প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বর্পরাজপুর গ্রামটি কৃষিপণ্য উৎপাদনের জন্য পূর্ব থেকেই পরিচিত। যশোরের চৌগাছা উপজেলার এই গ্রামে প্রচলিত ধান, সবজি, ফল ফসল সবসময় ভালো জন্মে। তবে এবার গ্রামটি নতুন এক কারণে পরিচিতি লাভ করেছে।
স্বর্পরাজপুরে অর্কিড পরিবারের একমাত্র ভোজ্য ফল ভ্যানিলা বিনস উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। রান্না, বেকিং কিংবা সুগন্ধি তৈরিতে বিশ্বজুড়ে ভ্যানিলা বিনসের চাহিদা রয়েছে। অবসরপ্রাপ্ত সেনাসদস্য সরোয়ার হোসেন দেশের মাটিতে এই মূল্যবান ও দুষ্প্রাপ্য ফসল ফলিয়ে সফলতা অর্জন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের বাসিন্দা সরোয়ার কর্মজীবনে সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সুবাদে বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান। ইন্দোনেশিয়ায় ভ্রমণের সময় তিনি সেখানে ভ্যানিলার চাষের পদ্ধতি দেখেন। কৃষকদের মাধ্যমে ভ্যানিলার গুরুত্ব শুনে তার আগ্রহ জন্মায়। সেখান থেকে তিনি ভ্যানিলা বিনসের কাটিং সংগ্রহ করেন।
দেশে ফিরে এসে তিনি পাঁচ শতাংশ জমিতে ভ্যানিলার কাটিং রোপণ করেন। আধো ছায়া ও আধো আলো মেহগনি গাছের পাশে এই কাটিং লাগান। সেখানে ছায়াঘেরা আম গাছও রয়েছে। কাটিং থেকে চারা গজানোর পর নিবিড় পরিচর্যা ও ধৈর্যের পরীক্ষা শুরু হয়। অবশেষে তিন বছর পর ভ্যানিলাতে ফল আসতে শুরু করে। তিনি প্রথমবারের মতো প্রায় ১০ কেজি ভ্যানিলা সংগ্রহ করেছেন।
সরোয়ারের দাবি, যশোর অঞ্চলে তিনিই প্রথম ভ্যানিলা বিনসের চাষ করেছেন। শুধু যশোর নয়, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের মধ্যেও তিনি একমাত্র ব্যক্তি, যিনি এই ফসল ফলিয়েছেন। ইতোমধ্যে গাছ থেকে ফল তুলে তা প্রক্রিয়াজাত করার কাজও শুরু করেছেন। তার সাফল্য দেখে আশপাশের অনেক কৃষক নতুন এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন।
চাষের অভিজ্ঞতা তুলে ধরে সরোয়ার জানান, ভ্যানিলা বিনস মূলত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায়। তিনি উল্লেখ করেন, সাধারণত ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ ফসলের জন্য উপযোগী।
সরোয়ারের ভাষায়, সরাসরি কড়া রোদের বদলে ৫০ থেকে ৬০ শতাংশ ছায়াযুক্ত পরিবেশে গাছ সতেজ থাকে এবং ফলনও ভালো দেয়। তিনি বলেন, ভ্যানিলা চাষ কিছুটা শৌখিন ও পরিশ্রমসাধ্য। তবে দেশে এই চাষ করা সম্ভব। কৃষকরা আন্তরিক হলে তারাও সফল হবেন।
সরোয়ার বলেন, দেশ ও আন্তর্জাতিক বাজারে ভ্যানিলার যথেষ্ট চাহিদা রয়েছে। প্রক্রিয়াজাত করার পর মান ভেদে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরিতে ভ্যানিলা বিক্রি হয়, যার প্রতি কেজির দাম আট হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত উঠতে পারে।
এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির প্রতি কেজি ভ্যানিলার দাম ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা; ‘বি’ ক্যাটাগরির ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ভ্যানিলা বিনস আট হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি সম্ভব। তিনি জানান, তার ক্ষেত থেকে সংগৃহীত ভ্যানিলা সবই এ ক্যাটাগরি মানের হবে।
স্থানীয় কৃষি অধিদপ্তর সরোয়ারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। ইতিমধ্যে তার ভ্যানিলার চাষের খবর সংশ্লিষ্ট বিভাগ পর্যন্ত পৌঁছে গেছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি যশোর জেলার মধ্যে সরোয়ার হোসেনই প্রথম ভ্যানিলা বিনসের চাষ করেছেন। এটি অত্যন্ত সুগন্ধিযুক্ত প্রাকৃতিক মশলা, যা অর্কিড জাতীয় গাছের ফল ভ্যানিলা বিন থেকে পাওয়া যায়।
মুশাব্বির হুসাইন আরো বলেন, মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে সুগন্ধি তৈরিতে ভ্যানিলা বিনসের ব্যাপক ব্যবহার রয়েছে। বিশেষ করে কেক, বিস্কুট, আইসক্রিম, দই, পুডিংসহ বিভিন্ন খাবার ও পানীয় দ্রব্যে এটি ব্যবহার করা হয়।
ভ্যানিলা চাষি সরোয়ার হোসেনের ক্ষেত পরিদর্শন করেছেন জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, কৃষি বিভাগ এ নিয়ে ভাবতে শুরু করেছে। একইসঙ্গে এই চাষ কিভাবে বাণিজ্যিকভাবে শুরু করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন