০৭:২৭ পি.এম
ডিজিটাল এবং অনলাইন সেবার যুগে এসেও হাতে লেখা ‘ম্যানুয়াল’ রশিদের আড়ালে সরকারি রাজস্ব আত্মসাতের একটি অভিনব সিন্ডিকেট গড়ে তুলেছেন সাভার উপজেলার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেন। ২০২৫-২৬ অর্থবছর থেকে শুরু করে চলতি ২০২৬-২৭ অর্থবছরেও উন্নয়ন প্রকল্পের নামে ভুয়া বিল-ভাউচার এবং শিল্পকারখানার হোল্ডিং ট্যাক্সের লাখ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে উঠে এসেছে।
ইউপি সচিবের এই অনিয়মের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন মিরাজ মিয়া ও আনোয়ার হোসেন নামের দুই বহিরাগত ব্যক্তি। ইউনিয়ন পরিষদের কোনো বৈধ কর্মচারী না হয়েও, সচিবের পাশেই চেয়ার-টেবিল বসিয়ে দাপ্তরিক কাজ ও গুরুত্বপূর্ণ নথি গায়েব করার অভিযোগ উঠেছে মিরাজের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে আরএফকিউ প্রকল্পের আওতায় ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার খলিল প্রধানের বাড়ি থেকে পূর্ব দিকের রাস্তার ড্রেন নির্মাণের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো ড্রেন নির্মাণ করা হয়নি। কাজ না করেই ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রকল্পের পুরো ৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ইউপি সচিব মোঃ আফজাল হোসেন।
আরও পড়ুন: আজ জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন
সরকারি নিয়ম অনুযায়ী হোল্ডিং ট্যাক্স অনলাইন সিস্টেমে আদায় ও জমা দেওয়ার কথা থাকলেও, সচিব আফজাল হোসেন ম্যানুয়াল পদ্ধতি বেছে নিয়েছেন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হাতে লেখা রশিদ ধরিয়ে দিলেও, সরকারি অনলাইন সার্ভারে সেই টাকার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
নথিপত্র যাচাই করে ২০২৫-২৬ অর্থবছরের চারটি বড় কারখানার ট্যাক্স জালিয়াতির সুনির্দিষ্ট তথ্য মিলেছে। ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড (নরসিংহপুর): ২০২৫-২৬ অর্থবছরে ভিন্টেজ গার্মেন্টস লিমিটেড থেকে ২ লাখ ৪০ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করে হাতে লেখা রশিদ দেওয়া হয়। তবে অনলাইনে এই প্রতিষ্ঠানের নামে কোনো ট্যাক্স জমার তথ্য পাওয়া যায়নি।
হলিউড গার্মেন্টস থেকে ২ লাখ ১০ হাজার টাকা আদায় করে ম্যানুয়াল রশিদ দেওয়া হলেও, অনলাইনে মাত্র ১০ হাজার টাকা জমা দেখানো হয়েছে। বাকি ২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ইসলাম গার্মেন্টস লিমিটেড থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা আদায় করা হলেও, অনলাইনে এর কোনো নথি নেই। দি রোজ ড্রেসেস লিমিটেড থেকে ৩ লাখ ২৭ হাজার ২৫৫ টাকা হোল্ডিং ট্যাক্স নেওয়া হলেও, সরকারি অনলাইন সার্ভারে এই অর্থের কোনো হদিস মেলেনি।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রগুলোর দাবি, শুধু গত অর্থবছরেই নয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরেও একই কায়দায় হাতে লেখা রশিদ দিয়ে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ অব্যাহত রেখেছেন এই সচিব। ইউপি সচিব আফজাল হোসেনের এই দুর্নীতির মূল কারিগর হিসেবে কাজ করছেন তার তথাকথিত ব্যক্তিগত সহকারী মিরাজ মিয়া এবং সহযোগী আনোয়ার হোসেন। ইউনিয়ন পরিষদের নথিপত্রে মিরাজ মিয়ার কোনো নিয়োগ বা পদবি না থাকলেও, সচিব তাকে নিজের কক্ষেই আলাদা চেয়ার-টেবিল বসিয়ে দিয়েছেন। অভিযোগ রয়েছে, দুর্নীতির প্রমাণ আড়াল করতে মিরাজ পরিষদের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলেছেন।
আরও পড়ুন: সরকার ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে
এখানেই শেষ নয়, ক্ষমতার অপব্যবহার করে মিরাজ মিয়া তার ফুফাতো ভাই মোঃ মঈন উদ্দিনকে অবৈধ প্রক্রিয়ায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (মহল্লাদার) হিসেবে নিয়োগ পাইয়ে দিয়েছেন বলেও স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ রয়েছে।
এদিকে সচিবের স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দীর্ঘদিনের উদ্যোক্তা মোঃ সাদ্দাম মোল্লা। কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ বা অভিযোগ ছাড়াই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই শূন্য পদে নিয়মবহির্ভূতভাবে নিজের ব্যক্তিগত সহকারী মিরাজ মিয়াকে বসিয়ে দিয়েছেন সচিব আফজাল হোসেন।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সাদ্দাম মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি দীর্ঘ ১৪ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে এই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে জনগণকে সেবা দিয়ে আসছি। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই ইউপি সচিব তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে আমার পদ থেকে সরিয়ে দিয়েছেন। সেখানে নিজের লোক বসিয়ে তিনি অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন।"
এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ইয়ারপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটস অ্যাপে খুদেবার্তা পাঠালেও তিনি তার কোন জবাব দেননি।
আরও পড়ুন: নার্সিং ও মিডওয়াইফারিকে বৈশ্বিক কর্মসংস্থানের খাতে নেওয়া হবে : জিয়াউদ্দিন হায়দার
স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের দাবি, ইয়ারপুর ইউনিয়ন পরিষদে চলমান এই লুটপাট ও নথি গায়েবের ঘটনা দ্রুত নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপে অডিট বা তদন্ত পরিচালনা করলে আরও ভয়াবহ দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে বলে মনে করছেন এলাকাবাসী।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুর রহমান বলেন, প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন