ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫শ ফুট পাইপ ধ্বংস


ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫শ ফুট পাইপ ধ্বংস

ফেনী, ২৫ নভেম্বর, ২০২৬ : ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ৫শ ফুট পাইপ ধ্বংস করেছে। ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের মুন্সিপাড়ায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বালু উত্তোলন চক্রের সদস্যরা পালিয়ে যায়।

আজ বুধবার দুপুরে, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপান্বিতা দেবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি সম্পন্ন করে। আদালত ফেনী নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলমান ছিল বলে দেখতে পায়। এ সময় প্রায় ৫শ ফুট পাইপ জব্দ করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপান্বিতা দেবী বাসসকে জানান, "অবৈধভাবে বালু উত্তোলন কাজের প্রায় ৫শ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।" তিনি আরও বলেন, "বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।"

আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ২ হাজার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রস্তাবে চীনের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রস্তাবে চীনের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের উপর সর্বাধিক ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। তবে কিছু নির্দিষ্ট পণ্যের জন্য এ শুল্কের হার ১০ শতাংশ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের উদ্যোগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বেইজিং এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, "অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বা ওভারক্যাপাসিটির অভিযোগ একটি মিথ্যা বিষয়।" তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহারের বিরোধিতা করেন।

এছাড়া, তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু পণ্য বাদে চীনের অন্যান্য পণ্যে সর্বাধিক ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাসংক্রান্ত ৩০১ ধারার তদন্তের আওতায় কার্যকর শুল্ক বাদ দিয়ে এ হার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া, প্রস্তাবের সংযুক্তি ‘এ’-তে চিহ্নিত পণ্যের ক্ষেত্রে সর্বাধিক ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে সংযুক্তি ‘বি’-তে তালিকাভুক্ত কিছু নির্দিষ্ট পণ্য এ শুল্ক থেকে অব্যাহতি পেতে পারে। এসব পণ্য যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বোর্ডের ‘৩০-ফর-৩০’ তালিকায় রয়েছে, যেখানে কম শুল্ক সুবিধার জন্য বিভিন্ন পণ্যের সুপারিশ করা হয়েছে।

ইউএসটিআর জানিয়েছে, নতুন শুল্কের প্রস্তাব তৈরির ক্ষেত্রে ২০২৫ সালের ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে কুয়ালালামপুরে হওয়া যৌথ সমঝোতার অঙ্গীকার এবং ২০ শতাংশ শুল্কের ঘোষণাও বিবেচনায় নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক অক্সফোর্ড শিক্ষকের দাবি, মানুষের গড় আয়ু ১৪০০ বছর হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


সাবেক অক্সফোর্ড শিক্ষকের দাবি, মানুষের গড় আয়ু ১৪০০ বছর হতে পারে

মানুষ ১ হাজার ৪০০ বছর পর্যন্ত বাঁচতে পারে বলে দাবি করেছেন সুইডিশ দার্শনিক এবং যুক্তরাজ্যের প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নিক বোস্ট্রম। এই চাঞ্চল্যকর বক্তব্যটি সম্প্রতি এনডিটিভি দ্বারা প্রকাশিত হয়েছে।

একটি পডকাস্টে ‘সুপারইন্টেলিজেন্ট এআই’-এর সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘যদি আমাদের বার্ধক্য না আসত, তবে গড় আয়ু কেমন হতে পারত তা ভেবে দেখুন—এটি ১ হাজার ২০০, কিংবা ১ হাজার ৪০০ বছরের কাছাকাছি কিছু একটা হতো।’

এখন পর্যন্ত রেকর্ডকৃত ইতিহাসে বেঁচে থাকা সবচেয়ে বয়স্ক মানুষের চেয়ে এই সংখ্যা ১১ গুণেরও বেশি। ইতিহাসে স্বীকৃত সবচেয়ে দীর্ঘায়ু মানুষ ছিলেন ফরাসি নারী জাঁ কালমঁ, যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মৃত্যুবরণ করেন।

১ হাজার ৪০০ বছর কেন?

চলতি বছর প্রকাশিত বোস্ট্রমের ‘অপটিমাল টাইমিং ফর সুপারইন্টেলিজেন্স’ শীর্ষক গবেষণাপত্রে এই ধারণার তাত্ত্বিক ভিত্তি তুলে ধরা হয়েছে।

গাণিতিকভাবে এই ধারণার মূল বক্তব্য হলো, যদি বিজ্ঞানীরা বার্ধক্যের জৈবিক প্রক্রিয়াটি বন্ধ করতে সক্ষম হন, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর ঝুঁকি যেভাবে তীব্রভাবে বেড়ে যায়, মানুষ আর সেই ঝুঁকির মুখোমুখি হবে না। বোস্ট্রম তার গবেষণায় উন্নত দেশগুলোর ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ তরুণদের বার্ষিক মৃত্যুহার ব্যবহার করেছেন, যা তার মতে প্রায় ০ দশমিক ০৫ থেকে ০ দশমিক ০৮ শতাংশ।

তিনি ০ দশমিক ০৭ শতাংশ হারটিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। যদি একজন মানুষের সারা জীবন মৃত্যুঝুঁকির এই হার অপরিবর্তিত থাকে, তবে তার সম্ভাব্য অবশিষ্ট আয়ু হবে প্রায় ১ হাজার ৪০০ বছর।

তবে এটি একটি কাল্পনিক পরিস্থিতির ওপর ভিত্তি করে করা গাণিতিক বিশ্লেষণ মাত্র। এখানে ধরা হয়েছে যে বার্ধক্য রোধ করা গেছে এবং বার্ষিক মৃত্যুর ঝুঁকি অত্যন্ত কম রয়েছে। এর মানে এই নয় যে মানুষ দুর্ঘটনা, সহিংসতা বা অন্যান্য কারণে মৃত্যুর হাত থেকে সুরক্ষিত থাকবে।

বোস্ট্রমের মূল যুক্তি হলো, সুপারইনটেলিজেন্ট এআই জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান এবং বার্ধক্য প্রতিরোধী গবেষণার গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

তার গবেষণাপত্রে এমন একটি ভবিষ্যতের কল্পনা করা হয়েছে, যেখানে এআই বিজ্ঞানীদের নিম্নোক্ত কাজগুলোতে সহায়তা করতে পারে—

বর্তমানে নিরাময় করা কঠিন বা অসম্ভব এমন রোগের চিকিৎসা উদ্ভাবন।

বয়সজনিত কারণে কোষ ও টিস্যুর ক্ষতি সারিয়ে তোলা।

ক্ষতিগ্রস্ত অঙ্গপ্রত্যঙ্গ ও অস্থিসন্ধি পুনরুদ্ধার করা।

ক্যানসারের আরও নিখুঁত চিকিৎসা পদ্ধতি তৈরি করা।

আলঝেইমারের মতো স্নায়বিক অবক্ষয়জনিত রোগ মোকাবিলা করা।

গবেষণাপত্রে তিনি বলেন, ‘জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিকে অভাবনীয়ভাবে ত্বরান্বিত করতে সক্ষম হবে সুপারইন্টেলিজেন্স। কল্পনা করুন, রোগীর মস্তিষ্কে হারিয়ে যাওয়া নিউরন পুনরায় তৈরি করার মাধ্যমে আলঝেইমার রোগ নিরাময় করা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, টঙ্গীর বিসিকে যুবদল নেতা জুয়েলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

টগী,প্রতিনিধি:ফারুক হোসেন

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, টঙ্গীর বিসিকে যুবদল নেতা জুয়েলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরির পানির ট্যাংকিসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান রেজার নির্দেশনায় এবং মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বেপারী মো. জুয়েল রানার নেতৃত্বে নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সম্রাট উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চলছে। বুধবারও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয়। নতুন মজুরি কাঠামোতে ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে অস্থিরতা ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব বশির মাদবর, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাপ্পি মির্জা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মাসুদ খান, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফয়সাল বেপারী, জাতীয়তাবাদী প্রজন্ম দলের গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক বিএম সিকদার, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সদস্য আক্তারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে শ্রমিকদের দাবিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে সড়ক অবরোধ, ভাঙচুর, সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। বক্তারা আরও বলেন, শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিক, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান রেজার নির্দেশনায় তাঁরা রাজপথে সক্রিয় রয়েছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবৃদ্ধি প্রফেশনাল গলফে রাজু পাঁচ শটে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


প্রবৃদ্ধি প্রফেশনাল গলফে রাজু পাঁচ শটে এগিয়ে

প্রবৃদ্ধি প্রফেশনাল গলফ টুর্নামেন্ট ২০২৬-এর তৃতীয় রাউন্ড শেষে লিডারবোর্ডের শীর্ষে অবস্থান করছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মো. রাজু। জলসিঁড়ি গলফ ক্লাবে বুধবার তিনি ৮ আন্ডার পারে ৬৪ স্কোর অর্জন করেন, যা দিনের সেরা রাউন্ড হিসেবে বিবেচিত হয়েছে। এই রাউন্ডের পর তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে পাঁচ শট এগিয়ে রয়েছেন।

বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টের আয়োজন করছে, এবং পৃষ্ঠপোষকতা করছে প্রবৃদ্ধি। চার দিনের এই টুর্নামেন্ট ২৩ নভেম্বর শুরু হয়েছে, এবং চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর।

প্রথম রাউন্ডে রাজুর স্কোর ছিল ৭৪, দ্বিতীয় রাউন্ডে তিনি ৬৮ খেলেছিলেন। তিন রাউন্ডের শেষে তার মোট স্কোর এখন ২০৬, যা ১০ আন্ডার পার। দ্বিতীয় রাউন্ড শেষে তিনি শীর্ষস্থান থেকে পাঁচ শট পিছিয়ে ছিলেন, কিন্তু একটি রাউন্ডে সেই ঘাটতি পূরণ করে এখন উল্টো পাঁচ শটে এগিয়ে রয়েছেন। তৃতীয় রাউন্ডে অন্য কোনো গলফার ৬৯-এর নিচে স্কোর করতে সক্ষম হননি।

মো. দুলাল হোসেন ও বাদল হোসেন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। দুজনের মোট স্কোর ২১১ (৫ আন্ডার)। আকর্ষণীয় বিষয় হলো, তিন রাউন্ডে তাদের স্কোর একেবারে একই—৭২, ৭০ ও ৬৯। ধারাবাহিক এই পারফরম্যান্সের কারণে তারা শেষ দিনেও শিরোপার জন্য প্রতিযোগিতায় রয়েছেন।

দ্বিতীয় রাউন্ড শেষে ৭ আন্ডার পার নিয়ে শীর্ষে ছিলেন আকবর হোসেন। তিনি প্রথম দুই রাউন্ডে ৭০ ও ৬৭ খেলেছিলেন। তবে তৃতীয় রাউন্ডে ৭৫ খেলে তিনি চতুর্থ স্থানে নেমে গেছেন, যার মোট স্কোর ২১২ (৪ আন্ডার), রাজুর থেকে ছয় শট পিছনে।

এশিয়ান ট্যুরে দুবার শিরোপা জেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান তৃতীয় রাউন্ডে ৭০ স্কোর করেছেন। তার মোট স্কোর ২১৩ (৩ আন্ডার), যা তাকে পঞ্চম স্থানে নিয়ে গেছে। মো. সম্রাট শিকদার ষষ্ঠ স্থানে রয়েছেন ২১৫ (১ আন্ডার) স্কোর নিয়ে।

জামাল হোসেন ২১৬ স্কোর নিয়ে, অর্থাৎ ইভেন পারে, সপ্তম স্থানে রয়েছেন। মো. সজীব আলী ২১৭ (১ ওভার) স্কোর নিয়ে অষ্টম স্থানে আছেন। ২১৮ (২ ওভার) স্কোর নিয়ে যৌথভাবে নবম স্থানে রয়েছেন তিনজন—মো. লিটন হাওলাদার, মো. শাহজামাল ও মো. মুয়াজ।

তৃতীয় রাউন্ড শেষে রাজু মন্তব্য করেন, ‘তৃতীয় রাউন্ড শেষে লিডারবোর্ডের শীর্ষে উঠে খুবই ভালো লাগছে। আজ আমি ৮ আন্ডার খেলেছি। আগামীকাল লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। আমার পরিকল্পনা হোল বাই হোল টার্গেট করে খেলা। আমি মাথা ঠান্ডা রেখে খেলতে চাই। আমার বিশ্বাস, ভালো কিছু হবে।’

দ্বিতীয় রাউন্ড শেষে কাট পেরিয়ে ৪৪ জন গলফার তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পান। এর মধ্যে মো. নুরুজ্জামান ও মো. ফরহাদ তৃতীয় রাউন্ডের মাঝপথে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। মো. মুসা অসুস্থতার কারণে এবং লি জং সো চোটের কারণে তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে পারেননি।

শেষ দিনে পাঁচ শটের লিড ধরে রেখে রাজু শিরোপা ধরে রাখতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। তবে জলসিঁড়ির কোর্সে একটি ভালো রাউন্ডে লিডারবোর্ড বদলে যেতে পারে, যা তৃতীয় দিনে রাজু নিজেই প্রমাণ করেছেন। দ্বিতীয় স্থানে থাকা দুলাল ও বাদল এবং চতুর্থ স্থানে থাকা আকবর এখনো শিরোপার দৌড়ে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%