প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মাঠে পানি জমে থাকায় আমন ধানের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে কৃষকদের ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে দেখতে উপজেলার সাপলেজা ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কৃষি বিভাগের কর্মকর্তা।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) কৃষি উপসহকারী কর্মকর্তা কিশোর কুমার অধিকারী সাপলেজা ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষকদের ধানক্ষেতের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেন।
পরিদর্শনকালে তিনি আগামী রবি মৌসুমে কৃষকদের চাহিদা ও জমির উপযোগিতা অনুযায়ী বিভিন্ন রবিশস্য চাষের পরামর্শ দেন। পাশাপাশি কৃষকদের চাহিদা ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করে সরকারি সহায়তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, মঠবাড়ীয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. সামনুনেছা সুমির নির্দেশনায় কৃষি উপসহকারী কর্মকর্তা কিশোর কুমার অধিকারী মাঠপর্যায়ে পরিদর্শনে যান। পরিদর্শনে পাওয়া ক্ষয়ক্ষতির তথ্য উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন বলেও কৃষকদের আশ্বস্ত করেন তিনি।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতে জমিতে কেটে রাখা আমন ধান, খেসারি ডালসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ফসলি জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এতে চলতি মৌসুমে উৎপাদন ও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় কৃষি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন