০১:৫২ এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য এবং সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার মন্তব্য করেছেন যে, গণঅভ্যুত্থানের পর সংস্কারের দীর্ঘ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন করে সংবিধান সংশোধন কমিটি গঠন করা মূলত আগের ঐকমত্যভিত্তিক সংস্কারপ্রক্রিয়া থেকে সরে আসার ইঙ্গিত দেয়। তিনি বলেন, এই পদক্ষেপটি শুধু জনগণের সঙ্গে করা অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং বিএনপির নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গেও অসংগতিপূর্ণ এবং আত্মপ্রতারণা।
শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে রুপায়ণ ট্রেড সেন্টারের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার উল্লেখ করেন যে, বিএনপি নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। দলটির ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে বিভিন্ন সংস্কার প্রস্তাবের উল্লেখ ছিল। পাশাপাশি তারা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু বাস্তবে তাদের অবস্থান ও পদক্ষেপের মধ্যে বড় ধরনের অসংগতি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
তিনি আরও বলেন, গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলাদা করে অস্পষ্টতা তৈরির সুযোগ নেই। গণভোটে উত্থাপিত চারটি প্রশ্নের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে বলে তিনি মনে করেন।
সারোয়ার তুষার জানান, গণভোটের রায় বাস্তবায়ন করা হলে জুলাই সনদ বাস্তবায়নের পথও উন্মুক্ত হবে। ফলে শুধু জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে গণভোটের রায় কার্যকর করার প্রশ্নটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তা হবে মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার শামিল।
তিনি অভিযোগ করেন, বিএনপি দেশের রাজনৈতিক ইতিহাসকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন থেকে শুরু করার প্রবণতা দেখাচ্ছে। অথচ ওই নির্বাচনের আগে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে একটি দীর্ঘ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।
সারোয়ার তুষার বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির কোনো নোট অব ডিসেন্ট ছিল না। তারপরও সরকার ক্ষমতায় এসে এটি বাতিল করেছে। একইভাবে পুলিশ সংস্কারসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল, সেসব ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, সংস্কার কোনো দলীয় এজেন্ডা ছিল না, বরং অভ্যুত্থানের আগেই এটি জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছিল।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
বিএনপি সরকার যদি সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলের চলমান আন্দোলন ভবিষ্যতে গণআন্দোলনে রূপ নিতে পারে বলেও সতর্ক করেন সারোয়ার তুষার। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান তিন দাবি তুলে ধরে এনসিপি। সেগুলো হলো- অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে; একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।
এমই
আরও পড়ুন: ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবির কর্মচারী সাময়িক বরখাস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন