প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ সীমিত করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শ্রম বিভাগ একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড কর্মসূচিতে নতুন বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে। এর ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন মার্কিন কোম্পানির জন্য বিদেশি দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া আরো কঠিন হয়ে উঠতে পারে।
সোমবার যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ এ প্রস্তাব প্রকাশ করেছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশি কর্মীদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাওয়ার পথ আরও সংকুচিত হবে। এটি ট্রাম্প প্রশাসনের বৈধ অভিবাসন সীমিত করার সর্বশেষ পদক্ষেপ।
নতুন প্রস্তাবের আওতায় রয়েছে ‘পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন’ বা পার্ম (পিইআরএম) কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ও আউটসোর্সিং কোম্পানিগুলো বিদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের আবেদন করতে পারে। ফলে সাময়িক কাজের ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি কর্মীরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে প্রমাণ করতে হয় যে, সংশ্লিষ্ট পদে কাজ করার জন্য পর্যাপ্ত যোগ্য মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের কারণে মার্কিন নাগরিকদের বেতন ও কর্মপরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না, সেটিও নিশ্চিত করতে হয়।
তবে প্রস্তাবিত পরিবর্তনে নিয়োগদাতাদের এসব শর্ত পূরণে আরো কঠোর প্রমাণ দিতে হবে। বিশেষ করে বিদেশি কর্মী নিয়োগের ফলে মার্কিন কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন না, তা প্রতিষ্ঠা করতে কোম্পানিগুলোকে আগের চেয়ে বেশি উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া যেসব পেশায় দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে বলে বিবেচনা করা হতো এবং এত দিন কিছু নিয়োগের ক্ষেত্রে ছাড় দেওয়া হতো, সেসব পেশাকেও নতুন নিয়মের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পেশাদার নার্স এবং অসাধারণ দক্ষতাসম্পন্ন বিজ্ঞানীদের মতো পেশাজীবীরাও অন্তর্ভুক্ত।
নতুন প্রস্তাবে নিয়োগপ্রক্রিয়া আধুনিক করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। কোম্পানিগুলোকে আরো বিস্তৃত পরিসরে যোগ্য মার্কিন কর্মী খুঁজতে হবে। এ ক্ষেত্রে শুধু ছাপানো বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে ইলেকট্রনিক মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের মতো পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো, কোনো মার্কিন প্রতিষ্ঠান একই ধরনের পদে কর্মী ছাঁটাই করার পরবর্তী দুই বছরের মধ্যে ওই পদে বিদেশি কর্মী নিয়োগের জন্য পার্ম সনদ (পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন) চাইতে পারবে না।
এর আগে গত অক্টোবরেও ট্রাম্প প্রশাসন বড় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে পার্ম কর্মসূচির আওতায় আবেদন করা থেকে বিরত রেখেছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি, মাইক্রোসফট এবং কয়েকটি বড় তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং কোম্পানি রয়েছে। শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে সবচেয়ে বেশি স্থায়ী শ্রম সনদের আবেদন করে মাইক্রোসফট।
নতুন প্রস্তাবটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। কার্যকর হওয়ার আগে এটি নিয়ে ৬০ দিন জনমত গ্রহণ করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা কমানো এবং দেশটিতে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পাওয়ার পথ সংকুচিত করার বৃহত্তর নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন