ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

একটি দাতিনা মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায়


একটি দাতিনা মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায়

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়া একটি ৮ কেজি ওজনের সামুদ্রিক কালো দাতিনা বা (Goldsilk seabream) মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাছটি আলীপুর বন্দরের মেসার্স সাগর ফিসে খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার টাকা দরে বিক্রি হয়।

এই মাছটি মূলত সুন্দরবন অঞ্চল ও উপকূলীয় লোনা বা আধা-লোনা পানিতে পাওয়া যায়। অঞ্চলভেদে এই মাছটিকে, কালো দাতিনা, সাদা দাতিনা, জাতি দাতিনা বা রাজা দাতিনা নামে ডাকা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

 

এ প্রজাতির সচরাচর এ ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়ে না। সুতরাং, খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য আড়তে মানুষের ভিড় লেগে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছটি আড়তে তোলা হলে ডাকের মাধ্যমে ‘ফ্রেশ ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি.এম মুসা কিনে নেন। তিনি মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলেও জানিয়েছেন।

মাছটি পাওয়া এফবি মিম ট্রলারের জেলে সিদ্দিক জানান, ছোট জাটকা ইলিশ মাছের পাশাপাশি একটি দাতিনা মাছ পেয়েছি। খুব ভালো দামে বিক্রি করেছি। এসব মাছ পেলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আমরা অনেক খুশি।

আরও পড়ুন: অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল, সংস্কারের দাবি

স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও দাঁতিনা নামেও পরিচিত। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে মাছটির বায়ুথলি বা এয়ার ব্লাডার চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হওয়ায় এর দাম অনেক বেশি।

সিফাত ফিসের আড়তদার মীর মিজানুর রহামান বলেন, আজকে মাছটি তুলনামূলক কম দামে বিক্রি হয়েছে। মাঝে মাঝে ৪ লাখ টাকাও মণে এসব মাছ বিক্রি হয়। জেলেদের পাশাপাশি আমরা আড়তদাররাও অনেক খুশি।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটির বৈজ্ঞানিক নাম Acanthopagrus berda। শারীরিক গঠনের দিক থেকে কালো দাতিনা মাছটি সর্বোচ্চ ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হওয়ার রেকর্ড রয়েছে, তবে প্রাকৃতিকভাবে আমাদের জেলেরা সাধারণত ৩৫ সেন্টিমিটার এর কাছাকাছি আকারের মাছ বেশি পেয়ে থাকে। ছোট কাঁকড়া ও চিংড়ি, ছোট মাছ, শামুক ও ঝিনুক এবং পানির তলদেশের বালু বা কাদার মধ্যে থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কৃমি এদের সবচেয়ে প্রিয় খাবার। এদের চোয়াল খুব শক্তিশালী হওয়ায় এরা সহজেই শক্ত খোলসযুক্ত কাঁকড়া বা চিংড়ি চিবিয়ে খেতে পারে।

তিনি আরও বলেন, তবে জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় পরিবেশ দূষণের কারণে এদের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো হুমকির মুখে পড়ছে। তাই ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতির বিকাশ এবং পুষ্টির চাহিদা পূরণে এই কালো দাতিনা মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং এদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা এখন সময়ের দাবি।

আরও পড়ুন: বাঁশখালী মহাসড়ক প্রশস্তকরণ হচ্ছে

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, এ মাছগুলো কালো পোয়া মাছ। স্থানীয় ভাষায় এগুলোকে দাতিনা মাছ বলা হয়। এসব মাছ সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এ মাছের বায়ুথলি থেকে কসমেটিকস, মেডিসিন, সুতা তৈরি হয় বলে এর চাহিদা বেশি। তবে সবসময় এ মাছ পাওয়া যায় না। সাম্প্রতিক ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলেই জেলেরা এখন বেশি মাছ পাচ্ছেন, এতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।

এর আগে ২ সেপ্টেম্বর সাড়ে ৪ কেজি ওজনের একটি কালো দাতিনা ৭২ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সারের সংকট নেই: বিভাগীয় কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


রাজশাহীতে সারের সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগের কমিশনার ইউসুফ আলী জানিয়েছেন, রাজশাহীতে সারের সংকট নেই। কৃষকদের চাহিদা পূরণের জন্য সরকারি গুদামে যথেষ্ট পরিমাণে ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে। তিনি সারের সংকট নিয়ে ছড়িয়ে পড়া খবরকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসন্ন আমন ও বোরো মৌসুমের জন্য সারের মজুত পরিস্থিতি পরিদর্শন করতে নগরের নওদাপাড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গুদামে গিয়েছিলেন বিভাগীয় কমিশনার।

তিনি উল্লেখ করেন, বর্তমানে গুদামে মজুত সারের পরিমাণ জেলার মাসিক চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি। কৃষকদের তিনি আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।

 

বিভাগীয় কমিশনার আরও জানান, বিসিআইসির বাফার গুদামে বর্তমানে ৯ হাজার ৮০৪ টন ইউরিয়া, ৪৩০ টন টিএসপি ও ৮৫ দশমিক ৫ টন ডিএপি সার মজুত রয়েছে। অন্যদিকে, বিএডিসির গুদামে ৬ হাজার ৩১২ টন টিএসপি, ৮০১ টন এমওপি ও ৪ হাজার ৩৪৮ টন ডিএপি সার মজুত রয়েছে।

তিনি বলেন, চলতি মাসে টিএসপি সারের বরাদ্দ ১ হাজার ৪৫ মেট্রিক টন। এর বিপরীতে গুদামে প্রায় ৬ হাজার ৩০০ মেট্রিক টন মজুত রয়েছে। একইভাবে, চলতি মাসে জেলার জন্য ইউরিয়া সারের বরাদ্দ ৫ হাজার ৭০০ মেট্রিক টন হলেও একটি গুদামে প্রায় ১০ হাজার টন ইউরিয়া মজুত রয়েছে।

ইউসুফ আলী জানান, সারের কোনো সংকট নেই। গুদামে পর্যাপ্ত সার রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিলারদের কাছে সার সরবরাহ করা হচ্ছে এবং তাঁরা দোকানে বিক্রি করছেন।

সারসংকট নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্যের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। গুদামে সারের মজুত সবার সামনে দৃশ্যমান, এখানে লুকানোর কিছু নেই।

বিভাগীয় কমিশনার আরও বলেন, কৃষকদের জন্য ফসল উৎপাদনের জন্য যতটুকু সার প্রয়োজন, সরকারের কাছে তার পর্যাপ্ত মজুত রয়েছে। তাই কৃষকদের তিনি গুজবে কান না দিতে এবং আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপিল বিভাগে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


আপিল বিভাগে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

 

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ, সুপ্রিম কোর্ট বারের সভাপতি সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যের পর এজলাস ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগে।

 

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে হঠাৎ করেই মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, "জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।" এই মন্তব্য শুনে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। এ সময় পাল্টাপাল্টি কথোপকথনের ফলে পুরো আপিল বিভাগ এজলাস ছেড়ে চলে যায়।

 

পরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, "সকালে আপিল বিভাগের এক নম্বর আইটেমে একটি মামলায় মহিলা আইনজীবীর ওপর কস্ট (খরচা) দেওয়া হয়েছে। পাঁচ লাখ টাকা জরিমানা।" ১৩ নম্বর মামলা (আইটেম) শেষ হওয়ার পর তিনি প্রধান বিচারপতিকে বিনয়ের সঙ্গে বলেন, "আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আপিল বিভাগে মামলা খুব একটা হচ্ছে না। আইনজীবীদের ইনকাম কমে গেছে।"

 

তিনি আরও বলেন, "একজন জুনিয়র আইনজীবীকে পাঁচ লাখ টাকা কষ্ট দেওয়া অনেক বেশি হয়ে গেছে। তাকে মাফ করে দেন।" তখন প্রধান বিচারপতি বলেন, "আমি প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের ইনকাম কমে গেছে?" তিনি তখন বলেন, "ইনকাম ওই সেন্সে কমে গেছে... আমি বোঝাতে চেয়েছি, আগে আপিল বিভাগে ১১ জন বিচারপতি ছিলেন। তিনটি বেঞ্চ ছিল। এখন একটি বেঞ্চ।"

"একটি মামলা স্টে হলে সেখানে শুনানি করতে পারছি না। এমনকি চেম্বার জজে স্টে করছে, এটা হিয়ারিং করতে এক বছর লাগে।" মাহবুব উদ্দিন খোকন বলেন, "সেখানে কেন কোনো মেনশন করা যায় না? কেন এই মামলাটা উপরে ছিল (কজলিস্টে), নিচে গেলে কেন মেনশন করা যায় না? যেহেতু একটি বেঞ্চ, মানুষ দীর্ঘদিন থেকে ন্যায়বিচার পাচ্ছে না, মামলা শুনানি করতে পারছে না। মামলা হলে আইনজীবীদের ইনকাম হবে। কম হোক, বেশি হোক। আমি খুব বিনয়ের সঙ্গে বললাম। আমি চিন্তা করিনি যে উনি এত রিঅ্যাক্ট করবেন। ওনারা তো রাগ-অভিমানের ঊর্ধ্বে বিচার করার কথা। আর আইনজীবীদের প্রতিনিধি হিসেবে আমার অবলিগেশন আছে। ওনার কাছে আইনজীবীদের পক্ষে আবেদন করার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন করতে যাচ্ছেন। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধের জন্য এই তিন মাসের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।

 

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলার জন্য আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একটি সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রমের সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় পর্যায়ের কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

উপ-প্রেস সচিব জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে।

 

প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে— এমন স্থান চিহ্নিত করা এবং মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা নিয়মিতভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ফেসবুকে ক্ষোভ পরীমনির

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


ইতালিতে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ফেসবুকে ক্ষোভ পরীমনির

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান।

 

আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে অবস্থানকালে এক ভিডিওবার্তায় তার ওপর হামলার অভিযোগ করেছেন। বাঁধন জানান, সেখানে কয়েকজন ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন, শারীরিকভাবে আঘাত করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ও ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপক চর্চা ও বিতর্ক শুরু হয়েছে।

 

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে প্রকাশিত খবরটি শেয়ার করে পরীমনি কড়া প্রতিক্রিয়া জানান। স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।’ পরবর্তীতে আরেকটি পোস্টে পরীমনি মন্তব্য করেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না।

 

করেও নাই।’ এ নিয়ে শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%