প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দাবি করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো অর্থ পাচারের ঘটনা ঘটবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজের বিকল্প নেই, এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘কাজ করব, দেশ গড়ব’—এই লক্ষ্য নিয়ে নেতাকর্মীরা বিদেশ থেকে দেশে ফিরেছেন।
শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, অবকাঠামো এবং কর্মসংস্থান—এসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে। তিনি বলেন, শিক্ষার মানের সঙ্গে আপস করা যাবে না। মানসম্পন্ন শিক্ষক, গবেষক ও দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
অর্থ পাচারের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। বর্তমান সরকারের সময় এ ধরনের ঘটনা ঘটবে না। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের অগ্রগতিতে কাজের কোনো বিকল্প নেই। উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষাখাতের সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শিক্ষক নিয়োগের মান নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিসিএস শিক্ষা ক্যাডার এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের মানের পার্থক্য কমাতে হবে। এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাও বিসিএস শিক্ষা ক্যাডারের পরীক্ষার মতো মানসম্পন্ন হওয়া প্রয়োজন। নিয়োগের পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু শিক্ষকের মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
তিনি উল্লেখ করেন, যদি একটি বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষক তৈরি করতে না পারে, তাহলে সেটি ওই প্রতিষ্ঠানের ব্যর্থতা। শিক্ষার মৌলিক ভিত্তি ঠিক থাকলে একজন শিক্ষার্থী যেকোনো ক্ষেত্রে ভালো করতে পারেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মতো বিষয়ে যে ভিত্তি তৈরি হয়, তা পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে।
বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে উপাচার্য, উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব প্রক্রিয়া ও প্রয়োজন বিবেচনায় নিতে হবে।
শিক্ষামন্ত্রী নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদাহরণ তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, একসময় এ বিভাগটি দেশের অন্যতম সেরা ছিল। সেই অবস্থান ধরে রাখতে আধুনিক ল্যাবরেটরি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গবেষণার সুযোগ বাড়াতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিভাগ কীভাবে পরিচালিত হচ্ছে এবং কী ধরনের গবেষণা হচ্ছে, সেসব অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।
এ সময় বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছে আধুনিক ল্যাব, যন্ত্রপাতি এবং গবেষণার জন্য কী ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, সে বিষয়ে পরিকল্পনা চান তিনি। এসব প্রস্তাবনা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি বিভাগের সাবেক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
দক্ষ জনশক্তি তৈরির প্রসঙ্গে এভিয়েশন শিক্ষার সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিশ্বজুড়ে পাইলটের চাহিদা রয়েছে। তবে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে তুলনামূলক কম খরচে এ শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা সম্ভব। এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে শুধু পাইলট প্রশিক্ষণ নয়, বিমানবন্দর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করতে পারলে দেশের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
এ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি লালমনিরহাট সফরে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ধরনের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণার জন্য একটি ল্যাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। কোথায় এবং কী ধরনের ল্যাব স্থাপন করা যায়, তা নিয়ে আলোচনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রসঙ্গও উঠে আসে।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে শিক্ষামন্ত্রী বলেন, রসায়ন বিভাগ তাকে কোনো বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করে সমস্যার সমাধান খুঁজতে শিখিয়েছে। তিনি বলেন, ‘মাইক্রো থিংকিং শিখিয়েছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ভাবনার জগৎকে আরও বেগবান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা পরবর্তী জীবনে কাজে লেগেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষকদের কাছ থেকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার শিক্ষাও পেয়েছেন। হলের ভিপি থাকাকালে শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়ন এবং চাকরিপ্রত্যাশীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। এসব অভিজ্ঞতা তাঁকে পরবর্তী সময়ে বিভিন্ন দায়িত্ব পালনে প্রস্তুত করেছে।
রাজনৈতিক জীবনের নানা বাধা ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, তাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। তবে এসব অভিজ্ঞতাকে শুধু কষ্ট হিসেবে দেখেননি; বরং প্রতিটি পরিস্থিতি থেকে নতুন কিছু জানার ও শেখার চেষ্টা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উচ্চশিক্ষা নিয়ে গবেষণার বিষয়ে আলোচনার স্মৃতিও তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, মালয়েশিয়ায় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় উচ্চশিক্ষা নিয়ে গবেষণার আগ্রহের কথা জানিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী তাঁকে দেশের আর্থসামাজিক ও মানবসম্পদ উন্নয়নের বিষয়টিও গবেষণায় যুক্ত করার পরামর্শ দেন। পরে গবেষণার বিষয় নির্ধারণ করা হয় ‘সোশিও-ইকোনমিক অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’।
শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মানে শুধু একটি পদে অধিষ্ঠিত থাকা নয়, বরং দায়িত্ব অনুযায়ী কাজ করা। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে হবে। দেশের শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। এ সময় রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নকাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন