ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

হুতিদের সৌদির রাষ্ট্রীয় জ্বালানি স্থাপনায় হামলার দাবি


হুতিদের সৌদির রাষ্ট্রীয় জ্বালানি স্থাপনায় হামলার দাবি

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলের খুরাইস এলাকায় রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে।

হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানান, এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে। তিনি দাবি করেন, দুটি হামলাই সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।

ইয়াহইয়া সারি উল্লেখ করেন, হামলাগুলো ছিল অত্যন্ত নির্ভুল এবং এতে লক্ষ্যবস্তু এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও দাবি করেন, সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

এই মুখপাত্র সতর্ক করে বলেন, ভবিষ্যতে সৌদি আরবের সামরিক ও জ্বালানি স্থাপনায় আরো হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

ইয়াহইয়া সারির বক্তব্য অনুযায়ী, গত ১২ ঘণ্টায় ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সাদাহ প্রদেশে সৌদি বাহিনী প্রায় ৫০টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তবে হুতিদের দাবি করা হামলায় সৌদি আরামকোর স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক মামলায় আসামি মুক্তির দাবিতে এসপির কার্যালয় ঘেরাও, গ্রেপ্তার ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


মাদক মামলায় আসামি মুক্তির দাবিতে এসপির কার্যালয় ঘেরাও, গ্রেপ্তার ৩৪

নীলফামারীতে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া সুজন ইসলামকে আদালতে নেওয়ার সময় তার মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে হট্টগোলের ঘটনায় পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি হিসেবে পরিচিত।

শনিবার দুপুরে সুজন ইসলামকে আদালতে নিয়ে যাওয়ার সময় এসপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক ব্যক্তি তার মুক্তির দাবিতে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে তারা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ২০ জনকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুজন ইসলামকে আদালতে পাঠানোর সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে আটক করে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় আটক ২০ জনসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরের মধ্যে বদলে যাবে দেশের পুঁজিবাজারের চেহারা: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


এক বছরের মধ্যে বদলে যাবে দেশের পুঁজিবাজারের চেহারা: অর্থমন্ত্রী

সরকার পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, "আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে।"

অর্থমন্ত্রী আরও বলেন, "আমরা সামগ্রিক উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আগামী এক বছরের মধ্যে আপনারা বাংলাদেশের পুঁজিবাজারের পরিবর্তিত চেহারা দেখতে পাবেন।"

তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন।

অর্থমন্ত্রী আরও জানান, "কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয়েছে, অটোমেশন চালু হয়েছে, সিডিবিএল প্রতিষ্ঠিত হয়েছে এবং অবকাঠামো গড়ে উঠেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে বিষয়গুলো সেভাবে এগোয়নি।"

তিনি বলেন, "পুঁজিবাজারে এখন বাস্তবভিত্তিক ‘উদ্ধার কার্যক্রম’ ও ‘পুনরুদ্ধার কার্যক্রম’ প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো কোনো অংশীজনের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।"

অর্থমন্ত্রী উল্লেখ করেন, প্রচলিত অর্থায়নের উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাংলাদেশ এখন তার আর্থিক কাঠামোতে মৌলিক পরিবর্তনের দিকে এগোচ্ছে।

তিনি বলেন, "আমরা বাংলাদেশের আর্থিক কাঠামো পরিবর্তন করছি। সরকার দেশের সরকারি অর্থব্যবস্থা এবং বেসরকারি খাতে অর্থায়নের কাঠামোও পরিবর্তন করতে চায়। উচ্চ সুদে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতে হবে।"

অর্থমন্ত্রী আরও বলেন, "বিশ্বমানের অর্থনীতির সঙ্গে তাল মেলাতে হলে আমাদের এখন ‘হাই স্ট্রিট থেকে ওয়ার্ল্ড স্ট্রিট’-এর দিকে যাত্রা করতে হবে। আমাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন এবং ইক্যুইটি মার্কেটের ওপর জোর দিতে হবে।"

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রসঙ্গ তুলে তিনি বলেন, "বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহ করতে হবে।"

মন্ত্রী জানান, "আমরা আইএমএফ কর্মসূচি বাতিল করেছি। কারণ তাদের শর্তগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না।"

তিনি আরও জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বাজারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের রূপান্তর ও অর্থনৈতিক পদক্ষেপে প্রখ্যাত বৈশ্বিক বিনিয়োগকারীরা গভীর আস্থা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর শাহরিয়ার গনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমিত আয়ের মানুষের জন্য ১ লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


সীমিত আয়ের মানুষের জন্য ১ লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, সরকার পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তোলার জন্য কাজ করছে। তিনি উল্লেখ করেন, সীমিত আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে দেশের বিভিন্ন সিটি করপোরেশন, জেলা ও গুরুত্বপূর্ণ নগর এলাকায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রবিবার (৪ অক্টোবর) বিকেলে আয়োজিত একটি র‍্যালির আগে তিনি এসব কথা বলেন। র‍্যালিটি জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

মন্ত্রী আরও বলেন, নগরায়ণ যেন অপরিকল্পিতভাবে না হয়, সেজন্য আবাসন, সড়ক, যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যানের আওতায় কাজ করতে হবে। সারা দেশে পরিকল্পিতভাবে নগরায়ণ ও আবাসনব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আগামীকাল সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও মেলায় সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব মো. ওবায়দুর রহমান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় অতিরিক্ত দামে ফল বিক্রির জন্য ৬ ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


কুমিল্লায় অতিরিক্ত দামে ফল বিক্রির জন্য ৬ ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছয় ব্যবসায়ীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে। এই জরিমানা করা হয়েছে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারার কারণে।

রবিবার (৪ অক্টোবর) দিনব্যাপী কান্দিরপাড় এলাকার ফলের দোকান, পুলিশ লাইনস ও ঝাউতলা এলাকায় এ অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের সময় ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের ফলে মিজানের ফল দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার টাকা, জাহির ফল দোকানকে ৩ হাজার টাকা, হোসেন ফল দোকানকে ৩ হাজার টাকা, গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার টাকা এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, "ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।"

অভিযানের সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%