প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যেতে রাজি নয়, যদি না বর্তমান অচলাবস্থা সমাধানের পাশাপাশি ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি প্রতিরোধের নিশ্চয়তা থাকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানিয়েছেন।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন। আরাগচি বলেন, "আজ একটি চুক্তি হলো, অথচ দুই মাস পর তা লঙ্ঘন করে আবার যুদ্ধ শুরু হলো—এমন চুক্তির কোনো অর্থ নেই।"
আরাগচি আরও জানান, গত জুনে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় আবার সংঘাত শুরু হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের যেকোনো চুক্তিতে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকানোর কার্যকর নিশ্চয়তা থাকতে হবে।
তিনি বলেন, "বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যেকোনো চুক্তিই যে গ্রহণ করতে হবে, তা নয়।"
পারমাণবিক আলোচনা প্রসঙ্গে আরাগচি জানান, মধ্যস্থতাকারীরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুত নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, অন্যান্য বিরোধপূর্ণ বিষয় থেকে আলাদা করে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নের সমাধান সম্ভব নয়।
আরাগচি আরও জানান, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আলোচনা কমিটি প্রস্তাবিত চুক্তিগুলো পর্যালোচনা করবে। এরপর কাউন্সিল এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।
ইরানের এ অবস্থান থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান শুধু পারমাণবিক কর্মসূচি বা বর্তমান সংঘাতের অবসান নয়, ভবিষ্যতে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকানোর নিশ্চয়তাকেও চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে। তথ্যসূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন