ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএমইউতে রোবটিক সার্জারির ওপর কন্টিনিউয়িং মেডিকেল অ্যাডুকেশন অনুষ্ঠিত


বিএমইউতে রোবটিক সার্জারির ওপর কন্টিনিউয়িং মেডিকেল অ্যাডুকেশন অনুষ্ঠিত

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারির ওপর একটি কন্টিনিউয়িং মেডিকেল অ্যাডুকেশন (সিএমই) অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ সিএমই অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. কালাইআরসান রাজা। তিনি রোবটিক সার্জারির মৌলিক বিষয় থেকে শুরু করে উন্নত প্রযুক্তি ও প্রয়োগ-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে ‘বেসিক টু অ্যাডভান্স’ শীর্ষক আলোচনা করেন।

আরও পড়ুন: সাদিক কায়েম ও মুসাদ্দিকের পর এবার আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন

বিএমইউর নার্সিং অনুষদের ডিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মনির হোসেন খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সিএমইতে বিএমইউর জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি ও কলোরেক্টাল সার্জারি বিভাগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সার্জন ও রেসিডেন্ট চিকিৎসকরা অংশ নেন।

আলোচনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব খান, অধ্যাপক ডা. আতিয়ার রহমান, অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরী, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস ও হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিনসহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এ সময় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোবটিক সার্জারির বিভিন্ন কারিগরি ও চিকিৎসাগত দিক নিয়ে ডা. কালাইআরসান রাজার কাছে প্রশ্ন করেন এবং তার কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা ও মতামত নেন।

আরও পড়ুন: রিজভী: দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

গাজীপুর জেলার শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার ভোরে তাঁদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

মিছিলের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা আব্দুল জলিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কীভাবে এ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক সূত্র জানায়, বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সকাল ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরের ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তার উড়াল সেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয় এবং পরে তা উড়াল সেতুর দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ পথসভায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আব্দুল জলিল এই ঘন কুয়াশা উপেক্ষা করে কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান। আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার ভোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রীপুরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।

অপরদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এ পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, বর্তমানে গাজীপুর জেলার শ্রীপুরে আওয়ামী লীগ ব্যাপকভাবে সংগঠিত হচ্ছে।

ভোর ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এই বিক্ষোভ মিছিল ও পথসভার বিষয়টি জানতে পারল না, অথবা জানার পর তাঁদের ভূমিকা কী হওয়া উচিত ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পথসভা ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে একাধিক মামলা থাকলেও শ্রীপুর থানা পুলিশ তাঁদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার প্রাণ গেল

সাতক্ষীরার শ্যামনগরে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাকের চাপায় আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। এই ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বাবার এমন মৃত্যুতে ছেলের বিয়ের আনন্দঘন আয়োজনের মধ্যে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকেলে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায়।

নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলা সদরের গোডাউন মোড় এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর পুরোনো বাড়ি উপজেলার জয়নগর গাজীবাড়ি এলাকায় অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের সঙ্গে মোটরসাইকেলে ভেটখালী এলাকায় যাচ্ছিলেন। পেচোর মোড় এলাকায় পৌঁছালে ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় যুবক হত্যা, প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় যুবক হত্যা, প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে পাওনা টাকা চাওয়ার কারণে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডে রূপান্তরিত হবে।

এছাড়া, মামলার অন্য দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ডের দণ্ড দেওয়া হয়েছে। তবে চার জন আসামি অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম শেখ রুম্মান হোসেন, যিনি নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সুমনা বেগম ও সাদিয়া ইসলাম, যাদেরকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সুপারি বিক্রির পাওনা টাকা পরিশোধের জন্য সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে অপু নিখোঁজ হন।

নিখোঁজ হওয়ার তিন দিন পর রুম্মানের নির্মীয়মাণ বসতঘরের পাশে একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়।

পরে নিহত অপুর বোন সুমাইয়া আক্তার নেছারাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত প্রধান আসামি রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে অপর দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড এবং চার আসামিকে খালাস দেওয়া হয়।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল কালাম আকন এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, "এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের অস্থিতিশীলতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


দেশের অস্থিতিশীলতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যে চক্রান্ত চলছে, তা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে যে সুযোগ তৈরি হয়েছে, একটি গোষ্ঠী তা বিনষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে এবং দেশকে আবার অন্ধকার যুগে টেনে নিতে চায়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম করে অধিকার আদায় করেছে। সংগ্রামের মধ্যদিয়েই দেশের মানুষ সব চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হবে। তিনি সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে উল্লেখ করে বলেন, ঐক্যের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে।

রাষ্ট্রপতি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য নিদর্শন অভিহিত করে বলেন, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে এবং সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। কঠিন চীবর দানের মতো ধর্মীয় আয়োজনের মধ্যদিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে দৃষ্টান্ত স্থাপিত হয়, তা ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।

রাষ্ট্রপতি বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের পবিত্র দেহভস্ম ও হস্তলিপি বাংলাদেশে ফিরিয়ে এনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন, যা এই ধর্মরাজিক বৌদ্ধবিহারেই সংরক্ষিত আছে।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমায় ছুটি, বৌদ্ধ ধর্মীয় শিক্ষক নিয়োগ ও তীর্থভ্রমণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তিনি বলেন, বৌদ্ধ বিহার সংস্কারে আর্থিক অনুদান, ভিক্ষুদের সম্মানি ভাতা ও শিশুদের প্রাক-প্রাথমিক ধর্মীয় শিক্ষা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো দেখভালের জন্য প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী হিসেবে বিজনকান্তি সরকারকে নিয়োগ দিয়ে রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%