ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

আদ-দ্বীন হাসপাতাল ছেড়ে গেলেন ১৭৩ রোগী


আদ-দ্বীন হাসপাতাল ছেড়ে গেলেন ১৭৩ রোগী

লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল থেকে ১৭৩ জন রোগী ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

একই সঙ্গে হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি, বলে জানা গেছে।

আজ শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

সম্প্রতি ছয় শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ জুন) হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতালের রোগীদের অন্যত্র স্থানান্তরের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

এরপর থেকেই চিকিৎসাধীন রোগীরা ধীরে ধীরে অন্য হাসপাতালের দিকে যেতে শুরু করেন।

জানা গেছে, বর্তমানে সেখানে এখনো প্রায় ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তবে আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউতে থাকা সংকটাপন্ন রোগীদের স্থানান্তর নিয়ে জটিলতা তৈরি হয়েছে, বলে জানিয়েছেন রোগীদের স্বজনরা। তাদের মতে, এসব রোগীকে অন্য হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

এদিকে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তাদের দাবি, জনস্বার্থ ও রোগীদের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করা হবে এবং ইতিবাচক সিদ্ধান্তের আশা করা হচ্ছে।

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝরাতের সিসিটিভি ফুটেজে উন্মোচিত হলো ভয়ংকর রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


মাঝরাতের সিসিটিভি ফুটেজে উন্মোচিত হলো ভয়ংকর রহস্য

একটি চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় হঠাৎ করেই এসে পড়ল ভারী একটি ইট। উপর্যুপরি রক্তাক্ত হয়ে তিনি ছিটকে পড়লেন। এরপর পাশেই দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি এসে তাকে ধরাধরি করে তুলে নিয়ে গেল একটি অটোরিকশায়। প্রথম দর্শনে মনে হতে পারে, উপর থেকে ইট পড়ে আহত হওয়া কোনো পথচারীকে উদ্ধার করছেন কিছু 'দয়াশীল' মানুষ।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রাজধানীর কাফরুলের এই গা শিউরে ওঠা সিসিটিভি ফুটেজের পেছনের গল্পটি আসলে মানবিকতার কোনো কাহিনী নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ও অতি নৃশংস হত্যাচেষ্টার বিবরণ। কাফরুল থানা পুলিশ অবশেষে এই রহস্যের জট খুলেছে। ঢাকা ও সীমান্ত সংলগ্ন এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার মূল পরিকল্পনাকারীসহ আরও দুজনকে।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন: মো. পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। তাদের মধ্যে পারভেজকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে এবং বাবুকে রাজধানীর ইব্রাহিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিম রাফির মোটরসাইকেল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার (৯ জুন) রাত সোয়া ১টা নাগাদ পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে ইব্রাহিমপুর পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। ভিকটিম রাফি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এই ঘটনার পরে আসামিরা রাফিকে উদ্ধার করার অভিনয় সাজিয়ে অটোরিকশায় তুলে নেয় এবং পরবর্তীতে ইব্রাহিমপুর এলাকায় নির্জন রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। তারা আশপাশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল যে, উপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে পুলিশ এই চক্রের চারজনকে শনাক্ত করতে সক্ষম হয়। চিহ্নিত ব্যক্তিরা হলেন: পারভেজ, কালু, বাবু ও আমিন। এদের মধ্যে পারভেজ ও কালু চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

তদন্তে জানা গেছে, পারভেজ আগে রাফিদের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন। এই সূত্রে রাফির সঙ্গে তার পরিচয় গড়ে উঠে। পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা করতো, যা নিয়ে রাফির সঙ্গে তাদের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। ঘটনার এক দিন আগে সন্ধ্যায় রাফির সঙ্গে পারভেজ ও কালুর তুমুল কথাকাটাকাটি হয় এবং তারা রাফিকে 'দেখে নেয়ার' হুমকি দেয়।

পরদিন রাতেই তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় ওত পেতে বসে থাকে। যখন রাফি ওই রাস্তা দিয়ে যেতে থাকে, তখন আমিন নামের একজন তার গতিরোধের চেষ্টা করে। রাফি গতি কমাতে চাইলে পারভেজ সরাসরি তার মাথার ডান পাশে ইট দিয়ে সজোরে আঘাত করে।

এই ঘটনার প্রেক্ষিতে রাফির চাচা নূর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িত বাকি দুই আসামি ফয়সাল ওরফে কালু এবং আমিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘণ্টাখানের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকা তলিয়ে গেল, নগরবাসী ভোগান্তিতে পড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


ঘণ্টাখানের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকা তলিয়ে গেল, নগরবাসী ভোগান্তিতে পড়লেন

শুক্রবার (১২ জুন) দুপুরের পরে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে সড়কগুলো তলিয়ে যায়। এর ফলে রাজধানীবাসী চরম দুর্ভোগে পড়েন। বিকেলে শুরু হওয়া টানা প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে নগরবাসী ভোগান্তিতে পড়েন।

এদিকে, দুর্ভোগের এই চিত্রের মাঝেই দেখা যায়, কোথাও কোথাও জমে থাকা পানিতে শিশুরা খেলায় মেতে উঠেছে। এই অবস্থায় একই সঙ্গে নগরজীবনের ভোগান্তি এবং শিশুদের উচ্ছ্বাসের ভিন্ন দুই দৃশ্য রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে, যার ফলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার নিচু সড়ক এবং গলিতে হাঁটুসমান পানি জমেছে বলেও খবর এসেছে। হঠাৎ বৃষ্টির কারণে পথচারী এবং মোটরসাইকেল আরোহীরাও বিপাকে পড়েছেন। বহু স্থানে সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান নূরুন্নিসা সিদ্দীকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


আদ-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান নূরুন্নিসা সিদ্দীকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। তারা সেখানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।

শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ছয় নবজাতকের মৃত্যুর কারণে সরকার বৃহস্পতিবার (১১ জুন) আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশের উত্তর সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সাপ্তাহিক ছুটির আগের দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে হাসপাতালের মধ্যে চিকিৎসা সেবা নেওয়া রোগীরা অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। নবজাতকদের মৃত্যু নিঃসন্দেহে মর্মান্তিক এবং এটি হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার পরিচায়ক। তবে ঘটনা ঘটে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের বিষয়টিও মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল।

নূরুন্নিসা সিদ্দীকা মন্তব্য করেন, হাসপাতাল কার্যক্রম বন্ধ হওয়ার আগে রোগীদের বিকল্প চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত ছিল। অন্যথায় নারী, শিশু ও অন্যান্য রোগীরা অসুবিধায় পড়তে পারে।

তিনি উল্লেখ করেন, প্রায় তিন দশক ধরে আদ্‌-দ্বীন হাসপাতাল স্বল্প খরচে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। বিশেষ করে এটি নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষকে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে।

এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের গৃহীত এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসপাতাল ভর্তি নারীরা, শিশু এবং অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা যেন বিঘ্নিত না হয়, সেটা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সুড়ঙ্গ-২’ নিয়ে চমক, জুটি বাঁধছেন নিশো-রাফী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


‘সুড়ঙ্গ-২’ নিয়ে চমক, জুটি বাঁধছেন নিশো-রাফী

বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এসেছে একটি বড় সুখবর। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার নির্মিত হতে যাচ্ছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’, এরকম জানিয়েছে সংশ্লিষ্টরা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ‘সুড়ঙ্গ’ সমালোচকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা অর্জন করে। সিনেমাটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে সম্মাননা লাভ করে। সেই সাফল্যের মধ্যবর্তী ধারাবাহিকতায় পরিচালক রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশোর সফল জুটি আবারও নতুন চমক নিয়ে ফিরছেন বড় পর্দায়। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রথমবারের মতো রুপালি পর্দায় অভিষেক করেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ‘মাসুদ’ চরিত্রে নিশোর অভিনয় ব্যাপক প্রশংসা পায়। একই সাথে এটি দেশ ও বিদেশে দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলে এবং বক্স অফিসে ব্যবসায়িক সফলতা অর্জন করে। সেই সফলতার ধারাবাহিকতায় এবার আসছে ‘সুড়ঙ্গ-২’। নির্মাতা ও প্রযোজনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম চলচ্চিত্রের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন অধ্যায়ের সূচনা হবে। আরও বড় ক্যানভাস, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের নির্মাণ এবং নতুন সব চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবে এই সিক্যুয়েল। এই প্রসঙ্গে এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সনি জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’র সাফল্য দেখিয়েছে যে স্থানীয় শিকড়ে দাঁড়িয়েও বিশ্বজনীন আবেদন তৈরি করা সম্ভব। তাই ‘সুড়ঙ্গ ২’-এর মাধ্যমে আমরা শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে চাই না বরং এমন একটি গল্প বলতে চাই যা বর্তমান দর্শকদের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎকে প্রতিফলিত করবে। এ সম্পর্কে ‘সুড়ঙ্গ’-এর সংলাপের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ আমার চলচ্চিত্র যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর একটি। এ চলচ্চিত্রকে দর্শক যেভাবে হৃদয়ে জায়গা দিয়েছেন তা শুধু ভালোবাসা নয়, আমাদের প্রতি এক গভীর দায়িত্বও তৈরি করেছে। রাফী আরও জানিয়েছেন, ‘সুড়ঙ্গ-২’-এ আমরা এমন একটি গল্পের দরজা খুলতে যাচ্ছি যা শুধু আগের কাহিনির ধারাবাহিকতা নয় বরং আমার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই—সবকিছুকে এবার আমরা আরও বৃহৎ পরিসরে দেখার চেষ্টা করেছি। সবশেষে দর্শকের উদ্দেশে এ নির্মাতা বলেছেন, দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ— ‘সুড়ঙ্গ-২’ সিনেমাকে শুধু একটি সিক্যুয়েল হিসেবে নয়, একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখুন। কারণ এবার আমরা শুধু একটি গল্প বলছি না, আমরা তৈরি করছি আরও বড়, আরও গভীর এবং আরও স্মরণীয় এক জার্নি। এ প্রসঙ্গে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেছেন, ‘সুড়ঙ্গ’-এর সাফল্য আমাদের দেখিয়েছে যে, বাংলাদেশের দর্শক এখন বিশ্বমানের কনটেন্ট দেখতে চায়। সেই লক্ষ্য নিয়েই আমরা ‘সুড়ঙ্গ-২’ নির্মাণ করছি। গল্প, নির্মাণ ও প্রযোজনার প্রতিটি ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করছি। দর্শকদের জন্য এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা। প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আফরান নিশো বলেছেন, আমার প্রথম সিনেমা ছিল সুড়ঙ্গ, তাই এটি সবসময় আমার জন্যে বিশেষ কিছু! ‘মাসুদ’ চরিত্রটি আমার চলচ্চিত্রের জার্নিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শকরা যেভাবে এই চরিত্রকে ভালোবেসেছেন, তা আমার জন্য বিশেষ পাওয়া। সুড়ঙ্গ-২ নিয়ে আমি এতটুকু বলতে চাই, নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে। বর্তমানে চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই সিনেমার অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। জানা গেছে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লি. প্রযোজিত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%