প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অ্যানথ্রপিকের শেয়ার বাজারে রেকর্ড অভিষেক প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মীকে রাতারাতি মিলিয়নিয়ার বানিয়ে দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা ছিল ৫ হাজার ৩০০ জন। অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভূক্তির পর এদের মধ্যে ৫ হাজার ১০০ জন মিলিয়নিয়ার হিসেবে পরিচিতি পেয়েছেন। মাত্র ৫ বছর বয়সী একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের এই রকেট গতির উত্থান অনেকের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রাইভেট কোম্পানির শেয়ারের হিসাব রাখা প্রতিষ্ঠান 'হিল ডট কম'-এর তথ্যমতে, অ্যানথ্রপিক তাদের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-তে প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণ করার পর প্রায় ৬০০ জন কর্মী শত মিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন, যাদের প্রত্যেকের শেয়ারের মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি। প্রতিষ্ঠানটির ভেতরে 'অ্যান্টস' নামে পরিচিত কর্মীদের মধ্যে আরো ২ হাজার ২০০ জনের শেয়ারের মূল্য ১০ মিলিয়ন ডলারের ওপরে পৌঁছেছে। বাকি কর্মীদের মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জন কর্মী অন্তত ১ মিলিয়ন ডলারের বেশি মূল্যের শেয়ারের মালিক হয়েছেন। সব মিলিয়ে, প্রতিষ্ঠানটির ৯৬ শতাংশ কর্মীই কমপক্ষে মিলিয়ন ডলারের মালিক হয়েছেন।
বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিল ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসন বলেন, "এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এটি কত দ্রুত ঘটেছে।" অ্যানথ্রপিকে কর্মীদের চাকরি ছাড়ার হার খুবই কম উল্লেখ করে তিনি আরো বলেন, "বেশ কিছুদিন ধরেই এটি স্পষ্ট ছিল যে অ্যানথ্রপিক একটি রকেটের গতিতে এগোচ্ছে, তাই এটি নিশ্চিতভাবেই কর্মীদের প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া থেকে নিরুৎসাহিত করেছে। কারণ তারা জানতেন চাকরি ছাড়লে কী বিশাল সুযোগ হাতছাড়া হবে।"
সিলিকন ভ্যালির স্টার্টআপগুলোর জন্য কর্মীদের বেতন ও কোম্পানির শেয়ারের সমন্বয়ে পারিশ্রমিক দেওয়া অস্বাভাবিক কিছু নয়। ভবিষ্যতে কোম্পানি বিক্রি হয়ে যাওয়া বা শেয়ার বাজারে আসার প্রতিশ্রুতি কর্মীদের কঠোর পরিশ্রম করতে এবং সেই কাঙ্ক্ষিত দিনটি আসা পর্যন্ত প্রতিষ্ঠানে টিকে থাকতে অনুপ্রাণিত করে। তবে অ্যানথ্রপিকের মতো এত দ্রুত বা এত বড় পরিসরে খুব কম স্টার্টআপই বেড়ে উঠেছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটির কর্মী সংখ্যা ২০২৪ সালের শেষ নাগাদও ১ হাজারের কম ছিল।
অধিকাংশ টেক স্টার্টআপের মতো এখানেও আর্থিক লাভের ক্ষেত্রে পদমর্যাদার চেয়ে আগে যোগ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বেনসন। তিনি বলেন, "আপনি হয়তো প্রতিষ্ঠানের অনেক নিচের দিকের পদে ছিলেন, কিন্তু আপনি যদি ২০২৩ বা ২০২৪ সালে যোগ দিয়ে থাকেন, তবে চলতি বছরের শুরুর দিকে যোগ দেওয়া কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়েও আপনার আর্থিক প্রাপ্তি অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।"
অন্যদিকে, স্পেসএক্স গত জুনে তাদের সাড়াজাগানো আইপিও-র আগে দুই দশকেরও বেশি সময় ধরে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে পরিচালিত হয়েছে। শেয়ারবাজারে স্পেসএক্স’এর তালিকাভূক্তি প্রতিষ্ঠানটির ২২ হাজার কর্মীর মধ্যে প্রায় ৪ হাজার ৪০০ জনকে মিলিয়নিয়ার বানিয়েছিল। শেয়ারবাজার থেকে ৭৫ মিলিয়ন ডলার তুলে রেকর্ড গড়েছিল স্পেসএক্স। মাত্র ৫ মাসে সেই রেকর্ড ভেঙে ৮১ মিলিয়ন ডলার তুলে নতুন রেকর্ড গড়েছে অ্যানথ্রপিক।
লেনদেনের প্রথম দিনেই প্রতিষ্ঠাতা নন এমন অভ্যন্তরীণ কর্মীদের শেয়ার বিক্রি করে নগদ অর্থ তুলে নেওয়ার সুযোগ দেওয়ার ক্ষেত্রেও অ্যানথ্রপিকের আইপিও অনন্য। অধিকাংশ আইপিও-তে কর্মীদের জন্য সাধারণত তিন থেকে ছয় মাসের একটি 'লকআপ' সময়সীমা থাকে, যে সময়ের মধ্যে তারা শেয়ার বিক্রি করতে পারেন না। কিন্তু অ্যানথ্রপিকের তালিকাভুক্তিতে একটি জটিল ও ধাপে ধাপে কার্যকর হওয়া লকআপ সূচি রাখা হয়েছে, যা প্রতিষ্ঠাতা নন এমন কর্মীদের শেয়ার লেনদেন শুরু হওয়ার সাথে সাথেই তাদের শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রি করার সুযোগ দিয়েছে। তবে বৃহস্পতিবার ঠিক কতজন কর্মী এই সুযোগ নিয়েছেন তা জানা যায়নি।
এছাড়া স্পেসএক্সের কর্মীরা টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাজুড়ে ছড়িয়ে থাকলেও, অ্যানথ্রপিক এককভাবে সান ফ্রান্সিসকো শহরকেন্দ্রিক; যে শহরের পুরো অর্থনীতিই প্রযুক্তি খাতের হঠাৎ ফুলেফেঁপে ওঠা সম্পদের কারণে বদলে গেছে। নতুন করে তৈরি হওয়া এই বিপুল সংখ্যক মিলিয়নিয়ারের কারণে সান ফ্রান্সিসকোর আবাসন বাজারে শিগগিরই বড় ধরনের চাপ তৈরি হতে পারে, যেখানে বাড়ির দাম ইতোমধ্যেই গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রেডফিনের তথ্যমতে, অক্টোবরে সেখানে একটি সাধারণ বাড়ির বিক্রয়মূল্য ছিল ১৭ লাখ ডলার, যা এক বছর আগের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। এর বিপরীতে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরসের তথ্য অনুযায়ী, একই সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে বাড়ির গড় দাম প্রায় অপরিবর্তিত থেকে ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলারে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন