০৭:২৩ পি.এম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, দুর্গাপূজা এখন আর একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব হিসেবে সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু উল্লেখ করেন, আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, যেখানে সকল মানুষের জন্য সমান অধিকার, সুযোগ-সুবিধা ও অংশগ্রহণ নিশ্চিত হবে। রাষ্ট্রের সুযোগ-সুবিধা যেন সবার কাছে সমানভাবে পৌঁছায়, সেটি নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুন: কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ ৪ জন গ্রেফতার
তিনি বলেন, দুর্গাপূজা একটি ধর্মীয় উৎসব হলেও এটি এখন বাংলাদেশের জাতীয় উৎসবে রূপ নিয়েছে। ছোটবেলা থেকেই পূজার আনন্দ ও উৎসবে অংশগ্রহণ করেছি। আমরা সবাই মিলে একটি দেশ গড়তে চাই, যেখানে কোনো বিশেষ গোষ্ঠী নয়, বরং সবাই সমান সুযোগ পাবে। রাষ্ট্র পরিচালিত হবে সবার অংশগ্রহণের মাধ্যমে। তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।
সামাজিক সম্প্রীতি নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিটি সমাজে কিছু দুষ্ট লোক থাকে। তাদের কারণে যেন মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্য নষ্ট না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। এজন্য সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এবারের দুর্গাপূজার আগে থেকেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। মানুষের মধ্যে স্বস্তি, ভালোবাসা ও সম্প্রীতির পরিবেশ থাকলে আনন্দ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। সরকার সেই পরিবেশ ফিরিয়ে আনতে চায়। যদিও কিছু ছোটখাটো অসুবিধা থাকতে পারে, তবে সেগুলোকে বড় করে না দেখে দেশের সামনে থাকা সম্ভাবনাকে গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রামে যখন বন্যা হয়েছিল, তখন চট্টগ্রাম জেলা পরিষদ দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিল। দুর্যোগের সময় মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবেও মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার।
আরও পড়ুন: সেনাপ্রধানের নির্দেশ: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন
আজ সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবের আয়োজনেও চট্টগ্রাম জেলা পরিষদ আপনাদের পাশে রয়েছে। আমরা চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকুক।
তিনি আরো বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবার সহযোগিতায় এবারের দুর্গাপূজা সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
আরও পড়ুন: নেত্রকোনায় গ্রেপ্তার আলো আক্তার হত্যা মামলার পালানো আসামি কাউসার মিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন