প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেখ হাসিনাকে ‘বঙ্গশত্রু’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ মন্তব্য করেছেন যে, শেখ হাসিনাসহ যারা অপরাধ করে বিদেশে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে সাইমুম পারভেজ জানান, ‘শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে আসতে পারবেন না এবং আসতে চানও না আসলে।’
তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে রবিবার (২২ নভেম্বর) ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের বর্তমান অবস্থা, গোপালগঞ্জের সহিংসতা, গণহত্যার বিচার ও রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।
সাইমুম পারভেজ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে চলমান সংকটের মূল কারণ হচ্ছে আদর্শিক সমস্যা। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা এবং জনগণের সঙ্গে সম্পর্ক হারিয়ে আওয়ামী লীগের অবশিষ্ট অংশ এখন একটি ছোট ‘কাল্টে’ পরিণত হয়েছে। সেখানে শেখ হাসিনা, শেখ মুজিব এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি এক ধরনের দেবত্ব দেওয়া হয়েছে, যার ফলে তাদের নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘তারা নিজেদেরই হাসপাতাল ভাঙছে, নিজেদেরই রাস্তাঘাট কাটছে, নিজেদেরই দোকানপাট বন্ধ করে রাখছে।’ তিনি মন্তব্য করেন, একটি শহর বা জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে যেসব কার্যক্রম প্রয়োজন, সেগুলো তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছে। তার প্রশ্ন ছিল, ‘এর ফলে আসলে কার কী উপকার হচ্ছে?’
আন্দোলন মোকাবেলায় বিএনপি সরকারের সঙ্গে আগের সরকারের পার্থক্য তুলে ধরে সাইমুম পারভেজ বলেন, সরকার রাষ্ট্রীয় সহিংসতার পথে যেতে চায় না। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবেলা করতে চায়। আওয়ামী লীগের অবশিষ্ট অংশ রাজনৈতিক সহিংসতায় জড়িত একটি ছোট গোষ্ঠীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি মনে করেন, কয়েকটি এলাকায় গুপ্ত হামলা চালিয়ে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলা সম্ভব হবে না।
দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে বামপন্থী, ডানপন্থী, জামায়াত ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলার প্রশ্নে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে বলে দাবি করেন সাইমুম পারভেজ।
আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গণহত্যার পর অপরাধের দায় অস্বীকার করলে এবং অনুশোচনা না থাকলে রাজনৈতিক পুনর্মিলন সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জনগণের সঙ্গে বোঝাপড়ায় আসতে হবে। যারা অপরাধ করেছেন, তাদের আগে অপরাধ স্বীকার করতে হবে। একই সঙ্গে গণহত্যার জন্য দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানকারীদের বিচারের বিষয়ে তিনি বলেন, যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত অথবা হত্যার নির্দেশ দিয়েছেন, তাদের অপরাধ অনুযায়ী স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নির্ধারণ করা হবে। আদালত ফাঁসি, যাবজ্জীবন অথবা অন্য যে সাজাই দেন, তা কার্যকর করা হবে। জনগণকে সঙ্গে নিয়েই সরকার এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে সাইমুম পারভেজ বলেন, দলটি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় রাজনীতি করেছে। তিনি জানান, সরকার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় অথবা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। তিনি বলেন, যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের সমাজে পুনর্বাসনের চেষ্টা থাকবে।
এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ও রুয়ান্ডার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পুনর্মিলনের জন্য অপরাধীদের দায় স্বীকার করতে হয়। তিনি সতর্ক করেন, অপরাধ অস্বীকার বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পুনর্মিলনের পথ তৈরি হয় না।
এদিকে কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮০ কোটি টাকার জলবায়ু অর্থায়ন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ড. সাইমুম পারভেজ। তিনি জানান, আরো প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, জলবায়ু খাতে বিনিয়োগের জন্য জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬৫ কোটি টাকা।
এ ছাড়া জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগ গ্লোবাল শিল্ড অ্যাগেইনস্ট ক্লাইমেট রিস্কসের আওতায় বাংলাদেশকে তিন কোটি ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সাইমুম পারভেজ বলেন, জলবায়ু ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি জোরদার করাই এ অর্থায়নের উদ্দেশ্য। তিনি বলেন, দুর্যোগের আগেই অর্থের ব্যবস্থা রাখা গেলে ক্ষয়ক্ষতির পর দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে।
তিনি আরো জানান, গ্লোবাল শিল্ডের আওতায় অতিরিক্ত দুই কোটি ইউরো বা প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম পর্যায়ের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ এ অর্থ পেতে পারে।
সিআইএফ ও গ্লোবাল শিল্ডের ঘোষিত অর্থায়ন মিলিয়ে বাংলাদেশ প্রায় ৭৮০ কোটি টাকা পাচ্ছে। প্রক্রিয়াধীন অর্থায়নও পাওয়া গেলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন