০২:২০ পি.এম
বরিশাল মহানগর এলাকার চলাচলকারী থ্রি-হুইলারের যাত্রীদের জন্য বিদ্যমান ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক। একইসাথে লাইসেন্স নবায়ন না করা থ্রি-হুইলারের বিরুদ্ধে দ্রুত সম্মিলিত অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সোমবার, নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় উল্লিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো থ্রি-হুইলার চলাচল করা যাবে না, এই বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এছাড়াও, যাত্রীসাধারণের স্বার্থ বিবেচনায় থ্রি-হুইলারের বর্তমান ভাড়ার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, সব থ্রি-হুইলারের বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।
এছাড়াও সভায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি, থ্রি-হুইলার মালিক সমিতি, এবং চালক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বরিশাল মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীসাধারণ আরও নিরাপদ ও সাশ্রয়ী সেবা পাবেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন