মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩৩ পি.এম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছাত্রদলের নেতাকর্মীরা হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার রাত ১১ টার দিকে বাকৃবির ইয়াসিন মার্কেটের কাছে রেললাইনে আগুন দেয়ার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ সময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং পরে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো আতিকুর রহমান, সদস্য সচিব মো শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতৃবৃন্দ মন্তব্য করেন, "স্বৈরাচারের দোষররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনও তা বরদাস্ত করবে না।" তারা আরও জানান, "আজকে যারা বাকৃবিতে আগুন দেয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলিশে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।"
ঘটনার বিষয়ে বাকৃবির সহকারি প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, "আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো মন্তব্য করেছেন যে, দেশটির সুপারমার্কেটগুলোর শত শত রেফ্রিজারেটরে সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে প্যারিস কোনো পদক্ষেপ বাদ দিচ্ছে না। ফ্রান্স গত অক্টোবরের ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র।
মঙ্গলবার ফ্রান্সইনফো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বারো জানিয়েছেন, এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হবে। পাশাপাশি, ইউরোপীয় পর্যায়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগও গ্রহণ করবে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই, আমরা কোনো কিছুই বাদ দিচ্ছি না। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আমরা যেসব পদক্ষেপকে প্রয়োজনীয় বলে মনে করব, তার সবই নেওয়া হবে। এর মধ্যে এমন কিছু ব্যবস্থাও থাকতে পারে, যা আমরা প্রকাশ্যে জানাব না।’
বারোর এই বক্তব্যে পরিষ্কার হয়েছে যে, সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়টিও ফ্রান্সের বিবেচনায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন পাঁচ মুসলিম নারী, যাঁরা হিজাব পরিধান করেন। তাঁদের মধ্যে চারজন অঙ্গরাজ্যের সিনেটর এবং একজন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের নির্বাচনি ইতিহাসে একসঙ্গে পাঁচ হিজাবি মুসলিম নারীর এই বিজয়কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সাফল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী বক্তব্য, বিদ্বেষ ও হুমকি বৃদ্ধির অভিযোগের মধ্যে এই বিজয় বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক ও সামাজিক নানা প্রতিকূলতা সত্ত্বেও মুসলিম নারীদের এমন সাফল্য দেশটির নির্বাচনি রাজনীতিতে তাঁদের ক্রমবর্ধমান প্রভাবেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে জয়ী পাঁচ নারীই ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার রাজনীতিক। তাঁদের মধ্যে জর্জিয়া থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন রুয়া রোমান। তিনি এর আগে জর্জিয়ার আইনসভায় প্রথম হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফিলিস্তিনপন্থি ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন রুয়া রোমান। সে সময় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার দাবি উঠলেও দলীয় নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে। জেরুজালেমে জন্ম নেওয়া রুয়া রোমানকেই ওই সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল।
নিউইয়র্ক থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসা এই রাজনীতিক আগে থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের পেছনে রয়েছে পরিবারের সংগ্রাম ও অভিবাসনসংক্রান্ত তিক্ত অভিজ্ঞতা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মুসলিমদের ওপর নজরদারি ও ধরপাকড় শুরু হলে অভিবাসন কর্তৃপক্ষ তাঁর অনথিভুক্ত অভিবাসী বাবাকে গ্রেপ্তার করে। প্রায় তিন বছর আটক থাকার পর তাঁকে জর্ডানে ফেরত পাঠানো হয়। বাবার আটকের সময় মায়ের সঙ্গে কারাগারের কাচের দেয়ালের ওপাশ থেকে তাঁর সঙ্গে কথা বলার স্মৃতি এখনো কাওয়াসের মনে গভীরভাবে দাগ কেটে আছে।
অন্যদিকে ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নাবিলা সৈয়দ। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। ২০২২ সালে একটি শূন্য আসনে মনোনয়ন পেয়ে প্রথমবার অঙ্গরাজ্য আইনসভায় প্রবেশ করেন নাবিলা। স্বাস্থ্যসেবায় সবার সমান সুযোগ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো তাঁর রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম।
কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া মেরিয়াম খান। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি এ বিজয় অর্জন করেন। ২০২২ সাল থেকে অঙ্গরাজ্য আইনসভায় দায়িত্ব পালন করা মেরিয়াম বিশেষ শিক্ষা, বিচার বিভাগ ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। চলতি বছরের শুরুতে কর্মস্থলের টেবিলে পাকিস্তানের একটি ছোট পতাকা রাখাকে কেন্দ্র করে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েন তিনি। জবাবে মেরিয়াম নিজের পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তুলে ধরে বলেন, নিজস্ব শিকড় ও ঐতিহ্য নিয়ে গর্ব করা যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের পরিপন্থী নয়।
পাঁচ নারীর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইলহান ওমর। মিনেসোটা থেকে পঞ্চমবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম চার মুসলিমের একজন ছিলেন ইলহান। একই সঙ্গে তিনি ছিলেন মার্কিন কংগ্রেসে প্রথম হিজাব পরিহিত নারী সদস্য। সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর শরণার্থী হিসেবে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পরবর্তী সময়ে ১৭ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তবে রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় ধরেই তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের সমালোচনা এবং আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে আসছেন।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পাঁচ হিজাবি মুসলিম নারীর এই বিজয় দেশটির রাজনীতিতে মুসলিম নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা। রাজনৈতিক মতপার্থক্য, সামাজিক বিদ্বেষ ও নানা প্রতিকূলতার মধ্যেও তাঁদের এই সাফল্য বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে প্রতিনিধিত্বের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিনিয়র সহসভাপতি রয়েছেন। এই গ্রেপ্তারির ঘটনা বিভিন্ন মামলার সাথে সম্পর্কিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের সূত্র অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান আসামি মো. মুকবুল হোসেন (৫৫), যিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নোয়াগাঁও ইউনিয়নের সিনিয়র সহসভাপতি।
অন্য আসামিরা হলেন- সন্ত্রাসবিরোধী মামলায় মো. মোমেন ও মো. আকাশ বিশ্বাস, বৈষম্যবিরোধী মামলায় রিফাত হাসান, মাদক মামলায় মো. জাহিদুল ইসলাম ও রুবেল, এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ওহিদ ও সানি।
ওসি আব্দুল বারিক জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই ধরনের বিশেষ অভিযান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে প্রাণীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিনা মূল্যে র্যাবিস টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ও হলের ৪০টির বেশি পোষা বিড়ালকে টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের (এসডব্লিউআই) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক কামাল উদ্দীন বলেন, "পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ব্যতিক্রমী। শুরুতে ধারণা ছিল না, ক্যাম্পাসে এত শিক্ষার্থী বিড়াল লালন-পালন করেন। বিড়ালও জীববৈচিত্র্যের অংশ। মানুষের অধিকারের পাশাপাশি প্রাণী ও উদ্ভিদের অধিকার নিয়েও কাজ করা প্রয়োজন।"
তিনি আরও বলেন, "শুধু বিড়ালের সুরক্ষা নয়, তাদের মালিক ও ক্যাম্পাসের অন্য বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষাও গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সব পোষা বিড়ালকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, "অল্প সময়ের মধ্যে সংগঠনটি শিক্ষার্থীবান্ধব, পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। পোষা প্রাণীর টিকাদানও তেমন একটি উদ্যোগ। অনেকের কাছে পোষা প্রাণী পরিবারের সদস্যের মতো। তাদের অসুস্থতা মালিকদেরও মানসিকভাবে কষ্ট দেয়। তাই প্রাণীর শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।" তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংগঠনটির অ্যানিমেল ওয়েলফেয়ার প্রকল্পের প্রধান ও কর্মসূচির আয়োজক জনি সাহা জানান, "ক্যাম্পাসে বাসা ও হলে যেসব শিক্ষার্থী বিড়াল পালন করেন, তাঁদের পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ৪০টির বেশি বিড়ালকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পুরো ক্যাম্পাসের পোষা প্রাণীকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"
কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনমোল আমিরা বলেন, "ক্যাম্পাসে পোষা প্রাণীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পশুপাখি ভালোবাসেন এবং পোষা প্রাণীর যত্ন নেন। তবে তাদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ও সহযোগিতামূলক মনোভাব খুব বেশি দেখা যায় না।" তিনি জানান, নিজের বিড়ালকে টিকা দিতে এসে আয়োজকদের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন।
একই কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্যামল বড়ুয়া বলেন, "বিশ্ববিদ্যালয়ে পোষা প্রাণীদের টিকাদানের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁর বিড়ালটি কিছুটা ভয় পেলেও আয়োজকদের সহযোগিতায় শেষ পর্যন্ত সফলভাবে টিকা দেওয়া সম্ভব হয়েছে। প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।" পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কর্মসূচি আয়োজনের প্রত্যাশা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ