প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের পণ্য রপ্তানি আয় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৫ হাজার ৪৪ কোটি ২৯ লাখ ডলারে পৌঁছেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই আয় ছিল ৫ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ ডলার। এক বছরের ব্যবধানে মোট রপ্তানি আয় ৩ কোটি ২৬ লাখ ডলার বা ০.১ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
খাত-সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, ‘দেশের রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল হওয়ায়, এ খাতে সামান্য নেতিবাচক প্রবৃদ্ধিও সামগ্রিক রপ্তানি আয়ে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, জ্বালানি ও পরিবহন ব্যয় এবং ক্রেতাদের চাহিদার পরিবর্তন রপ্তানি খাতের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ ও সেবা খাতের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। নতুন বাজার অনুসন্ধান ও পণ্যের বহুমুখীকরণ ছাড়া রপ্তানি আয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হবে।’
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পণ্য রপ্তানি আয় কমলেও সেবা খাতের রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। তবে সেবা খাতের প্রবৃদ্ধি পণ্য রপ্তানির নেতিবাচক পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৩২০ কোটি ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৪ হাজার ৩৫৫ কোটি ৯৩ লাখ ডলার। ফলে পণ্য রপ্তানি আয় ৩৫ কোটি ৯৩ লাখ ডলার বা ০.৮ শতাংশ কমেছে।
অন্যদিকে, সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭২৪ কোটি ২৯ লাখ ডলার, যা আগের অর্থবছরের ৬৯১ কোটি ৬২ লাখ ডলারের তুলনায় ৩২ কোটি ৬৭ লাখ ডলার বেশি। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.৭ শতাংশ।
প্রতিবেদনে দেখা যায়, মোট রপ্তানি আয়ের ৮৫.৬৪ শতাংশ এসেছে পণ্য খাত থেকে। সেবা খাতের অবদান ১৪.৩৬ শতাংশ। আগের অর্থবছরে পণ্য খাতের অবদান ছিল ৮৬.৩০ শতাংশ এবং সেবা খাতের অবদান ছিল ১৩.৭০ শতাংশ। অর্থাৎ, মোট রপ্তানি আয়ে সেবা খাতের অংশ কিছুটা বেড়েছে।
তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। পণ্য রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় খাত তৈরি পোশাক। ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছে ৩ হাজার ৬৫৬ কোটি ৩৩ লাখ ডলার। আগের অর্থবছরে আয় হয়েছিল ৩ হাজার ৭২১ কোটি ৮০ লাখ ডলার। ফলে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৮ শতাংশ কমেছে।
দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮৪.৬ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২ হাজার ৯ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৬৪৭ কোটি ৩ লাখ ডলার। এ খাতেও আয় কমেছে ১.৫ শতাংশ।
তবে তৈরি পোশাকের বাইরে বেশ কয়েকটি পণ্যের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১২৬ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয় হয়েছে ৮৭ কোটি ৭৯ লাখ ডলার, বেড়েছে ৩.৯ শতাংশ।
এ ছাড়া মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৯ কোটি ৪ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০.২ শতাংশ। কৃষিজাত ও উদ্ভিজ্জ পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৩ কোটি ৭৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৩৮.১ শতাংশ বেশি। ওষুধ রপ্তানি আয় ২২ কোটি ৭৪ লাখ ডলারে পৌঁছেছে, বেড়েছে ৫.৪ শতাংশ।
অন্যদিকে, হোম টেক্সটাইল রপ্তানি আয় কমে ৪৫ কোটি ১৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। এ খাতে কমেছে ০.৫ শতাংশ। হস্তশিল্প রপ্তানি আয়ও ১৩.৪ শতাংশ কমে ৩ কোটি ৪১ লাখ ডলারে নেমেছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের শীর্ষ রপ্তানি বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৮০৫ কোটি ২৪ লাখ ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৭৮০ কোটি ৩২ লাখ ডলার। এক বছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় বেড়েছে ৩.২ শতাংশ। মোট পণ্য রপ্তানিতে দেশটির অংশ ১৮.৬ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে রপ্তানি আয় হয়েছে ৪৫৫ কোটি ৭৩ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১০.১ শতাংশ কম। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে রপ্তানি আয় হয়েছে ৪৩৮ কোটি ৩০ লাখ ডলার। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে ২.১ শতাংশ।
এ ছাড়া স্পেনে রপ্তানি আয় হয়েছে ৩৪৮ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় বেড়েছে। ফ্রান্সে ২১৬ কোটি ৫ লাখ, নেদারল্যান্ডসে ২১৩ কোটি ৯০ লাখ, পোল্যান্ডে ১৮৪ কোটি ৪৯ লাখ এবং ভারতে ১৬৮ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
সেবা রপ্তানিতে পরিবহন ও ভ্রমণ খাতের অবদান বৃদ্ধি পেয়েছে। পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি থাকলেও সেবা খাতে আয় বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সেবা রপ্তানি থেকে আয় হয়েছে ৭০৩ কোটি ৪২ লাখ ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ৬৭৫ কোটি ৩৩ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪.২ শতাংশ।
সেবা রপ্তানির মধ্যে পরিবহন খাত থেকে সর্বোচ্চ ১৪৫ কোটি ৬৩ লাখ ডলার আয় হয়েছে। আগের বছরের তুলনায় এ খাতে আয় বেড়েছে ১.৪ শতাংশ। অন্যান্য ব্যবসায়িক সেবা থেকে আয় হয়েছে ১২২ কোটি ২৩ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১.৯ শতাংশ কম। টেলিযোগাযোগ, কম্পিউটার ও তথ্যসেবা থেকে আয় হয়েছে ৭৪ কোটি ৬৬ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.২ শতাংশ। ভ্রমণ খাত থেকে আয় হয়েছে ৫৪ কোটি ৩৪ লাখ ডলার, বেড়েছে ১৯.৬ শতাংশ। নির্মাণসেবা থেকে আয় হয়েছে ৪২ কোটি ৪৮ লাখ ডলার, প্রবৃদ্ধি ২৭.৩ শতাংশ।
এ ছাড়া অন্যদের মালিকানাধীন উপকরণ ব্যবহার করে উৎপাদনসেবা থেকে আয় হয়েছে ৮৪ কোটি ৮ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি ১৫.৯ শতাংশ। তবে আর্থিক সেবা থেকে আয় ১৩.৬ শতাংশ কমে ১৬ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। সেবা রপ্তানির বাজার হিসাবেও যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। দেশটি থেকে সেবা খাতে আয় এসেছে ১০৬ কোটি ৭৫ লাখ ডলার। এরপর রয়েছে হংকং, সিঙ্গাপুর ও চীন।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএফ) সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী ইনকিলাবকে বলেছেন, ‘‘দেশের রপ্তানি আয়ে সামগ্রিকভাবে নেতিবাচক প্রবৃদ্ধি না থাকলেও পণ্য রপ্তানিতে আয় কমে যাওয়া উদ্বেগের বিষয়। বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের রপ্তানি খাতকে ঝুঁকির মধ্যে রাখছে। সেবা খাতে আয় বাড়লেও তা পণ্য রপ্তানির আয়ের ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে চামড়া, পাট, কৃষি পণ্য, ওষুধ ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা রপ্তানিতে নীতিগত সহায়তা বাড়ানো প্রয়োজন।’’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন