প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাল্যবিবাহ কেবল কন্যাশিশুর জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে তোলে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার বিশেষ বিধান বাল্যবিবাহ প্রতিরোধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক, এমন মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি উল্লেখ করেন যে, এই ধারার অপব্যবহারের ফলে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং এর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ কার্যালয় আয়োজিত বাল্যবিবাহ আইন সংস্কারবিষয়ক গণমাধ্যম সংলাপে তিনি এসব কথা বলেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারায় যুক্তিসংগত কারণ দেখিয়ে মা-বাবা কিংবা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ের সুযোগ রাখা হয়েছে। এই বিশেষ বিধানটি বাল্যবিবাহ প্রতিরোধের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। আইনের এই দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং বিধানটির অপব্যবহার হচ্ছে। তাই ১৯ ধারা সংশোধন করা জরুরি।
তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে বাল্যবিবাহের হার নিয়ে তথ্য গোপন ও বিভ্রান্তি তৈরি করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া বাল্যবিবাহের তথ্যও সঠিক ছিল না বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ওই সময়ে জন্ম ও মৃত্যুহার সম্পর্কিত তথ্যেও বিবিএস ভুল তথ্য দিয়েছে।
২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করার তথ্য নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, সরকারি প্রকাশনায় দেওয়া জনসংখ্যার এই তথ্য নিয়ে মানুষের মধ্যে হাসাহাসি হয়েছিল। এখনো দেশের প্রকৃত জনসংখ্যা এবং বাল্যবিবাহের হার কত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। আরও বক্তব্য দেন সংস্থাটির যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এবং যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ, যা প্রশ্নের জন্ম দেয়। তবে দেশে বাল্যবিবাহের ঘটনা ঘটছে, এটি বাস্তবতা। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে থাকা সিলেট বিভাগের অভিজ্ঞতা পিছিয়ে থাকা রাজশাহী ও খুলনা বিভাগে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বাল্যবিবাহের জন্য নাবালকদের দায়ী করার বিধান বাতিল করা উচিত। একই সঙ্গে বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধনের উদ্যোগ নিতে হবে।
সংলাপের অন্যান্য বক্তারা জানান, বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে এখনো বাল্যবিবাহের শিকার হচ্ছে। এর ফলে কিশোরী গর্ভধারণ বাড়ছে এবং তাদের জীবনের সম্ভাবনা ও সুযোগ সীমিত হয়ে পড়ছে। এ পরিস্থিতির পরিবর্তনে জনসচেতনতা সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন