শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৬ পি.এম
ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহের ২৭ নভেম্বর রাত ২ টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর, মরহুমের জানাজা ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পর চরফ্যাশন জাহানপুর পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।
অধ্যক্ষ আব্দুজ জাহের স্যারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা, জাতীয় সংসদের স্পীকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এছাড়াও গভর্নিং কমিটির সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং ভোলা জেলার সকল স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলা জেলায় শোকের ছায়া নেমে আসে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাঘা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নাসির উদ্দিন (১৯) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে লালপুর-বাঘা মহাসড়কের চন্ডিপুর বাজারে জিয়া মিষ্টান্ন দোকানের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাসির উদ্দিন বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাজশাহীর নওহাটা কলিষ্টর থেকে আলু বোঝাই করে একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। যখন ট্রাকটি চারঘাট-ঈশ্বরদী মহাসড়কের বাঘা উপজেলার চন্ডিপুর বাজারে জিয়া মিষ্টান্ন দোকানের সামনে পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়াবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় কাঠের গুঁড়াবোঝাই ট্রাকের চালক নাসির উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার সময় তিনি ওই এলাকায় উপস্থিত ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ট্রাকচালক নাসির উদ্দিনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে তিনি নাসিরের মৃত্যুর খবর পান। এ ঘটনায় আলুবোঝাই ট্রাকের চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন।
এ বিষয়ে নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বন্ধুত্বের বন্ধন, প্রাণবন্ত আড্ডা এবং সমাজের জন্য ভালো কিছু করার প্রত্যয় নিয়ে একত্রিত হয়েছেন বসুন্ধরা শুভসংঘের খিলগাঁও থানা শাখার তরুণেরা। ব্যস্ত নাগরিক জীবনের অবসরে নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরো সক্রিয় হওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে এ মিলনমেলার।
বসুন্ধরা শুভসংঘের খিলগাঁও থানা শাখার উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় তরুণদের অংশগ্রহণে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। হাসি-আড্ডা, পারস্পরিক পরিচিতি এবং ভাববিনিময়ের মাধ্যমে সংগঠনের বন্ধুদের মধ্যে গড়ে ওঠে নতুন যোগাযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
মিলনমেলায় তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে শিক্ষা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আগ্রহ তৈরি করার বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক দিকনির্দেশনায় এ আয়োজন সম্পন্ন হয়। তিনি বলেন, "তরুণদের মধ্যে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে সেই সম্ভাবনাকে সমাজের কল্যাণে কাজে লাগানো সম্ভব। বন্ধুত্বের জায়গা থেকেই মানবিক কাজের সূচনা হতে পারে। সম্মিলিতভাবে এগিয়ে এলে ছোট ছোট উদ্যোগও মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।"
খিলগাঁও থানা শাখার সভাপতি মো. আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের নেতৃত্বে আয়োজনে আরও যুক্ত ছিলেন সহসভাপতি নওরিন, যুগ্ম সম্পাদক নাহিদ, সাংগঠনিক সম্পাদক মুক্তা, ক্রীড়া সম্পাদক লাবন, সমাজকল্যাণ সম্পাদক সজীব এবং সদস্য রাকিব, নেহাল, শাহীন, তুহিন, জাকারিয়া, রাইয়ান, মেহেদী ও ইয়াসির। এ ছাড়া শুভসংঘের বিভিন্ন পর্যায়ের বন্ধু ও শুভানুধ্যায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা শাখার সভাপতি আহসানুল হক।
এ মিলনমেলার মধ্য দিয়ে তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নিয়মিত যোগাযোগ, একসঙ্গে সময় কাটানো এবং মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে শুভসংঘের বন্ধুত্বকে সামাজিক কর্মকাণ্ডে রূপ দেওয়ার প্রত্যয় জানান অংশগ্রহণকারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এই উদ্যোগের মাধ্যমে ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে উল্লেখ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি আরও জানান, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্যে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্পটি বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে।
চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।’
প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’
বক্তব্যে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।’
রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় অবস্থানে রয়েছেন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়।
পরে বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বিজয়ী ও প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা করা থামাবেন না। আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আপনাদের রান্নাকে অনন্য করবে। রান্নার প্রতি আপনাদের আসক্তিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। বিশ্বের দরবারে বাংলাদেশের রান্নাকে আরও প্রসিদ্ধ করতে সহযোগিতা করুন।’
বিশ্বের ক্ষুধা দূরীকরণে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, সবার জন্য খাদ্য নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টির অবসান, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় ও ক্ষতি কমানো এর অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ৬৪টি জেলায়, ৫০০টি উপজেলায়, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।’
তিনি বলেন, ‘বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।’
কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি।’
কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি দূরীকরণে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং পুষ্টির অভাব দূরীকরণে রোগ প্রতিরোধী আলু চাষের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটছে। বর্তমানে ৩০ হাজারেরও বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।
আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টি সংবেদনশীল নীতির ওপরও গুরুত্ব দিতে হবে।
মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।’
ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, ‘আসুন, পৃথিবীকে জিরো হাঙ্গার— শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে আমরা সকলেই প্রচেষ্টা চালাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের ৬৪ জেলায় বছরের পুরো সময় জুড়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই উদ্দেশ্যে আগামী জানুয়ারি মাস থেকে দেশের সকল জেলা ক্রীড়া সংস্থার জন্য একটি বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার চালু করা হচ্ছে। এই ক্যালেন্ডারের আওতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এ উদ্যোগের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়ন করা।
সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ ঘোষণা প্রদান করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "দেশের প্রতিটি জেলায় সারা বছর খেলাধুলা চালু রাখতে সরকার কাজ করছে।" তিনি আরও বলেন, "বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার বাস্তবায়নের মাধ্যমে জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্রীড়াঙ্গনে গতি আসবে।"
সরকারের উদ্দেশ্য হলো, খেলাধুলার সুযোগ দেশজুড়ে ছড়িয়ে দেওয়া, তরুণদের ক্রীড়ামুখী করা এবং খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা। একই সাথে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য পদকজয়ী খেলোয়াড় তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ