প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে পুলিশ প্রায় ১২ ঘণ্টা পর মুক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় হস্তান্তর করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ কর্মকর্তার নিরাপত্তার জন্য তাঁদের থানায় রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের থানায় রাখা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ জানান, আগের দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব ছিল। সে অনুযায়ী তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাতের বেলা নিরাপত্তার স্বার্থে তাঁদের থানায় রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে তাঁদের থানা থেকে ফিরিয়ে আনা হয়েছে। পরে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে পাঁচ কর্মকর্তার সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে বলে জানান প্রক্টর। তিনি বলেন, তাঁদের সাময়িক বহিষ্কারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত বা অন্য কোনো প্রয়োজনে প্রশাসন তাঁদের হাজির হতে বললে প্রত্যেককে উপস্থিত থাকতে হবে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সাময়িক বহিষ্কার করে। রাত সাড়ে ৩টার দিকে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন