প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরপক্ষের পক্ষ থেকে যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটে গত শুক্রবার ভারতের হরিয়ানার সোনিপতের মামচাঁদ ভাটিকায়। অভিযুক্ত বর কুলদীপ, যিনি দিল্লি পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত, হঠাৎ করে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ায় বিয়েবাড়ির আনন্দময় পরিবেশ বিষাদে পরিণত হয়।
কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, কুলদীপের জন্য কনের পরিবার প্রায় সাড়ে ৯ লাখ রুপি মূল্যের একটি হুন্দাই অরা গাড়ি বুকিং দিয়েছিল। কিন্তু বর কুলদীপ সেটির পরিবর্তে প্রায় ১৩ লাখ রুপি মূল্যের মারুতি ব্রেজা গাড়ির জন্য জেদ ধরেন। কনের পরিবার নতুন গাড়ি বুক করার চেষ্টা করেছিল, তবে শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। এ ঘটনার পর বর ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কনের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে।
সুভাষের দাবি, বিয়ের আয়োজন করতে তিনি ২৫ থেকে ৩০ লাখ রুপি খরচ করেছেন। এছাড়া, মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কারণে সামাজিকভাবে তারা অপদস্থ হয়েছেন। অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে সুভাষ তার মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক করেছিলেন এবং ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য ছিল। কনের বাবার অভিযোগ, বিয়ে পাকা হওয়ার পর থেকেই বর পক্ষ থেকে গাড়ি ও গয়নার দাবি উঠতে শুরু করে।
সুভাষ দাবি করেন, তিনি বর কুলদীপের জন্য ইতিমধ্যে প্রায় সাড়ে ৯ লাখ রুপি মূল্যের হুন্দাই অরা গাড়ি বুক করেছিলেন। তবে বিয়ের ঠিক একদিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন যে, কুলদীপ ওই গাড়িতে সন্তুষ্ট নন এবং একটি মারুতি ব্রেজা গাড়ি চান। এরপর কনের পরিবার আগের বুকিং বাতিল করে ব্রেজা গাড়ি জোগাড় করার চেষ্টা শুরু করে। কিন্তু বিয়ে একেবারে দোরগোড়ায় চলে আসায় তারা সময়মতো গাড়িটি ব্যবস্থা করতে পারেননি। কনের বাবার দাবি অনুযায়ী, দাবি করা ব্রেজা গাড়িটির দাম ছিল প্রায় ১৩ লাখ রুপি।
অভিযোগ শুধু গাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সুভাষ দাবি করেন, তার পরিবার বরকে দুই ভরি ওজনের সোনার চেইন, বরের মাকে চার ভরি সোনার কানের দুল এবং রুপার নূপুর দেওয়ার জন্যও রাজি হয়েছিল। তিনি আরো অভিযোগ করেন, বরের বড় ভাই এবং ভাবির জন্যও গয়না দাবি করা হয়েছিল, যার প্রেক্ষিতে কনের পরিবার সেসব গয়নার অর্ডারও দিয়ে রেখেছিল।
বিয়ের জন্য আসবাবপত্র এবং অন্যান্য গৃহস্থালি সামগ্রীরও ব্যবস্থা করা হয়েছিল; কনের বাবার দাবি অনুযায়ী কেবল আসবাবপত্র কিনতেই তার প্রায় ১ লাখ ৩২ হাজার রুপি খরচ হয়েছে। বিয়ের দিন কনের পরিবার মামচাঁদ ভাটিকায় প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের ব্যবস্থাসহ জাঁকজমকপূর্ণ আয়োজন করেছিল। কিন্তু বরযাত্রী নিয়ে আসার বদলে কুলদীপ সাধারণ পোশাকে তার মাকে সঙ্গে নিয়ে পরিবারের অল্প কয়েকজন সদস্য নিয়ে বিয়ের আসরে পৌঁছান এবং ব্রেজা গাড়িটি খুঁজতে থাকেন। গাড়িটি দেখতে না পেয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
সুভাষের অভিযোগ, বর কনের পরিবারের সদস্যদের গালিগালাজ করেন এবং হিনার ভাই সাহিলের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন। তিনি দাবি করেন, আত্মীয়-স্বজন বারবার হাতজোড় করে কুলদীপ ও তার মাকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ করলেও তারা তা প্রত্যাখ্যান করেন এবং শেষ পর্যন্ত সেখান থেকে চলে যান। কনে বিয়ের সাজে মণ্ডপে বসে বরের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু বর আর ফিরে আসেননি।
কনের বাবা আরো জানান, বরের পক্ষ থেকে মাত্র ২০-৩০ জন মানুষ বিয়ের আসরে এসেছিলেন। বর চলে যাওয়ার পর কনের পক্ষের অনেক অতিথিও না খেয়েই চলে যান, যা পরিবারটির আর্থিক ক্ষতি এবং সামাজিক অপমান আরো বাড়িয়ে দেয়। তিনি জানান, তাদের পরিবার নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী বিয়ের সব আয়োজন করেছিল। সুভাষ কুমার জানান, তার মেয়ে হিনা এমএ এবং জেবিটি ডিগ্রিধারী, আর অভিযুক্ত কুলদীপ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছেন।
ঘটনার পর উভয় পক্ষই 'ডায়াল ১১২'-এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে কনের বাবা সুভাষ কুমার সোনিপতের সেক্টর ২৭ থানায় বর কুলদীপ, তার মা, বড় ভাই, ভাবি এবং দুই মধ্যস্থতাকারীর বিরুদ্ধে যৌতুক দাবি, গালিগালাজ এবং বিয়ের আসরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সেক্টর ২৭ থানার স্টেশন হাউস অফিসার সাবিত কুমার জানিয়েছেন, পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং জিজ্ঞাসাবাদ ও আলোচনার জন্য উভয় পক্ষকে থানায় তলব করেছে। তিনি জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে; সেই আলোচনার ফলাফল এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া কুলদীপ দিল্লি পুলিশে কর্মরত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো দিল্লি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন