প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবর পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে তেলিয়াপাড়া চা-বাগান কর্তৃপক্ষ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে।
শাহ মো. হুমায়ুন কবির শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনের সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
তবে তাঁর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে ইতিপূর্বে তিনি একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহের জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে তাঁকে বাগান কার্যালয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত শাহ মো. হুমায়ুন কবির ঢাকা ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় সূত্র ও তাঁর সহকর্মীদের দাবি, বালু উত্তোলন, গাছ চুরি, চা-পাতা পাচার এবং ভারত থেকে অবৈধভাবে আসা চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে একজন প্রবীণ সাংবাদিককে চাঁদাবাজির অভিযোগে আটক ও আদালতে পাঠানোর ঘটনায় হবিগঞ্জের সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকতার আড়ালে কেউ অপরাধ করলে অবশ্যই আইনের আওতায় আসবে, তবে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সাংবাদিক ও সচেতন মহল।
তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং আইনানুগভাবে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন