০১:২২ পি.এম
শাল্লা উপজেলায় কৃষকদের জন্য সরকারি সহায়তার লক্ষ্যে প্রস্তুত করা ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যার পানিতে শিকার হওয়া কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে দুর্নীতি, স্বজনপ্রীতি ও উৎকোচ গ্রহণের অভিযোগ এনে স্থানীয় কৃষক ও এলাকাবাসী বিক্ষোভে সামিল হয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুরে ২ নম্বর হাবিবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুব্রত দাসের নেতৃত্বে ক্ষুব্ধ কৃষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে রওনা হন। পথে তাদের মিছিল হাবিবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তি ও অকৃষকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রকৃত ভুক্তভোগীরা সরকারি সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন: সফটওয়্যার ও সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়াতে রাবিপ্রবি-জাইকা বৈঠক
স্থানীয়দের অভিযোগের তীর ২ নম্বর হাবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু মেম্বারের দিকে। তারা দাবি করেছেন, তালিকা প্রস্তুতের সময়ে যোগ্য কৃষকদের উপেক্ষা করে নিজের নির্বাচিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, ৪ নম্বর শাল্লা ইউনিয়নের সদস্য আব্দুল হাই মেম্বারের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। তবে তিনি এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ বিষয়ে অভিযুক্ত বাবলু মেম্বার জানিয়েছেন, “সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এজন্য একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, “যদি কোনো প্রকৃত কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়ে থাকে কিংবা অযোগ্য কেউ তালিকাভুক্ত হয়ে থাকেন, তাহলে লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এখনও তালিকা সংশোধনের সুযোগ রয়েছে।”
আরও পড়ুন: নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে ২০ লাখ টাকার অনুদান দিলেন এমপি জাহাঙ্গীর আলম
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ভুক্তভোগীদের চিহ্নিত করে তালিকা চূড়ান্ত করা এবং সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করা হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন