ছিলেন ক্যার্নক্রস। তিনি মনে করতেন, নিরাপত্তাব্যবস্থা এমন হওয়া উচিত নয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নকে অযথা বাধাগ্রস্ত করে। অন্যদিকে, আইনপ্রণেতা ও প্রযুক্তি খাতের কয়েকজন কর্মকর্তা এআই ব্যবহারে আরও কঠোর সরকারি নীতিমালার পক্ষে অবস্থান নিয়েছেন।

এআই নীতির বাইরেও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করেছে তাঁর কার্যালয়। টেক্সাসের পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা সহায়তা দিতে একটি কর্মসূচি চালু করা হয়। পাশাপাশি দক্ষিণ ক্যারোলাইনায় গ্রামীণ হাসপাতালগুলোর নেটওয়ার্ক সুরক্ষা জোরদারে ছয় মাসের একটি পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হয়।

এদিকে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে একাধিক প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে। এর মধ্যে মাইক্রোসফটের সেবা, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা, ব্যাংকিং সেবা এবং জাতীয় নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্কে বিঘ্নের ঘটনা রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, এসব ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয় এবং সমন্বিত বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

ক্যার্নক্রসের বিদায়ের পাশাপাশি সাইবার নিরাপত্তা খাতে প্রশাসনের আরও কয়েকটি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থার (সিআইএসএ) প্রধান পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইকেল লোসাপিওর নিয়োগ নিয়েও সিনেটে শুনানি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর গরুর খামারে প্রযুক্তির প্রভাব, খরচ কমছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


নওগাঁর গরুর খামারে প্রযুক্তির প্রভাব, খরচ কমছে

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি নুর এ আলমের খামার পরিচালনা করা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। একটি স্মার্টফোনের সাহায্যে পুরো খামারের পরিবেশের উপর নজর রাখা সম্ভব হচ্ছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে দূরে থেকেও খামারের প্রয়োজনীয় কারিগরি কর্মকান্ড সম্পন্ন করা যাচ্ছে।

বাহিরে থেকেও মোবাইল ফোনের মাধ্যমে খামারের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার অবস্থা জানা যাচ্ছে। প্রয়োজন হলে দূর থেকে ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু বা বন্ধ করা সম্ভব হচ্ছে। ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তির ব্যবহারে খামার পরিচালনার প্রচলিত পদ্ধতি পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিটি স্থাপনের আগে খামারের দৈনন্দিন কার্যক্রম, গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিবেশ নিয়ন্ত্রণে মাসে খরচ হতো প্রায় দেড় লাখ টাকা। বর্তমানে একই খাতে ব্যয় হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা, অর্থাৎ মাসে সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা। বছরে এ সাশ্রয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী খামারে এই আইওটি প্রযুক্তি স্থাপন করেছে। এতে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। এর মধ্যে মৌসুমী ও পিকেএসএফের আর্থিক সহায়তা ছিল ৫০ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকা খামারি নুর এ আলম দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, স্বল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা খামার পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

জেলার রাণীনগর উপজেলা থেকে আসা খামারী আরিফ মাহমুদ জানান, আগে খামারের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করতে হতো। কখন ফ্যান চালাতে হবে, কখন পানি ছিটাতে হবে কিংবা বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে-এসব বিষয়ে শ্রমিকদের নির্দেশনা দিতে হতো। এখন মোবাইল ফোনের মাধ্যমে খামার পরিচালনা করা সম্ভব হচ্ছে। ফলে সরাসরি উপস্থিত না থেকেও অনেক দূর থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। তাই তিনি জানতে পেরে খামারটি দেখতে এসেছেন।

তিনি আরো জানান, এই আইওটি প্রযুক্তির ব্যবহারে খামারের পরিচালন ব্যয়ে সাশ্রয় হচ্ছে। প্রযুক্তি স্থাপনের আগে খামারের মাসিক মোট ব্যয় ছিল দেড় লাখ টাকা, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। শ্রমিক খাতে মাসে ২০ হাজার টাকা সাশ্রয় হচ্ছে, যা একজন খামারীর জন্য বড় একটি সুখবর। তিনিও তার খামারে এই প্রযুক্তি ব্যবহার করবেন বলে জানান।

হাসিন-হাসিব ডেইরি ফার্মের ম্যানেজার ময়ফুল ইসলাম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু ও বন্ধ করা যায়। এতে শ্রমিকের ওপর নির্ভরতা কমেছে এবং সময় ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হচ্ছে। গবাদিপশুর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সহজ হচ্ছে। তবে পরিচালন ব্যয় কমলেও বিদ্যুৎ বিল আগের মতোই রয়েছে। কারণ ফ্যান, ব্লোয়ার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার এখনো প্রয়োজন অনুযায়ী করতে হচ্ছে। পরিবেশের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় যন্ত্র ব্যবহারে আরও দক্ষতা আনা গেলে ভবিষ্যতে ব্যয় ব্যবস্থাপনায় বাড়তি সুফল পাওয়া সম্ভব হবে।

মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর হোসেন বলেন, অনেক সময় গরুর খামারে তাপমাত্রার তারতম্য, অতিরিক্ত আর্দ্রতা ও পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে গরমের সময় হিট স্ট্রেসের কারণে গরুর খাবার গ্রহণ ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। দুধ উৎপাদনেও এর প্রভাব পড়ে। এসব পরিস্থিতি সামাল দিতে খামারিদের নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু শ্রমিক সংকট ও বাড়তি পরিচালন ব্যয়ের কারণে অনেক সময় তা কঠিন হয়ে পড়ে। খামারে স্থাপন করা আইওটি প্রযুক্তিতে তাপমাত্রা পরিমাপের জন্য রয়েছে বিশেষ সেন্সর। এসব সেন্সরের মাধ্যমে খামারের তাপমাত্রার তথ্য সংগ্রহ করা হয়। মোবাইল অ্যাপ বা মনিটরিং ড্যাশবোর্ডে দেখা যায় সেই তথ্য। তাপমাত্রা নির্দিষ্ট মাত্রার বেশি হলে মোবাইল ফোনের মাধ্যমে ফ্যান কিংবা স্প্রিংকলার চালু করা যায়। চাইলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় ব্লোয়ার, লাইট ও এ•হাস্ট ফ্যান। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয় এবং গবাদিপশুর পরিচর্যার মান উন্নত করা সম্ভব।

নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আইওটি প্রযুক্তির মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত ভাবে খামার পরিচালনা করা যায়। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা খামারে এই প্রথম এমন প্রযুক্তি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে মাঠপর্যায়ে এই ধরনের প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া গেলে খামারীরা আরো অনেক উপকৃত হবেন। বিশেষ করে শ্রমিক সংকটের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রিদে বিতর্কিত স্লোগানের জন্য ইংল্যান্ডকে ১৫ হাজার ইউরো জরিমানা, এক ম্যাচের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


মাদ্রিদে বিতর্কিত স্লোগানের জন্য ইংল্যান্ডকে ১৫ হাজার ইউরো জরিমানা, এক ম্যাচের নিষেধাজ্ঞা

স্পেনের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচে ইংল্যান্ডের জয়ের ফলে সফরকারী সমর্থকদের অ্যান্টি-ক্যাথলিক স্লোগানের কারণে উয়েফার শাস্তির সম্মুখীন হয়েছে ইংল্যান্ড।

ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে ১৫ হাজার ইউরো (প্রায় ১২ হাজার ৫৭২ পাউন্ড) জরিমানা করেছে এবং ইংল্যান্ডের অ্যাওয়ে সমর্থকদের জন্য এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ‘বর্ণবাদী এবং/অথবা বৈষম্যমূলক আচরণ’-এর অভিযোগটি এমন কিছু স্লোগানের সঙ্গে সম্পর্কিত, যা ক্যাথলিক ও আইরিশবিরোধী হিসেবে চিহ্নিত হয়েছে।

আগামী দুই বছরের মধ্যে একই ধরনের অপরাধ সংঘটিত হলে ইংল্যান্ডের অ্যাওয়ে সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মাদ্রিদে অনুষ্ঠিত ম্যাচটির আগে স্পেনের সমর্থকদের পক্ষ থেকে বর্ণবাদী স্লোগান শোনা যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। ইংল্যান্ডের কোচ থমাস টুখেল তখন বলেছিলেন, ম্যাচের আগে তিনি খেলোয়াড়দের উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল সম্পর্কে স্মরণ করিয়ে দেবেন।

টুখেল মন্তব্য করেছিলেন যে, তিনি কোনো অপ্রীতিকর ঘটনার প্রত্যাশা করছেন না। তবে ২০০৪ সালের কুখ্যাত ম্যাচের পর এটি ছিল মাদ্রিদে ইংল্যান্ডের প্রথম সফর। ওই ম্যাচে বার্নাব্যু স্টেডিয়ামে ইংল্যান্ডের খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেওয়া হয়েছিল, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এ বিষয়ে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি আপনাদের বলতে চাই, আর টমাসকেও বলতে পারেন, স্পেনে কোনো বর্ণবাদ নেই।

“একদম পরিষ্কারভাবে বলছি। যেমন ইংল্যান্ডে বর্ণবাদ নেই, তেমনি স্পেনেও নেই। আমরা কেউই বর্ণবাদী নই।”

ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জয়লাভ করে। এর মাধ্যমে তারা স্পেনের টানা ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দেয় এবং লিগ ‘এ’-এর গ্রুপ ৩-এর শীর্ষস্থান নিশ্চিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৭ দফা পতনের পর দেশে সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ এম


টানা ৭ দফা পতনের পর দেশে সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের সোনার বাজার বর্তমানে টানা পতনের মধ্যে রয়েছে। গতকাল বৃহস্পতিবার, দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। এই পতনের ফলে, টানা ৭ দফায় সোনার দাম সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমে গেছে।

বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার গহনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) সারা দেশে এই দামে সোনা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এর আগে, ১৮ নভেম্বর সকালে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এছাড়া, ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে, দেশে টানা সাত দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা সোনার দাম কমেছে। চলতি বছর এখন পর্যন্ত বাজুস দেশের বাজারে ১৪০ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%