০৬:০৫ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চয়ন পান্ডে ২০২৬ সালের শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থী সম্মাননা ও শ্রেণিভিত্তিক সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থী সম্মাননা অর্জন করেছে। চয়ন পান্ডে প্রথম শ্রেণি থেকেই মেধাতালিকায় প্রথম স্থান ধরে রেখে ধারাবাহিক সাফল্য পেয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী চয়ন পান্ডের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য মেধাবী ও কৃতী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
সম্মাননা প্রদানকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, চয়ন পান্ডের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এটাই প্রত্যাশা। আগামী বৃত্তি পরীক্ষায় সে যেন বৃত্তি অর্জন করতে পারে, সে জন্য দোয়া করি। তিনি আরও বলেন, এ ধরনের পুরস্কার ও স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করে। এতে তাদের মধ্যে ভালো ফলাফল করার আগ্রহ বাড়ে এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও সম্পৃক্ততা তৈরি হয়।
আরও পড়ুন: মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
চয়নের মা ঝুমা পান্ডে বলেন, বিদ্যালয় থেকে ছেলের এমন সম্মাননা অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত। সামনে তার বৃত্তি পরীক্ষা। এ পরীক্ষায় যেন ছেলে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী চয়ন পান্ডে বলেন, এ সম্মাননা পেয়ে সে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে কালকিনিবাসীসহ দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে সে। পাশাপাশি বাবা-মা এবং ভবিষ্যতে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবে, সেই প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চয়ন।
বিদ্যালয়ের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় একের পর এক চুরি, দুই পানি সরবরাহ পাম্পের মোটর উধাও, আতঙ্কে বাসিন্দারা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন