মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৫ পি.এম
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান এবার বড় স্বীকৃতি অর্জন করেছেন, যা রেকর্ড গড়ার ধারাবাহিকতার একটি অংশ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষ হওয়ার পর তিনি বর্ষসেরা তরুণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র জাতীয় দলের একজন মিডফিল্ডার।
১৭ বছর বয়সী সুলিভান তার প্রথম পূর্ণ মৌসুমে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি মৌসুমে ২৯টি ম্যাচে অংশ নিয়ে ৯টি গোল এবং ১৪টি অ্যাসিস্টসহ মোট ২৩ গোলে অবদান রেখেছেন। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল-অবদান ও অ্যাসিস্টের রেকর্ড বর্তমানে তার দখলে রয়েছে।
এছাড়া, সুলিভান টানা ১০ ম্যাচে গোলের অবদান রেখে লিগের ইতিহাসে কিশোর খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড স্থাপন করেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি গত সেপ্টেম্বরে মাসসেরার পুরস্কারও অর্জন করেন। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই সম্মান লাভ করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
ক্লাবের সাফল্যের ফলে সুলিভান যুক্তরাষ্ট্র জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর তিনি পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে মাঠে নামেন।
জাতীয় দলের হয়ে তিনি আরও তিনটি ম্যাচ খেলেছেন। মেক্সিকোর বিপক্ষে ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি।
ক্লাব এবং জাতীয় দলে এমন সাফল্যের পর সুলিভানকে নিয়ে ফুটবল বিশ্বে প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে, এই প্রতিভাবান মিডফিল্ডার ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পথে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চারটি ইউনিয়নে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন এই ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান ও নোয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ডা. মো. শেখ ছাদেক সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ১৭ নভেম্বর একটি আদেশ জারি করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, নোয়াখালী জেলায় সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
অভিযোগের সূত্রে জানা গেছে, হাতিয়ার তমরদ্দি, হরনী, চানন্দী ও চরকিং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বিশেষ করে তমরদ্দি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত একজনের পিতা সার ডিলার নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। হরনী ইউনিয়নে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এক পল্লী চিকিৎসককে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, চানন্দী ইউনিয়নে মুরগির দোকানকে সারের গুদাম হিসেবে দেখিয়ে ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে। চরকিং ইউনিয়নে গুদামের প্রয়োজনীয় সক্ষমতা না থাকা সত্ত্বেও একজনকে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে করা হয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, কৃষিমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানা গেছে।
তদন্ত কমিটির প্রধান ডা. মো. শেখ ছাদেক জানিয়েছেন, ১৭ নভেম্বর তদন্ত কমিটি গঠনের চিঠি তিনি পেয়েছেন। তবে কমিটির অন্য দুই সদস্য বর্তমানে ছুটিতে আছেন। তারা কর্মস্থলে ফিরলে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে দুটি গণপরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুই চালক নিহত হয়েছেন। এবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন। সোমবার সকালে ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি তৃতীয় যানবাহনও বাসগুলির মধ্যে একটি বাসকে ধাক্কা দেয়।
কলম্বাস পুলিশের তথ্য অনুসারে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের উত্তর অংশে সেন্ট্রাল ওহাইও ট্রানজিট অথরিটির (কোটা) দুটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় তৃতীয় একটি যানবাহন বাসের পেছনে অথবা পাশে ধাক্কা দেয়। কলম্বাস পুলিশের সার্জেন্ট জোসেফ অ্যালবার্ট জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাস সড়কের মাঝের দুটি হলুদ দাগ পার হয়ে বিপরীত দিকের লেনে চলে যায়। এরপর বাসটির সঙ্গে অন্য বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
তিনি আরও জানান, একটি বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। অন্য বাসের চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে সেখানে তার মৃত্যু ঘটে। কোটা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হয়েছে।
অ্যালবার্ট আরো জানান, আহত নয়জনের মধ্যে দুই বাসের যাত্রী এবং তৃতীয় যানবাহনের যাত্রীরা অন্তর্ভুক্ত। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং কারও আঘাত প্রাণঘাতী নয়। এ ঘটনায় কোনো পথচারী আহত হননি। কলম্বাস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট শ্যানন হার্ডিন এবং কাউন্সিলের সদস্য লুর্দেস বারোসো দে পাদিয়া এ দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। লুর্দেস জনসেবা ও পরিবহনবিষয়ক কমিটির প্রধান।
এক বিবৃতিতে তারা জানান, সোমবারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছেন। বিশেষ করে নিহত দুই চালকের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা। বিবৃতিতে আরো বলা হয়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করার পাশাপাশি নিহত ব্যক্তিদেরও মনে রাখতে হবে। ছুটির মৌসুম শুরুর এই সময়ে তাদের পরিবারকে প্রিয়জন হারানোর শোক নিয়ে দিন কাটাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। ভারতীয় মিডিয়া এই অপপ্রচারের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারা দাবি করছে, চীন থেকে জাহাজটি ‘বিস্ফোরক দ্রব্য’ নিয়ে বাংলাদেশে আসছে। তবে, এখনো পর্যন্ত ওই জাহাজের বাংলাদেশের কোনো বন্দরে আসার শিডিউল নেই। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছেও মঙ্গলবার পর্যন্ত ওই জাহাজের বিষয়ে কোনো তথ্য আসেনি। দুই বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এনবিআরের সার্ভারেও এর কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) দাখিল করা হয়নি। ফলে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
জানা যাচ্ছে, জাহাজটি গত ৮ নভেম্বর মোংলা বন্দরে ভেড়ানোর শিডিউল ছিল। তবে ওই বন্দরে জাহাজটি ভেড়ানোর জন্য কোনো শিডিউল দেওয়া হয়নি। তার একদিন আগে, ৭ নভেম্বর, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান সমুদ্রসীমায় টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ জাহাজটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়া এবং রেডিও কলে সাড়া না দেওয়ায় নৌবাহিনী জাহাজটিতে তল্লাশি চালিয়ে তা জব্দ করে। ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনী এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করে। তল্লাশিতে জাহাজটির নিবন্ধন নথিপত্র স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১২ সেপ্টেম্বর চীনের লিয়ানইউনগাং বন্দর ছাড়ার পর প্রায় ১৭ দিনের পথ পাড়ি দিতে জাহাজটির অস্বাভাবিক সময় নেওয়া এবং যাত্রাপথে স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা (এআইএস) বন্ধ রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জাহাজটি বেলাওয়ান নিউ কনটেইনার টার্মিনালে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব ও অভিবাসন বিভাগ যৌথভাবে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করছে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বা প্রাপকের কাছে এই চালানটি যাচ্ছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। অথচ ওই জাহাজকে ঘিরে ভারতীয় মিডিয়া বাংলাদেশবিরোধী নানা অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। বলা হচ্ছে, জাহাজটিতে সোডিয়াম পারক্লোরেট রয়েছে, যা বিস্ফোরক। যদিও বাংলাদেশে তা পোশাকশিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা হয়।
এদিকে, জাহাজটি নিয়ে সংশ্লিষ্ট মহলে রহস্য সৃষ্টি হয়েছে। বেলাওয়ানের সমুদ্রপথ প্রায় ২ হাজার ৮০০ নটিক্যাল মাইল। সাধারণ পণ্যবাহী জাহাজের এই পথ পাড়ি দিতে লাগে সর্বোচ্চ ১৭ দিন। অথচ ৪০৫ টন রাসায়নিক ‘সোডিয়াম পারক্লোরেট’ ও বিপুল সিম কার্ড নিয়ে এমভি স্টার লাইন সময় নিয়েছে পুরো ৫৫ দিন। গত ১২ সেপ্টেম্বর চীন থেকে যাত্রা শুরু করে কমোরোসের পতাকাবাহী এই জাহাজটি। ৬ নভেম্বর পৌঁছায় উত্তর সুমাত্রার বেলাওয়ানে। পরদিন এটি আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। প্রায় দুই মাসের এই দীর্ঘ যাত্রা, ঘোষিত গন্তব্য ও আসলে কোথায় যাচ্ছিল তা জন্ম দিয়েছে কৌতূহল। উঠেছে অনেক প্রশ্ন।
আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ভেসেল ফাইন্ডার ও ম্যাজিকপোর্টের তথ্য বলছে, জাহাজটির এআইএস ট্রান্সপন্ডারে অফিসিয়াল গন্তব্য লেখা ছিল বাংলাদেশের মোংলা বন্দর। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ২০ নভেম্বরের সংবাদ সম্মেলনের পর বিষয়টি সামনে আসে।
তবে, জাহাজটি সরাসরি আসছিল, নাকি মাঝপথে অন্য কোনো দেশে পণ্য সরানোর পরিকল্পনা ছিল—তা এখনো স্পষ্ট নয়। কারণ, মোংলা বন্দরে এই জাহাজের কোনো আগাম ঘোষণা নেই। চট্টগ্রাম বন্দরেও এই জাহাজ আসার আগাম ঘোষণা মেলেনি। ওপেন ওয়াটার্স এআইএসের পুরোনো রেকর্ডে জাহাজ আসার তারিখে অসংগতি মিলেছে। অক্টোবরের শুরুতে জাহাজটির ট্রান্সপন্ডারে মোংলা বন্দরে পৌঁছানোর তারিখ (ইটিএ) ছিল ১৬ অক্টোবর। পরে তা তিন সপ্তাহ পিছিয়ে ৮ নভেম্বর করা হয়। এই তিন সপ্তাহ দেরির কারণ এখনো অজানা। ৫ হাজার ৬৬ টন ধারণক্ষমতা ও ৪.২ মিটার ড্রাফটের এই জেনারেল কার্গো জাহাজ মোংলা চ্যানেলে ঢুকতে সক্ষম। তবে শিপিং বিশ্লেষকদের মতে, চীন থেকে এত দীর্ঘ সমুদ্রপথে সরাসরি ছোট বাল্ক বা জেনারেল কার্গো জাহাজে কনটেইনারভর্তি বিপজ্জনক রাসায়নিক নিয়ে আসা স্বাভাবিক নয়। সাধারণত বড় লাইনার জাহাজে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ফিডার জাহাজে এসব পণ্য বাংলাদেশে আসে। কারণ এসব পণ্য দেশের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত হয়। তা ছাড়াতে সরকারি কঠোর কড়াকড়ি আছে।
শিপিং সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক নজরদারি এড়াতেই কাগজে-কলমে মোংলাকে ‘ডামি’ গন্তব্য দেখিয়ে অন্য কোথাও পণ্য সরানোর ছক ছিল কি না, সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যায় না।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ৯৭ মিটার দীর্ঘ এমভি স্টার লাইনের (আইএমও: ৮৩৫৬৯৬২) গড় গতি ঘণ্টায় ৭ থেকে ১০ নট। এই গতিতে বেলাওয়ানে পৌঁছাতে সর্বোচ্চ আড়াই সপ্তাহ লাগার কথা। কিন্তু মেরিটাইম অপটিমার রেকর্ডে দেখা গেছে, জাহাজটি মাঝপথে সিঙ্গাপুর ইস্টার্ন ওপিএল (আউটার পোর্ট লিমিটস) এলাকায় দীর্ঘ সময় অবস্থান করেছে। আন্তর্জাতিক জার্নাল লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স ও ঝুঁকি বিশ্লেষক সংস্থা উইন্ডওয়ার্ড বলছে, মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরে ‘ডার্ক ফ্লিট’ বা ছায়া জাহাজগুলো নজরদারি এড়াতে অনেক জাহাজ এআইএস বন্ধ রেখে গভীর সাগরে পণ্য অদলবদল করে। সেই সময়ে এমন কিছু ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী (টিএনআই এএল), কম্পাস, কুম্পারান ও ইন্দোনেশিয়া ডিফেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর ১৫টিতে পাওয়া গেছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এটি রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি ৫৪টি প্যালেটে মিলেছে লাখো অনিবন্ধিত খালি ৪জি সিম কার্ড।
তবে বাকি কনটেইনারগুলোতে কী আছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। সেগুলোর ওপর সেখানকার কাস্টমস ও ফরেনসিক পরীক্ষা চলছে।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস ও মালয়েশিয়ার দৈনিক কোসমো জানিয়েছে, চীন থেকে আসার পথে জ্বালানি (বাংকারিং) নেওয়ার কথা বলে নির্ধারিত সমুদ্রপথ ছেড়ে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে অনির্ধারিত যাত্রাবিরতি করে জাহাজটি। নৌবাহিনীর নজরদারিতে জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। ৭ নভেম্বর টহল জাহাজ রেডিও চ্যানেলে যোগাযোগ করলেও এমভি স্টার লাইন জাহাজ সাড়া দেয়নি। পরে নৌসদস্যরা জাহাজে উঠে তল্লাশি চালালে এই রাসায়নিক ধরা পড়ে। এতে জাহাজের বেশ কিছু নিবন্ধন নথি মেয়াদোত্তীর্ণ ও স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া যায় এবং জাহাজটি জব্দ করা হয়। আটকের পর থেকে এমভি স্টার লাইন বেলাওয়ানে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে নোঙর করা আছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোদেরাল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, জাহাজের ক্যাপ্টেন (নাখোদা), নাবিক ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে দেশটির নৌবাহিনী বা গণমাধ্যম এখনো আনুষ্ঠানিকভাবে ক্রুদের মোট সংখ্যা কিংবা তাঁদের নাগরিকত্ব প্রকাশ করেনি। সাধারণত ৫ হাজার টন ধারণক্ষমতার এই শ্রেণির জেনারেল কার্গো জাহাজে ১২ থেকে ১৮ জন নাবিক থাকেন।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব, অভিবাসন বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তদন্তে শুল্ক ফাঁকি, স্থগিত নথিতে জাহাজ চালানো ও বিপজ্জনক পণ্য পরিবহন বিধি লঙ্ঘন প্রমাণিত হলে জাহাজ ও পণ্য রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত হতে পারে। একই সঙ্গে নাবিক ও মালিকপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলার মুখোমুখি করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে বিদেশি নভোচারী হিসেবে প্রথমবারের মতো যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে অংশগ্রহণ করে এই ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। এর মাধ্যমে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে প্রথমবারের মতো চীনা ও বিদেশি নভোচারীদের যৌথ মহাকাশযাত্রা ঘটতে যাচ্ছে।
উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) তিন সদস্যের নভোচারী দলের নাম প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, নভোচারীরা সুস্থ অবস্থায় রয়েছেন এবং উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এই অভিযানে ৪০ বছর বয়সী জিশান আলীর সঙ্গে চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই উপস্থিত থাকবেন। ৫১ বছর বয়সী তাং হংবো মিশন কমান্ডারের দায়িত্ব পালন করবেন। ৩৯ বছর বয়সী উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। পাকিস্তান বিমানবাহিনীর পাইলট জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন।
মহাকাশ স্টেশনে স্বল্পমেয়াদি অবস্থানকালে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে চারটি বৈজ্ঞানিক প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে জিশানের। এসব গবেষণার মধ্যে রয়েছে জীবপ্রযুক্তি ও বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা। এছাড়া আলোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে কক্ষপথে একটি পরীক্ষা পরিচালনার কথাও রয়েছে। গবেষণার পাশাপাশি স্টেশনের দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি।
স্বল্পমেয়াদি মিশন শেষে জিশান শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, এই অভিযানে তাং হংবো তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন। এর ফলে তিনবার এই স্টেশনে যাওয়া প্রথম নভোচারী হিসেবে পরিচিতি পাবেন তিনি। অন্যদিকে, উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করবেন।
চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই যৌথ মহাকাশ অভিযান পরিচালিত হচ্ছে। ২০২১ সাল থেকে চীনের শেনঝৌ মিশনগুলো তিনজন নভোচারীকে ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছে। শেনঝৌ-২৪ অভিযানের মাধ্যমে স্টেশনে থাকা নভোচারীদের সঙ্গে নতুন দলের দায়িত্ব হস্তান্তর বা কক্ষপথে নভোচারী পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই অভিযান অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ২০২৮ সালে চাঁদের পৃষ্ঠে নভোচারী পাঠানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স, এপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ