ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুর সীমান্তে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার শুরু


শেরপুর সীমান্তে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার শুরু

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং সীমান্ত অপরাধ প্রবণতা প্রতিরোধের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করার উদ্দেশ্যে সীমান্ত ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) এবং ড্রোন ক্যামেরা। পাশাপাশি স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা।

ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি: সভাপতি পলাশ, সম্পাদক তাহের

মহড়ায় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি এবং এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নুরুল আজিম বায়েজীদ দৈনিক ইনকিলাবকে বলেন, "সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা ও সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আমরা আশাবাদী।"

আরও পড়ুন: বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হলেন সরদার এম জাহাঙ্গীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা সালাহউদ্দিন আম্মারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা সালাহউদ্দিন আম্মারের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রাবি সংস্কার আন্দোলনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাকসু আদায়ের জন্য আমরা প্রথমে স্মারকলিপি দিয়েছি। ছাত্রশিবির তাদের জায়গা থেকে মানববন্ধন করেছে। এরপর আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি। এখন আমরা অবস্থান কর্মসূচিতে যাব। পরবর্তীতে হার্ডলাইনে যাওয়া লাগলে সেটাও যাব। আগামীকাল থেকে প্রশাসন ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। পরবর্তী ধাপে যাওয়ার প্রয়োজন হলে সেটিও করব।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আজ আমাদের সঙ্গে মঞ্চ ২৪ একাত্মতা পোষণ করেছে। আমরা চাই, রাকসু চায় এমন প্রতিটি ক্রিয়াশীল সংগঠন আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করুক।’

নিজের অবস্থান তুলে ধরে আম্মার বলেন, ‘রাকসু নির্বাচন না হলে আমার লস নেই, আমার লাভ আছে। কারণ, যতদিন পর্যন্ত রাকসু নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমি বলতে পারব, রাকসুর সর্বশেষ সাধারণ সম্পাদক আমি ছিলাম। কিন্তু আমার নৈতিক দায়িত্ব থেকে আমি রাকসুর জন্য সংগ্রাম করে যাচ্ছি।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি ও আল্টিমেটাম দেয় রাবি সংস্কার আন্দোলন। তবে এখন পর্যন্ত রাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের ঘোষণা

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম নতুন জেমস বন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজের পরবর্তী ছবিতে ০০৭ চরিত্রে অভিনয় করবেন ‘দ্য ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতা। এর ফলে ৪০ বছর বয়সী প্যাটিনসন জেমস বন্ড চরিত্রে সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হলেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। তিনি বলেন, “জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান। আমার ওপর আস্থা রাখার জন্য পরিচালক ডেনিস ভিলেনিউভ, প্রযোজক অ্যামি প্যাসকেল, ডেভিড হেম্যান এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

প্যাটিনসন আরো বলেন, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন এই যাত্রা এবং সংশ্লিষ্ট দলের সঙ্গে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

২০২৫ সালে বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া শুরু করে অ্যামাজন এমজিএম স্টুডিওস। চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বাছাই কার্যক্রম। ‘গেম অব থ্রোনস’খ্যাত কাস্টিং পরিচালক নিনা গোল্ডের তত্ত্বাবধানে চলে অভিনেতা নির্বাচনের প্রক্রিয়া।

গত অক্টোবরের শেষ দিকে লন্ডনে পাঁচজন চূড়ান্ত প্রার্থীর স্ক্রিন টেস্ট নেওয়া হয়। এতে অভিনয়, সংলাপ উপস্থাপন, ক্যামেরার সামনে উপস্থিতি এবং অ্যাকশন দৃশ্যে দক্ষতা যাচাই করা হয়। চূড়ান্ত তালিকায় প্যাটিনসনের সঙ্গে ছিলেন নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও’কনর। পরিচালক ডেনিস ভিলেনিউভ এবং প্রযোজক অ্যামি প্যাসকেল ও ডেভিড হেম্যানের সম্মতিতে শেষ পর্যন্ত প্যাটিনসনকে বেছে নেওয়া হয়।

পুরো নিয়োগপ্রক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে সম্পন্ন করা হয়। আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন রোববার সকালে পরিচালক ডেনিস ভিলেনিউভ নিজেই ফোন করে প্যাটিনসনকে তার নির্বাচিত হওয়ার খবর জানান। ঘোষণার সঙ্গে প্রকাশিত একটি বিশেষ টিজার ভিডিওতে বন্ডের চিরচেনা কালো টাক্সিডো পরা অবস্থায় হাতে ওয়ালথার পিপিকে পিস্তল নিয়ে দেখা গেছে প্যাটিনসনকে।

‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্যাটিনসন পরে ‘দ্য ব্যাটম্যান’, ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়জীবনে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।

প্যাটিনসনের আগে দীর্ঘ ১৫ বছর জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ড হিসেবে যাত্রা শুরু করে ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে সেই অধ্যায়ের ইতি টানেন তিনি। এ সময়ে মোট পাঁচটি সিনেমায় ০০৭ চরিত্রে অভিনয় করেন ক্রেগ।

বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে প্যাটিনসনকে। ছবিটির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। নতুন এই বন্ড সিনেমা ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বন্যহাতির তাণ্ডবে কৃষকরা আতঙ্কিত, ক্ষতিপূরণের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


শেরপুরে বন্যহাতির তাণ্ডবে কৃষকরা আতঙ্কিত, ক্ষতিপূরণের আশ্বাস

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কের কারণে স্থানীয় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও, হাতির পালের আক্রমণের ভয়ে তারা পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন। এর ফলে, কৃষকরা একদিকে যেমন কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সীমান্তবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবছরও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে, হাতির দল কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে।

ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে তারা টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালাচ্ছেন। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।

এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানিয়েছেন, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল সাধারণ কৃষকদের দিতে হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ার মাছকারিয়া বিল থেকে অতিথি পাখির শিকারের জন্য ৫ হাজার কৃত্রিম বক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


উখিয়ার মাছকারিয়া বিল থেকে অতিথি পাখির শিকারের জন্য ৫ হাজার কৃত্রিম বক জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে অতিথি পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক এবং তিন হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। অভিযানের সময় আটটি জীবিত বকও উদ্ধার করা হয়েছে, যা ফাঁদে আটকে ছিল।

আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাছকারিয়া বিলে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি উল্লেখ করেন, শীতকালীন অতিথি পাখির আগমনে মাছকারিয়া এলাকার শাপলা বিল এখন পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে। বিভিন্ন প্রজাতির পাখির জলাভূমিতে বিচরণের ফলে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। তবে এই প্রকৃতির সৌন্দর্যের আড়ালে মৌসুমি পাখিশিকারিরা সক্রিয় হয়ে উঠেছে।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত কয়েক দিন ধরে অতিথি পাখির আগমনের কারণে শিকারিরা বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন। এই তথ্য পেয়ে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বন বিভাগ বিশেষ অভিযান চালায়।

তিনি আরও জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাখিশিকারিরা পালিয়ে যান। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিকারের কাজে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক এবং তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। এই সময় পাখি ধরার শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়। আটটি জীবিত বক উদ্ধার করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জব্দ করা কৃত্রিম বক, জাল ও ফাঁদঘরও ধ্বংস করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%